
‘হায়! যদি সে লোকটি বেঁচে থাকতেন, তুই থাকতি তাঁর নয়নের পুত্তলি!’
কথাটি গল্পের ছলে রোজ আমাকে শুনতে হতো। কারণ আমি তাঁর বংশের বড় নাতবউ। আমি আফসোসে ম্লান হয়ে যেতাম। গল্পটা আমার দাদাশ্বশুরের। বেঁচে থাকতে তাঁর হাতের লাঠি ছিল ক্লাস সেভেনে পড়ুয়া আমার স্বামী। পরিবারের সবার কাছে শোনা গল্প থেকেই জানলাম তিনি ছিলেন ঘরের কর্তামশাই। প্রতি মাসে বিদেশে থাকা তিন সন্তানকে চিঠি লিখতেন নিয়মিত। তিনি ছিলেন সে সময়ের শিক্ষিত ও সম্মানিত জন। আর ভীষণ আমুদে মানুষ। এই মানুষকে না দেখতে পারার আফসোস যেন আমাকে কুরে কুরে খেত।
হঠাৎ একদিন চাচিশাশুড়ির বিয়ের শাড়ি দেখব বলে বায়না ধরে তাঁর আলমারি খুলিয়েছি। সেখানে দেখি আমার না–দেখা স্বপ্নের পুরুষের একগাদা চিঠি। ভীষণ খুশিতে আপ্লুত হয়ে চিঠিগুলো পড়তে থাকি। হাতের লেখা দেখে মুগ্ধ হই। চিঠিগুলো হাতে পাওয়ার পর আমার অনুভূতি ছিল নব আবিষ্কারের মতো। সঙ্গে সঙ্গেই একটি চিঠি সেখান থেকে নিলাম, যেটি আমার মেজ চাচাশ্বশুরকে লেখা চিঠি ছিল। দাদিশাশুড়িকে বললাম, ‘দাদু, এই চিঠিটি আমি আমার কাছে রাখি?’ দাদু উত্তর না দিয়ে গাইতে লাগলেন, ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো!’
আমি অবাক হয়ে গেলাম, জমে জমে চিড় খাওয়া ভালোবাসা দাদুর মধ্যে হঠাৎ উথলে উঠল। আলমারির কোনে অতি যত্নে জমে থাকা চিঠির কারণেই এমনটা সম্ভব হলো। আমিও স্বপ্নের মানুষটির রূপ, রং আর গন্ধ খুঁজে পেলাম এই চিঠির মাধ্যমেই।
নাজমুন নাহার
মৈশাইদ, হাজীগঞ্জ, চাঁদপুর।