‘আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে একজন নারী মধ্যরাতেও রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে; যেখানে একজন গরিব মেয়েকে বিয়ের জন্য কষ্ট পেতে হবে না, যেখানে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে নতুন প্রজন্মের নেতৃত্ব দেশকে তার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দেবে। আমার বাবা মুক্তিযোদ্ধা। তাই আমি সেই দেশেরও স্বপ্ন দেখি, যে দেশে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাস্তবায়ন হবে।’ এভাবেই একজন তুখোড় বক্তার মতোই কথাগুলো বলছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারাহ ইকবাল।ফারাহ অবশ্য বিতর্কের চর্চাটা রপ্ত করেছেন তাঁর স্কুলজীবনেই। ১৪ বছর বয়সে চট্টগ্রামের আমেরিকান মিশনারি স্কুল উইলিয়াম কেরিতে পড়ার সময় ‘বিতর্ক’ ছিল তাঁর ঐচ্ছিক বিষয়। একসময় মনে হলো, বিতর্ক, বক্তৃতা—এগুলো তাঁর কাছে খুব স্বভাবজাত বিষয়। এরপর আর থেমে থাকেননি। শ্রেণীকক্ষ থেকে আন্তস্কুল, আন্তনগর ও সবশেষে আন্তর্জাতিক টুর্নামেন্টে ছুটে গেছেন একের পর এক। ফারাহ চলতি বছরের মার্চে রোমে মডেল ইউনাইটেড নেশনসের এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন।ফারাহ শুধু সেরা বিতার্কিক হিসেবেই পরিচিত নন। ছোটবেলায় সাঁতার শিখেছেন। সাঁতারের বেশ কিছু প্রতিযোগিতাতেও প্রথম হয়েছেন। ২০০৮ ও ২০০৯ সালে দুই বছর পর পর চট্টগ্রামে মেয়েদের টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১০ সালে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট টুর্নামেন্টে খেলেছেন। বিশ্ববিদ্যালয় দলের হয়ে বাস্কেটবল খেলছেন। এ ছাড়া ২০১১ সালে ফিলিপাইনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, ২০১২ সালে মালয়েশিয়ায় ইউনাইটেড এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। ২০১২ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পিটসবার্গে ওয়ান ইয়ং ওয়ার্ল্ডে ইয়ং লিডার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।‘পড়াশোনা শেষ করে ফরেন সার্ভিসে কাজ করার ইচ্ছে আছে। এর মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করে তুলতে চাই দারিদ্র্যমুক্ত ও লিঙ্গবৈষম্যমুক্ত একটি দেশ হিসেবে।’ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বললেন ফারাহ। ফারাহর মা ওয়াহিদা ইদ্রিস সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাবা কাজী মোহাম্মদ ইকবাল গ্রুপ ফোর সিকিউরিটিজে কর্মরত। ফারাহর মতে, তাঁর সাফল্যের পেছনে বাবা-মা, ছোট বোন ও উইলিয়াম কেরি একাডেমির চ্যান্সেলর ম্যারিলু লংয়ের প্রভাব রয়েছে। ফারাহ ২০০৯ সালে উইলিয়াম কেরির পড়াশোনা শেষ করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) ভর্তি হন। ২০১১ সালে এইউডব্লিউ থেকে বদলি হয়ে আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে।