স্বপ্নের পথে দশ কদম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে চলচ্চিত্র পরিচালকেরা
অতিথিদের সঙ্গে চলচ্চিত্র পরিচালকেরা

খণ্ড খণ্ড গল্প। স্বপ্ন, স্বপ্নভঙ্গ, হাসি-কান্না ও উচ্ছ্বাসের কাহিনি। পটভূমি এই প্রিয় চাটগা শহর। রুপালি পর্দায় গল্পগুলো ফ্রেমবন্দী করেছেন এই শহরেরই দশ স্বপ্নবাজ তরুণ। ১৯ জুন ফ্রেমস অব লাইফ নাম দিয়ে তাঁরা শুরু করলেন স্বপ্নের যাত্রা।
বলছিলাম থিয়েটার ইনস্টিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত ১০ তরুণ চলচ্চিত্রনির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনী সম্পর্কে। ফিল্ম মেকার্স গিল্ডের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র এম মন্জুর আলম। অতিথি ছিলেন শিল্পী ঢালী আল মামুন ও কবি কামরুল হাসান। আট থেকে ১২ মিনিট দৈর্ঘ্যের ১০টি চলচ্চিত্র একটানা দেখানো হয় বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটার দুটো অধিবেশনে।
চলচ্চিত্র নির্মাতা, কুশীলব, চিত্রনাট্য লেখক সবাই চট্টগ্রামেরই সন্তান। এক আয়োজনে অনেক নতুন প্রতিভার সঙ্গেও পরিচয় হলো দর্শকের।
আসরের কয়েকটি চলচ্চিত্রের নির্মাণশৈলী বিস্মিত করেছে দর্শকদের। অঞ্জন সরকারের সাড়ে ১২ মিনিট দৈর্ঘ্যের রুম চলচ্চিত্রটি তো সব ছাপিয়ে কবিতা হয়ে উঠল। একজন নিঃসঙ্গকে মানুষের গল্প এটি। তিনি রাতে ঘুমাতে গিয়ে পাশের ঘর থেকে কান্নার শব্দ শুনতে পান। পাশের ঘরে থাকা যুবকটিই কী কান্না করে! এক রাতে এই অনুসন্ধানে বের হয়ে দরজা খুলতেই দেখেন যুবকটি দাঁড়িয়ে আছে তাঁরই দরজায়। যুবকেরও প্রশ্ন—তিনি কাঁদছিলেন কি না!
সিনেমার প্রদর্শনী ও প্রেক্ষাগৃহ নিয়ে সিনেমা প্যারাদিসোর মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু আলমগীর কবির লাইটম্যান নামের মাত্র নয় মিনিট ১১ সেকেন্ডের যে চলচ্চিত্র তৈরি করলেন তা যেন দর্শকশূন্য প্রেক্ষাগৃহের কান্নারই অনুবাদ।
বলতে হয় রফিকুল আনোয়ারের অ্যাডভেঞ্চারের কথা। প্রায় ১৬ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে দেখা যায় পাহাড়ে অভিযানে গিয়ে আহত এক তরুণকে হাসপাতালে ভর্তি করান তাঁর বন্ধুরা। যে অটোরিকশায় হাসপাতালে আসেন তাঁরা, সে অটোরিকশার চালকের প্রশ্ন কেন এই নিছক ঝুঁকি নেওয়া? ঝুঁকিটা যে সঠিক সময়ে এবং দেশের প্রয়োজনে নিতে হয় নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সেটা বুঝিয়ে দেন ৭১ এর সাহসী যোদ্ধা অটোরিকশা চালকটি।
সাড়ে ১৫ মিনিটের টানটান থ্রিলার সিনেমা বানিয়েছেন মোর্শেদ হিমাদ্রি। তাড়া নামের এই চলচ্চিত্রে দেখা যায় বাবার খুনের বদলা নিতে ক্রমিক খুনিতে পরিণত হন এক তরুণ। অ্যাকশন সিনেমার সব উপাদানই আছে এই ছবিতে। ভালো লেগেছে হিন্দোল রায়ের খোলা হওয়া, আবু নঈম মাহাতাব মোর্শেদের সময়, অনিক মিত্রের নুরজাহান ও সুজন ভট্টচার্যের দেয়াল।
তবে ভালো দৃশ্যায়ন সত্ত্বেও মোকাদ্দেম মোর্শেদের লড়াই ভালো লাগেনি। ১৪ মিনিটের এই ছবিটিতে নারীর প্রতি সহিংসতার বিষয়টি বেশ চটুল ঢঙে উপস্থাপন করা হয়েছে। দেহজীবীদের কাহিনি নিয়ে নির্মিত পঙ্কজ চৌধুরীর নগরকন্যাকেও মনে হয়েছে ক্লিশে। ১০টি চলচ্চিত্রগুলোতে মনে রাখার মতো অভিনয় করেছেন দুলাল দাশগুপ্ত, বলরাম কর্মকার, মাহতাব মোর্শেদ, সৈয়দ সাখাওয়াত ও ইমতিয়াজ বর্ষণ।