স্বপ্নের পথে তাঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি বৃত্তি পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ইফফাত আরা মাহফুজ, অয়ন সাহা ও মাসুদুল আলম। তিনজনেরই পড়াশোনা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে। সম্প্রতি তাঁরা নিজেদের স্বপ্ন, অনুপ্রেরণা ও বেড়ে ওঠার কথা জানালেন প্রথম আলোকে। সাক্ষাৎকার নিয়েছেন নিজাম সিদ্দিকী

অয়ন সাহা
অয়ন সাহা

ক্যানসার গবেষণাকেন্দ্র গড়তে চান অয়ন
বিতর্ক, কুইজ কিংবা ক্যাটওয়াক সবকিছুতেই দেখা যেত বলে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছে অয়নের পরিচয় ছিল অলরাউন্ডার। পড়াশোনাতেও ছিলেন সামনের কাতারে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম কলেজের অয়ন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা ফেলোশিপ পেয়েছেন। জাপান সরকারের বৃত্তি নিয়ে ইন্টার্নশিপ করেছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিওলজিকাল সায়েন্স থেকে। জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড এবং আন্তবিশ্ববিদ্যালয় জৈবপ্রযুক্তিভিত্তিক ব্যবসা পরিকল্পনা উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালে অনকোলজি (ক্যানসার) বিষয়ে মাস্টার্স করতে যাচ্ছেন অয়ন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য গবেষণা বৃত্তি লাভ করেছেন। এর আগে তিনি ডায়াবেটিসের জন্য দায়ী বিভিন্ন জিনের মিউটেশন কীভাবে বাংলাদেশের জনগণের মধ্যে ডায়াবেটিসের জন্ম দিচ্ছে, এ বিষয়ে গবেষণা করেছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তা শ্রীশ সাহা ও শিক্ষিকা মমতা রানী সাহার ছেলে অয়ন দেশের মানুষের ওপর ক্যানসার সৃষ্টিকারী জিনের প্রভাব নিয়ে কাজ করতে চান। স্তন ও জরায়ু ক্যানসারের জন্য চট্টগ্রামে ছোট পরিসরে হলেও বিশ্বমানের চিকিৎসা ও গবেষণাকেন্দ্র গড়ার ইচ্ছে আছে অয়নের। অবসরে ছবি তোলা ও গান শোনার ঝোঁক রয়েছে তাঁর।

ইফফাত আরা মাহফুজ
ইফফাত আরা মাহফুজ

ইফফাতের চাওয়া আলোকিত স্বদেশ
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটির কথা এখনো ভুলতে পারেন না ইফফাত। কী হবে নতুন একটি বিষয়ে পড়ে? এ রকম অনিশ্চয়তা ভর করেছিল। কখনো চট্টগ্রামের বাইরে কোথাও যাওয়ার কথা ভাবনায়ও আসেনি। কিন্তু রাঙ্গুনিয়ার সেই মেয়ে মেধার লড়াইয়ে জিতে নিলেন ইউরোপিয়ান ইউনিয়নের ‘ইরাসমাস মুন্দাস স্কলারশিপ’।
যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে এমএসসি করছেন তিনি। বিভাগের অনেক শিক্ষকের কাছে দেশের বাইরে পড়ার গল্প শুনতে শুনতে ইফফাত নিজেও স্বপ্ন দেখতে থাকেন। প্রতিজ্ঞা করেন যত দিন বাইরে যাওয়া হবে না তত দিন বিয়ে করবেন না।
এম মাহফুজুর রহমান ও রোকেয়া রহমানের মেয়ে ইফফাত ছোটবেলা থেকেই মেধার পরিচয় দিয়ে আসছিলেন। রাঙ্গুনিয়া এমএমপি বিদ্যালয়ে ইফফাতের পড়াশোনার শুরু। জুনিয়র মেধাবৃত্তি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পেয়েছেন ফেলোশিপ।
ইফফাত ২০৩০ সালে এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে আজকের তরুণ প্রজন্ম থেকে তৈরি হবে অগণিত বিজ্ঞানী, গণিতবিদ, পদার্থবিদ। যাঁরা সারা পৃথিবীতে আলোড়ন তুলবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

মাসুদুল আলম
মাসুদুল আলম

মাসুদুলের স্বপ্ন আধুনিক জীবপ্রযুক্তি গবেষণাগার
সাহিত্যিক হুমায়ুন আজাদের ভক্ত মাসুদ। তাই সব সময় তাঁর মতো গতানুগতিকতার বাইরে কিছু করার স্বপ্ন দেখতেন। সিদ্ধান্ত নিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটিতে মলিকুলার ও সেলুলার বায়োলজিতে পিএইচডি করছেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস, জাফর ইকবাল আর হুমায়ূন আহমেদের লেখায় যুক্তরাষ্ট্র সম্পর্কে পড়ে দেশটির প্রতি আগ্রহ জন্মে মাসুদুল আলমের। সেই আগ্রহ থেকেই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা জিআরইতে অংশ নেওয়া এবং ভালো ফলাফল করা।
মো. শাহ আলম ও নারগিস বেগমের সন্তান মাসুদ পড়াশোনা করেছেন ইস্পাহানী স্কুলে। এসএসসি, এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। কুমিল্লা বোর্ড থেকে শিক্ষাবৃত্তি, জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ার মেধাবৃত্তি, স্নাতকোত্তর পর্যায়ে গবেষণায় অবদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন।
মাসুদের গবেষণার মূল বিষয় ক্যানসার প্রতিরোধক ওষুধ আবিষ্কার করা। তিনি গাজীপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মতো চট্টগ্রামেও একটি আধুনিক জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণাগার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।