স্বপ্নের যোগসূত্র অব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন। কিছু পথ হেঁটে যাওয়া। অতঃপর পথের মাঝে পথ হারানো। স্বপ্নভঙ্গ। এরপর সাহস করে স্বপ্নের সংজ্ঞাটাই পাল্টে দেওয়া। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে মগজ খাটিয়ে, চোখ-কান খোলা রেখে স্বপ্ন দেখা, একা স্বপ্ন না দেখে সবাই মিলে স্বপ্ন দেখা, সময়ের স্রোতে বিলীন হয়ে যাওয়া স্বপ্নগুলোকে কুড়িয়ে নিয়ে এক সুতোয় গাঁথা; এ স্বপ্নের নাম ‘অব্যয়’।পরিবেশ, সমাজ ও সংস্কৃতিভিত্তিক তরুণদের সংগঠন অব্যয়ের জন্ম চলতি বছরের শুরুতে। ৮ জানুয়ারি, ২০১৩ বিকেলে চট্টগ্রামের বাটালি হিলে উপস্থিত স্বপ্নের নানা ফেরিওয়ালা। তাঁরা নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া টগবগে সব তরুণ—ইসমত জাহান, মার্জিয়া শাফিন, শুভাশীষ পাল, শিহাব জিশান, সোহানা হক, সোহানা ইয়াসমিন। এক বৈঠকেই স্থির হয়ে গেল সব পরিকল্পনা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় অব্যয়ের আনুষ্ঠানিক যাত্রা হবে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। ওই দিন পরিবেশের প্রতি ভালোবাসা বিলিয়ে দেবে অব্যয়। সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে পরিবেশকে ভালোবাসার জন্য। যেই ভাবা, সেই কাজ। তিন দিনের মধ্যে প্রকল্প-প্রস্তাবনা তৈরি। এরপর অর্থ জোগাড়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ধরনা দেওয়া। অনেক প্রতিষ্ঠান অব্যয়ের ওপর ভরসা রেখে এগিয়ে আসে। কাছের মানুষজন ছাড়াও শেষ মুহূর্তে সহযোগিতায় এগিয়ে আসে চট্টগ্রামের কিছু প্রতিষ্ঠান ও দুবার এভারেস্ট-জয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত।বিশ্ব ভালোবাসা দিবসে চট্টগ্রামের ডিসি হিল চত্বরে অব্যয় আয়োজন করে পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান ‘ভালোবাসার আলোকছটা: পরিবেশ’। বিশেষ ধরনের প্রতিবাদী নৃত্য পরিবেশন করেন অব্যয়ের সদস্যরা। এরপর বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক বার্তাবাহী সুসজ্জিত সাইকেলসহ শোভাযাত্রা নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।অব্যয় পাড়ি দিতে চায় অনেক পথ, এগিয়ে যেতে চায় স্বপ্নের শিখরে। মার্চের মাঝামাঝি পরিবেশ সচেতনতামূলক পোস্টার বিলি করবে অব্যয়। পয়লা বৈশাখে গবেষণাধর্মী ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা অব্যয়ের। গঠনমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এই তরুণ স্বপ্নবাজেরা শিখরের সন্ধান করে জানিয়ে দিতে চান বিশ্ববাসীকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দিতে চান সঠিক পথের সন্ধান। ইতিবাচক পরিবর্তন আনতে চান সমাজে। এভাবেই স্বপ্ন আর বাস্তবতার যোগসূত্র হয়ে মানুষের পাশে থাকতে চায় স্বপ্নের যোগসূত্র হয়ে অব্যয়।