স্বপ্নের সমান কাজ
সব মানুষের স্বপ্ন থাকে। স্বপ্নকে ঘিরেই মানুষের বেঁচে থাকা। কিন্তু স্বপ্ন মানে কি শুধু কোনো কিছু অর্জনের আশা বা প্রত্যাশা? নাকি স্বপ্ন মানে আশার সঙ্গে আমল (কাজ) বা প্রত্যাশার পাশাপাশি পরিশ্রম? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার ‘নোবেল’ বিজয়ী বিজ্ঞানীরা কী বলেন ‘স্বপ্ন আর শ্রম’ সম্পর্কে? তাঁদের স্বপ্ন কী ছিল? নোবেল পাওয়া? তাঁরা কি পরিশ্রমী ছিলেন?না, নোবেল পাওয়ার স্বপ্নটা চিকিৎসক-ইঞ্জিনিয়ার হওয়া স্বপ্নের মতো নয়। তাই কেউ নোবেল পাওয়ার লক্ষ্যে দৌড়ায় না। কিন্তু তাঁর দৌড়ই অনেক সময় গন্তব্য ছোঁয়ার পাশাপাশি মানুষকে এনে দেয় নোবেল পাওয়ার কৃতিত্ব। যেমন ধরুন, উইলিয়াম পেরি মারফি (১৮৯২—১৯৮৭)। ১৯৩৪ সালে তিনি জর্জ মাইনট ও জর্জ হুইপলের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান। মারফি নোবেলের স্বপ্ন দেখতেন না। মারফি বলেন, ‘নোবেল আমার স্বপ্নের উপজাত মাত্র। কারণ, আমি চেয়েছিলাম চিকিৎসাবিজ্ঞানে পড়তে। সেই আগ্রহটাই আমার জীবন বদলে দিল।’ নোবেল পাওয়ার পর মারফি তাঁর অতীতের স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘ডাক্তারি পড়ার মতো পয়সা-কড়ি আমাদের ছিল না। কিন্তু স্বপ্নটাকে বাঁচাতে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গণিতের ক্লাস নিতাম। গণিত শিখিয়ে যা পেতাম, তা দিয়েই নিজের পড়াশোনা করতাম।’ শ্রমমুখী মারফির স্বপ্নটা সত্যি হয়েছিল। সঙ্গে অতিরিক্ত পাওয়া নোবেল পুরস্কার।স্যার জেমস চ্যাডউইক। পরমাণুর তিন মৌলিক কণার একটি নিউট্রনের আবিষ্কারক। তিনি ১৯৩৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন। কিন্তু কেমন ছিল তাঁর স্বপ্ন আর বাস্তবতা? ১৯৬৯ সালের ১৫ এপ্রিল আমেরিকার ‘নিলস বোর গ্রন্থাগার ও সংগ্রহশালা’কে দেওয়া এক সাক্ষাত্কারে চ্যাডউইক বলেন, ‘বিশ্ববিদ্যালায়ে পড়ার সময় জীবনটা বড় একটা ঝড়ে পরিণত হয়। মনে আছে, পদার্থবিজ্ঞানের বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে অনেক গুরুত্বপূর্ণ বই-পত্রিকা ছিল, যার কতগুলো খুব দরকারি ছিল। কিন্তু সেগুলো কেনার কোনো অর্থ আমার ছিল না। লন্ড্রির দোকানদার বাবা থাকতেন বিশ্ববিদ্যালয় থেকে চার মাইল দূরে। আমি ক্যাম্পাসে থাকতাম। বলতে গেলে কান্না আসে, বিশ্ববিদ্যালয়ে তিনটি বছর আমি দুপুরের খাবার খেতে পারিনি। খাবার কেনার পয়সা এই হতভাগার ছিল না। কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। পড়াশোনা আর খেলাধুলায় মগ্ন থেকে সব সময় দুঃখ ভোলার চেষ্টা করতাম।’