স্বপ্নের বাংলাদেশ অর্জন করতে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি—চারটি ক্ষেত্রে চার তরুণ লিখছেন ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে। আজকের বিষয় অর্থনীতি
রুবায়াত খান
রুবায়াত খান

২০১৬ সালে চালু হয়ে গেছে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। শুরু হয়ে গেছে প্রতিযোগিতার ঘোড়দৌড়। এমডিজি বাস্তবায়নে ব্যাপক সাফল্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ দৌড়ে সামনের সারিতে।
এ পরিস্থিতিতে সহজেই আত্মতৃপ্ত হওয়ার সুযোগ আছে। বাংলাদেশের তথাকথিত ‘অলৌকিক উন্নয়ন’ নিয়ে যতই শোরগোল করা হোক না কেন, এ বিষয়ে বাংলাদেশের অনন্য দর্শনটি কী, তা আসলে আমরা কেউই ঠিক জানি বা বুঝি না। পূর্ব এশীয়, ভুটানি ও ভারতীয় মডেলগুলো সম্পর্কে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। কিন্তু ‘বাংলাদেশ মডেল প্লেবুক’ জাতীয় তেমন কোনো কিছু এখনো গড়ে ওঠেনি, পিছিয়ে থাকা রাষ্ট্রগুলো যা অনুসরণ করতে পারে।
২০১৭ সাল এসে গেল। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই যে আমরা মধ্য আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, আগামী চার বছরের মধ্যে তা অর্জন করতে হলে আমাদের উন্নয়ন দর্শন স্থির করতে হবে। যে কৌশলের ওপর ভর করে আমরা ইতিমধ্যে দারুণ সফলতা অর্জন করেছি, তার ওপর দাঁড়িয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
তাহলে আমাদের উন্নয়নগাথার অনন্য দিকটি আসলে কী? দক্ষিণ বিশ্ব ও বিশেষত মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে যে কারণে বাংলাদেশ আলাদা, তা হলো বারবার এ দেশের সরকার পরিবর্তন হওয়া সত্ত্বেও আমরা একটি দরিদ্র ও নারীবান্ধব নীতি অনুসরণ করেছি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে পেরেছি। আমার মতে, এ দুটি বৈশিষ্ট্য এ অলৌকিক উন্নয়নের পেছনে অন্যতম কারণ।
উদাহরণ হিসেবে খেয়াল করুন, বাংলাদেশই সম্ভবত পৃথিবীর একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে
প্রাথমিক শিক্ষায় মেয়েদের ভর্তির হার ছেলেদের তুলনায় বেশি। এই দেশে রক্ষণশীল সরকার ক্ষমতায় এলেও কখনো কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাতিল করা হয়নি। অথবা ব্র্যাকের কথাও বলা যায়, সরকারের সামাজিক সেবার একটা গুরুত্বপূর্ণ অংশ তারাই প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অনেক দেশেই, এমনকি কিছু কিছু উন্নত দেশেও, এসব অকল্পনীয়। ক্ষুদ্রঋণ নিয়ে অনেক বিতর্ক থাকলেও এটা অনস্বীকার্য যে আর্থিক ও সামাজিকভাবে তা নারীর ক্ষমতায়ন ঘটিয়েছে। এমনকি যে গার্মেন্ট শিল্প আমাদের সবচেয়ে বড় শিল্প এবং অর্থনীতির সাফল্যস্তম্ভ, তাও দাঁড়িয়ে আছে লাখ লাখ নিরলস পরিশ্রমী নারীর ওপর ভর করে।

আমার বিশ্বাস, বেশ কিছু সামাজিক ও মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ যে ভারতকে ছাড়িয়ে গেছে, তার বড় কারণ এটি। এমনকি যেসব দেশের আয় ও সরকারি ব্যয় আমাদের চেয়ে অনেক বেশি, তাদেরও আমরা ছাড়িয়ে গেছি, যাচ্ছি। এবং সুখবর এখানেই শেষ নয়।

প্রথমত, বিদেশি দাতাদের ওপর আমাদের নির্ভরশীলতা কমছে, যেমনটা আমরা পদ্মা সেতুর প্রকল্পে দেখলাম। দাতা ও দ্বিপক্ষীয় সংস্থাগুলোও এখান থেকে সরে গিয়ে আফ্রিকার দেশগুলোতে বিনিয়োগ করছে। ফলে আমাদের ক্রমবর্ধমান হারে নিজস্ব সম্পদ ও বুদ্ধির ওপরই নির্ভর করতে হবে। আমি বিশ্বাস করি, ছদ্মবেশে এটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। দাতা সংস্থা ও আন্তর্জাতিক অ্যাজেন্ডার বদলে আমরা এখন থেকে মূলত আমাদের নিজস্ব জনগণের চাহিদার ভিত্তিতে পরিচালিত হব। আমাদের সাফল্য ও ব্যর্থতার জন্য তাদের কাছে দায়বদ্ধ থাকব। ব্র্যাক ও অন্য বড় অলাভজনক সংস্থাগুলো এই নতুন যুগের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনছে, যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। কখনো কখনো তারা হাইব্রিড মডেল ব্যবহার করছে সামাজিক ও মানবিক কর্মসূচির অর্থায়নের জন্য পরিপূরক লাভজনক উদ্যোগের দ্বারস্থ হচ্ছে।

দ্বিতীয় আশার কারণ হলো, বেসরকারি ও সামাজিক ব্যবসা উদ্যোগের বিস্তৃতি। সাড়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশ এখন নানা পণ্য ও সেবার জন্য মুখিয়ে আছে। ইতিমধ্যে আমরা দেখেছি, প্রান্তিক জনগণকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোগ বিকশিত হচ্ছে (টেলকো কিংবা ‘বিকাশ’-এর কথা ভাবুন)। স্থানীয় ও জাতীয়ভাবে এ রকম উদ্যোগ গড়ে তোলার সম্ভাবনা অফুরান। এতে আমাদের অর্থনীতি এমনভাবে বিকশিত হয়ে ওঠার সম্ভাবনা রাখে, যা একই সঙ্গে সামাজিক ও মানবিক উন্নয়নেও ভূমিকা রাখতে বাধ্য।

তৃতীয়ত, আমাদের এই বিশাল জনসংখ্যার বড় একটি অংশ তরুণ ও উত্পাদনশীল। আমরা তাদের দক্ষ ও সক্ষম মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তাও আমাদের জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, পৃথিবীতে যেসব দেশ থেকে মানুষ বিদেশে যাচ্ছে, সেসব দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। ধারণা করা হয়, বাংলাদেশের প্রায় ৭২ লাখ মানুষ বিদেশে আছে। কিন্তু তাদের বেশির ভাগই অদক্ষ। আগামী দুই দশকে রোবটকর্মীর আগমনের ফলে এরা সহজেই চাকরিচ্যুত হতে পারে। যদি আমরা বিদেশে গিয়ে ভালো কাজ করে মানুষের শ্রদ্ধা আদায় করতে পারার মতো উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী তৈরি করতে পারি এবং তাদের জন্য বিশ্বমানের আইনি এবং অন্যান্য প্রবাসী সেবা নিশ্চিত করতে পারি, তবে ভবিষ্যৎ অন্য রকমও হতে পারে।

সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণেরও বাজি ধরেছে। এটা সঠিক পদক্ষেপ। সেবা ডিজিটাইজ করা মানে সেবার গণতন্ত্রায়ণ ঘটানো। বেসরকারি সহযোগীদের সঙ্গে নিরন্তর কাজ করে সরকার তা অর্জনের চেষ্টা করছে। জাতীয় পরিচয়পত্র পুরোপুরি ডিজিটাইজ ও বায়োমেট্রিক করার চেষ্টা চলছে। এতে সেবা প্রদান অনেক সহজ ও ত্বরান্বিত হবে। সরকার আইটি পার্ক নির্মাণ ও সফটওয়্যার রপ্তানিরও উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। তবে একই সঙ্গে আইটি যেমন অর্থনীতির প্রবৃদ্ধি ও গতি ব্যাপক হারে বাড়িয়ে দিতে পারে, তেমনই অল্প কিছু মানুষের হাতে তা সবকিছু কেন্দ্রীভূতও করে দিতে পারে, যুক্তরাষ্ট্র ও উন্নত বিশ্বে যা ঘটছে। এ থেকে বের হওয়ার পথ আমরা দেখতে পাচ্ছি ছোট পরিসরে: কিছু বিচ্ছিন্ন গ্রাম থেকে নিজ উদ্যোগে সফটওয়্যার ফ্রিল্যান্সিং করা হচ্ছে, বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। যদি এমন ভালো উদাহরণগুলোকে মূলধারায় আনা যায় এবং আইটিকে বাংলাদেশের ৮৫ হাজার গ্রামে শিকড় গাড়তে দেওয়া যায়, তাহলে আমরা জনমুখী এবং সাম্যবাদী একটা ডিজিটাল উন্নয়নের আদর্শ হিসেবে নিজেদের স্থাপন করতে পারব।

তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু লক্ষণ দেখে মনে হচ্ছে, আমাদের নিজস্ব উন্নয়ন-দর্শন থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে। পুনর্বাসনের পরিকল্পনা ছাড়াই সরকারি প্রণোদনায় বস্তি উচ্ছেদ, জনগণের প্রবল বিরোধিতা সত্ত্বেও রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন নিয়ে এগিয়ে যাওয়া, মেয়েদের বিয়ের বয়স কমিয়ে দেওয়া—উন্নয়নের পথে এসব আমাদের ধারাবাহিকতাহীনতার লক্ষণ। শুরুতেই এসব বিষয়ে আমরা মনস্থির করতে না পারলে আমাদের বহু অর্জন ধূলিসাৎ হয়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

উল্লিখিত যেকোনো বিষয় বাস্তবায়নের আগে সঠিক দর্শন এবং পথটি আমাদের চিহ্নিত করতে হবে। দূর করতে হবে আমাদের ভেতরের নানা বৈপরীত্য। তবেই আমরা গড়ে তুলতে পারব আমাদের স্বপ্নের বাংলাদেশ।

রুবায়াত খান: সামাজিক উদ্যোক্তা এবং উন্নয়নকর্মী, জীয়ন এবং এম্পাওয়ারের সহ-প্রতিষ্ঠাতা।