পশ্চিমবঙ্গে শুরু হলো মহাকরণ জয়ের মহারণ। সেই সঙ্গে শুরু হয়েছে ‘অগ্নিকন্যা’ মমতার স্বপ্নের দৌড়। গত সোমবার হিমালয়-পাদদেশের দার্জিলিং থেকে শুরু হওয়া মমতার দৌড় শেষ হবে বঙ্গোপসাগর উপকূলের সুন্দরবন হয়ে জঙ্গলমহলে। ১৩ মে তিনি জানবেন এই দৌড়ের ফল।আজকের পশ্চিমবঙ্গের বিরোধী শক্তির আধার হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা কংগ্রেস ভেঙে শুরু করেছিলেন তাঁর নতুন রাজনৈতিক অভিযাত্রা। মমতার দল তৃণমূল কংগ্রেস ক্রমে হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে বামদের দীর্ঘদিনের একাধিপত্যের প্রধান চ্যালেঞ্জ। তাঁর সিপিএম-বিরোধী ‘মহা আন্দোলনের’ লক্ষ্য এবার বামফ্রন্টকে রাজ্যছাড়া করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত, এই দৌড়ে তিনি জিতবেনই। পশ্চিমবঙ্গে নতুন প্রভাত আসবে। জনমত জরিপগুলোর ফলও তাঁর পক্ষে।একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনার জেরে দুই দশক আগে মমতা ঘোষণা দিয়েছিলেন, যেদিন রাজ্যবাসী তাঁকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেবে, কেবল সেদিনই তিনি রাজ্য সচিবালয় মহাকরণে পা দেবেন। তার আগে আর নয়। একটি ঘটনায় ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেত্রী ওই ঘোষণা দিয়েছিলেন। ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হওয়া একটি মূক ও বধির মেয়ের ব্যাপারে প্রতিকার চাইতে মহাকরণে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দরবারে ধরনা দিয়েছিলেন মমতা। তিনি তখন সেখানে শাসক দলের সমর্থকদের হাতে নিগৃহীত হন। মমতা তার পরই ঘোষণা দেন, জনগণের রায় নিয়েই মহাকরণে ঢুকবেন। সেই থেকে তিনি আর পা রাখেননি মহাকরণে। এবার কি তাঁর লাল বাড়িটার সেই চেয়ারে বসার স্বপ্ন সফল হবে?জমি বাঁচাতে মরিয়া কৃষক, পরিবর্তনের জন্য উন্মুখ বুদ্ধিজীবীসহ জনসাধারণের একটি উল্লেখযোগ্য অংশ আর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অনেক ভোটার মমতার প্রধান ভরসা এবার। মমতার স্বপ্ন যদি পূরণ হয়ই, তাতে নিঃসন্দেহে একটি বড় ভূমিকা থাকবে রাজ্যের মুসলিম ভোটের। গত লোকসভা নির্বাচনের আগে থেকে মমতার একটা দুর্নাম ছিল যে তিনি হিন্দু মৌলবাদী রাজনৈতিক দল বিজেপি-ঘেঁষা। একসময় তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক গড়েছিলেনও। একদিন মমতার বোধোদয় হয় যে মূলত উদার ও ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে রাজনীতি করলে সুফল পাওয়া যাবে না। তার পরই বিজেপির সঙ্গ ছেড়ে সংখ্যালঘু মুসলিমদের সমর্থন পেতে নতুন রাজনীতি শুরু করলেন। একে একে সিঙ্গুর ও নন্দীগ্রামে কৃষিজমি অধিগ্রহণবিরোধী আন্দোলনের প্রধান সৈনিক হয়ে উঠলেন তিনি। নন্দীগ্রাম মুসলিম-অধ্যুষিত হওয়ায় মমতা সেখানে ব্যাপক সমর্থন পান। মুসলিম বঞ্চনাকেও হাতিয়ার করেন মমতা। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ মুসলিম। রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ৭০টি মুসলিমপ্রধান। এ ছাড়া আরও ৫৫টি আসন রয়েছে, যেখানে মুসলিমরাই ভোটের নির্ণায়ক শক্তি। কলকাতার বুদ্ধিজীবীদেরও একাংশ মমতার প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। এই বুদ্ধিজীবীরা ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময়ই ‘পরিবর্তন চাই’ স্লোগান তুলে মমতার পাশে এসে দাঁড়ান। এগিয়ে আসেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শুভ প্রসন্ন, সমীর আইচ, কবি জয় গোস্বামী, সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, পরীক্ষিত বালা, নচিকেতা, অভিনেতা তাপস পাল, শতাব্দী রায়, দেবশ্রী, সুপ্রিয়া দেবী, সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ, ব্রাত্য বসু প্রমুখ। সেবারের লোকসভা নির্বাচনে এর ভালো সুফল পায় তৃণমূল। রেলের উন্নয়নও মমতার স্বপ্নের দৌড়ে শক্তি জুগিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী হওয়ার সুবাদে পশ্চিমবঙ্গে রেলের কারখানা, নতুন রেললাইন স্থাপন, পরিকাঠামো উন্নয়ন, নতুন নতুন ট্রেন চালু ইত্যাদি মমতার জনপ্রিয়তা বাড়িয়েছে। সমালোচকেরা অবশ্য বলেন, এর মধ্যে কিছু কিছু বাস্তবোচিত নয়, স্রেফ সস্তা জনপ্রিয়তার জন্য করা।প্রকাশ্যে কখনো স্বীকার না করলেও মমতার এই উত্থানে শঙ্কিত হয়েছিলেন বামফ্রন্টের নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার গড়ার সম্ভাব্যতা নিয়ে তাঁদের নিজেদের মধ্যেই সংশয় সৃষ্টি হয়। ক্ষয়িষ্ণু জনপ্রিয়তার ধারাবাহিকতায় সর্বশেষ পঞ্চায়েত, লোকসভা ও পৌর করপোরেশন—সব নির্বাচনেই ব্যাপক পরাজয় ছিল বামফ্রন্টের এ আশঙ্কার ভিত্তি। কিন্তু ধীরে ধীরে সামলে নেয় বাম জোট। অনেকটা গুছিয়ে নিয়ে তারা বলতে শুরু করে—‘যত গর্জে তত বর্ষে না’। মানুষ ফিরতে শুরু করেছে বামফ্রন্টের দিকে। আসল লড়াইয়ে জয় অত সহজ নয়। বামফ্রন্টের কান্ডারি বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা দেন, এবারও তাঁরাই সরকার গড়তে চলেছেন। বামফ্রন্টের অন্যতম নেতা গৌতম দেব বলেছেন, তাঁরা অন্তত ১৭০-১৮০ আসনে জিততে চলেছেন। বামফ্রন্টের সব আশা যে শেষ হয়ে গেছে তা নয়। কংগ্রেস-তৃণমূল একজোট হয়ে নির্বাচন করলেও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে, যার ফায়দা তুলতে পারে বামফ্রন্ট। আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেস-তৃণমূল জোটের দ্বন্দ্বের ফলে ৬০ জন কংগ্রেস প্রার্থী নির্দল প্রার্থী হওয়ায় ভোট কাটাকাটিতে কিছুটা হলেও লাভবান হতে পারে বামফ্রন্ট। এসব হিসাব-নিকাশ করে বামফ্রন্টের নেতারা জয়ের আশা ছাড়ছেন না। সমীক্ষার ফল নিয়েও অন্তত বাইরে খুব ভাবিত নন তাঁরা। সগর্বে ঘোষণা দিয়েছেন, সমীক্ষা প্রতিবেদন তাঁরা মানেন না। জনগণের ভোটই হবে আসল সমীক্ষা। সেই সমীক্ষায় বামফ্রন্ট এবারও জয়ী হবে।