স্বপ্নের সাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসিকা ওয়াটসনের একটি স্বপ্ন আছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড স্টেইটের মেয়ে জেসিকার বয়স ১৬। এটা সত্যিই সোনালি সৈকতের শহর, অপূর্ব সুন্দর বিস্তৃত সৈকত আর ‘গোল্ড কোস্ট’ ঘন রেইনফরেস্টে ঘেরা এ শহরটিতে প্রতিবছর প্রায় এক কোটি পর্যটকের যাওয়া-আসা। পর্যটনের পাশাপাশি এ শহরের প্রাণ—সার্ফিং। মাছ ধরা, নৌকা ভ্রমণ—সবই মোটামুটিভাবে সমুদ্র-সংক্রান্ত। এই সমুদ্রের স্বপ্নই দেখেছে জেসিকা। সে চায়, পৃথিবীর কনিষ্ঠতম হয়ে একা সাগর পাড়ি দেবে।সিডনি থেকে ‘এলাস পিঙ্ক লেডি’ নামের ছোট নৌকাটি নিয়ে শুরু হয়েছে জেসিকার সাগর পাড়ি দেওয়া। গত বছরের অক্টোবর মাস থেকে সমুদ্রের সঙ্গে ওর বসবাস। পরিকল্পনা অনুযায়ী সাগর প্রদক্ষিণ শেষে আবার সিডনি ফিরে আসার কথা এ বছর এপ্রিল মাসে, তার ১৭তম জন্মদিনের আগে। ২৩ হাজার নটিক্যাল মাইল ঘুরে আসতে সে পার হবে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক আর ভারত মহাসাগর। ইন্টারন্যাশনাল সেইলিং ফেডারেশন এবং ওয়ার্ল্ড সেইলিং স্পিড রেকর্ড কাউন্সিলের সমুদ্র প্রদক্ষিণের সংজ্ঞানুযায়ী জেসিকাকে অবশ্যই বিষুবরেখা অতিক্রম করতে হবে। ইতিমধ্যে জেসিকা তা পূরণ করে ফেলেছে। দৃঢ়তার সঙ্গে আশা করা যায়, জেসিকা নির্ধারিত সময়ই নিরাপদে তার নৌকা ভেড়াবে সিডনি হারবারে। হবে পৃথিবী প্রদক্ষিণকারী সর্বকনিষ্ঠ নাবিক।শুধু গোল্ড কোস্ট বা অস্ট্রেলিয়াবাসী নয়, পুরো পৃথিবী তাকিয়ে আছে জেসিকার দিকে। প্রতিনিয়ত তার খবর ছাপা হচ্ছে পত্রপত্রিকায়, তার সমুদ্র বিহার হালনাগাদ করে। এ যাত্রা অবশ্যই কেবল ভেসে বেড়ানো নয়, একা একটি মেয়ে সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে গন্তব্যে। কখনো পড়েছিল ঝড়ের মুখে, কখন বা তার নৌকার সঙ্গে সংঘর্ষ হয়েছে কোনো কিছুর। তবু সে ছুটে চলেছে। সময় করে সেরে নিচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ। মাঝেমধ্যে লিখছে নিজস্ব ব্লগে, আবহাওয়া হঠাত্ বিগড়ে গেলে নৌকাও সামাল দিচ্ছে। এদিকে যখন ডলফিনের দল খেলা করে, সে দৃশ্যও দেখছে আনন্দভরে। আবার মুগ্ধ হয়ে তাকিয়েছে বিশাল ডানা মেলা অ্যালবাট্রেসের ওড়ার দিকে। শেষ পর্যন্ত সাগর, নিয়তি কতটা বন্ধুসুলভ আচরণ করবে, তা সে জানে না কিন্তু স্বপ্নপূরণের চেষ্টা সে করেই যাবে।এই জেসিকা আর দশটি সাধারণ মেয়ের মতো নয়। জীবনের শুরুটা ছিল নিতান্তই দুর্ভাগ্যজনক। জন্মেছে শব্দান্ধতা (dyslexia) নিয়ে। যাঁরা আমির খানের তারে জমিন পার দেখেছেন, তাঁদের নিশ্চয়ই ধারণা আছে, যে শিশু পড়তে পারে না, বানান করতে পারে না, তার শৈশব কত দুবির্ষহ। পাঁচ বছর বয়সে ক্লাসে একমাত্র মেয়ে ছিল জেসিকা, যে এক থেকে ১০ পর্যন্ত গুনতে পারত না। চিনত না কোনো অক্ষর। অন্যেরা কখনো বোঝেনি কেন তার মা তাকে গল্প পড়ে শোনাতেন, কারণ সে নিজে পড়তে পারত না। মা জেসিকাকে সাহায্য করেছেন তার নিজের অসাধ্য এক পৃথিবীতে প্রবেশ করতে। মা তাকে শুনিয়েছেন ‘লায়ন হার্ট’ গল্পটি। জেসিকা বুঝেছিল পৃথিবী প্রদক্ষিণের জন্য ‘সুপারম্যান’ হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিকে পুঁজি করে, শব্দান্ধতাকে পরাজিত করে, মা-বাবার সহায়তা, সুহূদজনের অনুপ্রেরণায় আজ সে ভাসছে তার স্বপ্নের সাগরে। তাকে কিছুটা অতিরিক্ত যত্ন নিতে হয় সংখ্যা গণনার জন্য, নিজের অবস্থান জানানোর জন্য। কিন্তু শব্দান্ধতাকে সে সীমাবদ্ধতা হিসেবে কখনো গ্রহণ করেনি। কেনই বা করবে? লিওনার্দো দ্য ভিঞ্চি, টমাস এডিসন যাঁরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল তাঁরা শব্দান্ধতায় ভুগেছিলেন। আত্মবিশ্বাস থাকলে অসীম আকাশ হতে পারে সীমা।