স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ

ক্যাম্পাসজীবনের লেখা–ছবি শিক্ষার্থীরা পাঠাতে পারেন প্রথম আলোর রোববারের ক্রোড়পত্র ‘স্বপ্ন নিয়ে’তে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন নাহিদা
ছবি: সংগৃহীত

ছোটবেলায় টিভিতে দেখতাম, বিশ্ব অটিজম সচেতনতা দিবসে একটা বিশেষ অনুষ্ঠান হতো। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নাচ, গান কিংবা আবৃত্তি থাকত। অনুষ্ঠানে এই বিশেষ শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ভালো লাগত খুব। আমি সত্যিই মুগ্ধ হয়ে দেখতাম। অনুপ্রেরণা পেতাম। ভাবতাম, ওরা যদি শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা জয় করে দক্ষতার পরিচয় দিতে পারে, আমি কেন পারব না? তাই, পড়ালেখা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ পেতাম আরও।

তখন থেকেই মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল—যখন কর্মক্ষেত্রে প্রবেশ করব, নিজের পায়ে দাঁড়াব, তখন বিশেষ শিশুদের জন্য একটা বিশেষ স্কুল খুলব। এই স্কুলের শিক্ষকদের আগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যেন তাঁরা এই শিশুদের মন বুঝে সেই অনুযায়ী ওদের সহায়তা করতে পারেন।

আমি যেহেতু এখনো শিক্ষার্থী, তাই স্বপ্নপূরণের জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে স্বপ্নের প্রথম পদক্ষেপ হিসেবে একটা সুযোগ আমি পেয়েছি। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে অংশ নেয় বিশেষ শিশুরা। আমি পড়াশোনার পাশাপাশি হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তির প্রশিক্ষক হিসেবে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। সেই সুবাদে আমিও এই শিশুদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ পেয়েছি।

ওদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম, একটু বিশেষ যত্ন নিয়ে শেখালে ওরা খুব সহজে আয়ত্ত করতে পারে। যত প্রতিবন্ধকতাই থাকুক, তাদের ইচ্ছাশক্তি খুব প্রবল। তাই আমার ছোটবেলার স্বপ্নটা আরও ডানা মেলেছে। খুব আগ্রহ নিয়ে এই শিশুদের ক্লাস নিয়েছি যখন, মনে মনে ভাবছিলাম, একদিন সত্যিই আমাদের একটা স্কুল হবে।