স্বপ্নের সোপান নিউ ডিগ্রি কলেজের ওরা
নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত প্রতিযোগিতার তিন শাখাতেই পুরস্কার পেয়েছেন সাদিয়া হাসান। পুরস্কারের প্যাকেট হাতে বন্ধুদের সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে এলেন। ভেতরে চলছিল কলেজের সাপ্তাহিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর এই শিক্ষার্থীর ভাষায়, ‘কলেজটি শিক্ষার পাশাপাশি সংস্কৃতির দিক দিয়েও অন্য সব কলেজের চেয়ে এগিয়ে। তাই কলেজটি আমার স্বপ্নের কলেজ।’ এ জন্যই এখানে ভর্তি হয়েছি। লোকসংগীত আর দেশগানে পুরস্কার পাওয়া শিক্ষার্থী প্রীতিজা পারমিতারও একই রকম প্রতিক্রিয়া। সাদিয়ার সঙ্গে আর একটু যোগ করে পারমিতা বলল, কলেজের শিক্ষকেরাও খুব বন্ধুসুলভ আচরণ করেন। শেখার সুযোগ এখানে অবারিত। ৭ ফেব্রুয়ারি কলেজ চত্বরে কথা হচ্ছিল এই শিক্ষার্থীদের সঙ্গে। এই কলেজেই রয়েছে শিক্ষার্থীদের নিজস্ব ইউনিফরম। সবার একই পোশাক দেখেই বোঝা যাচ্ছে তারা একই কলেজের শিক্ষার্থী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নেভি ব্লু প্যান্ট, সাদা শার্ট, কলেজের মনোগ্রাম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পৃথককরণ ফিতাসংবলিত ব্যাজ রয়েছে কাঁধে। বিভাগ অনুযায়ী ব্যাজের রং আবার আলাদা রয়েছে, বিজ্ঞান বিভাগের নেভি ব্লু, মানবিক বিভাগের অ্যাশ ও বাণিজ্য বিভাগের জন্য খয়েরি রঙের। সবারই ন্যামট্যাগ রয়েছে বাঁ পাশে কাঁধের নিচে। আর পায়ে রয়েছে কলো জুতা। ছাত্রীরা সাদা সালোয়ার, কালারযুক্ত সাদা টপস, নেভি ব্লু রঙের কামিজ, সাদা ওড়না, নেভি ব্লু রঙের বেল্ট ও কালো পাম্প সু পরে আছে। অনার্স ও পাস কোর্সের শিক্ষার্থীদেরও রয়েছে নির্দিষ্ট পোশাক।সেদিন কলেজের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। রাজশাহীর আবৃত্তি পরিষদের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতি নাটক দেবতার গ্রাস তখন মঞ্চে। মিলনায়তনের ভেতর থেকে ভেসে আসছে শিল্পীদের কণ্ঠের গমগমে আওয়াজ। কলেজ মিলনায়তন ভরা শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করছে, বাইরেও জায়গায় জায়গায় আড্ডার ছলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান শুনছে অনেক শিক্ষার্থী। কলেজের শিক্ষার পরিবেশ নিয়ে কথা তুলতেই এগিয়ে এল প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে কুলসুম, ফারহানা আঞ্জুম, জান্নাতুল ফেরদৌস, নিশাত আঞ্জুম, আফরিদা শারমিন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, রোমানা পারভীন, ফারজিনা রহমান, সামিয়া আক্তার, শোয়েব আক্তারসহ আরও অনেকেই। তাদের স্বপ্নের এই কলেজ নিয়ে সবাই একসঙ্গে বলতে চায়।সবার কথা যোগ করলে এ রকম দাঁড়ায়, কলেজটি দেশের সেরা কলেজগুলোর অন্যতম। দুই বছর ধরে এইচএসসিতে দেশের সরকারি কলেজগুলোর মধ্যে রাজশাহী কলেজ সেরা। এখানে পড়াশোনার যেমন সুব্যবস্থা রয়েছে, তেমনি শিক্ষার পাশাপাশি রয়েছে সহশিক্ষার (কো-কারিকুলাম) সব ধরনের আয়োজন। আমাদের ডিবেটিং ক্লাব রয়েছে। ক্লাবে নিয়মিত বিতর্ক চর্চা হয়। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত গণিত অলিম্পিয়াডে রাজশাহীতে এবারও চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কলেজের শিক্ষার্থীরা। কয়েক বছর আগে একজন শিক্ষার্থী দেশে চ্যাম্পিয়ন হয়ে বিদেশ যাওয়ারও সুযোগ পেয়েছিল। এই কদিন আগে ইয়ুথ পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় আমাদের কলেজ কোয়ার্টার ফাইনালে উঠেছিল। আর প্রতিবছরই সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান, কবিতা, উপস্থিত বক্তৃতা, এক ও দলীয় অভিনয় ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজে যেন একটা উত্সব লেগে থাকে। এ ছাড়া কী নেই আমাদের কলেজে? পাঠাগারে রয়েছে প্রায় ১৮ হাজার বই। রয়েছে সুসজ্জিত গবেষণাগার। মিলনায়তনে এক হাজার দর্শক-শ্রোতার অনুষ্ঠান উপভোগ করার সুযোগ রয়েছে। কলেজের মূল ভবনের উত্তর পাশে সুবিস্তৃত একটি খেলার মাঠ। আন্তবিভাগ ও আন্তশ্রেণী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠেই অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালে বিএনসিসির এক নম্বর মহাস্থান ব্যাটালিয়নের প্রতিষ্ঠার পর থেকে কলেজে বিএনসিসির কার্যক্রম চালু রয়েছে। আমাদের কলেজে রয়েছে দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস। একজনের মুখের কথা কেড়ে নিয়ে আরেকজন বলতে চায়। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমার বাড়ি জয়পুরহাটে। আমি আর কোথাও ভর্তির চেষ্টার আগেই ভেবেছিলাম নিউ ডিগ্রি কলেজে ভর্তি হব। আমি সেই সুযোগ পেয়ে আনন্দিত।’ শিক্ষা ও বিনোদনের পাশপাশি সব আয়োজনই কলেজে রয়েছে। মেধা বিকাশের জন্য এক কলেজের পরিবেশ এক ধাপ এগিয়ে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদের বাড়ি দিনাজপুরে। সবার কথা শুনে তিনি আর বিশেষ কিছু বলতে চান না। শুধু বললেন উত্তরবঙ্গের সন্তান হিসেবে উত্তরবঙ্গের সেরা কলেজটিতেই ভর্তি হয়েছি।কথা বলতে বলতেই প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান এসে অনেকটা জোর করে ধরে নিয়ে গেলেন প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগার দেখানোর জন্য। সেখানে গিয়ে দেখা গেল চমত্কার এক পরিবেশ। শিক্ষার্থীরা সেন্টমার্টিন দ্বীপে শিক্ষাসফরে যাওয়ার পরিকল্পনা করছে। শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন, তাঁরা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রাণীর নমুনা সংগ্রহ এবং উপকূলীয় অঞ্চল ঘুরে দেখার জন্য তাঁরা পাঠ্যসূচির অংশ হিসেবেই এই সফরে যাচ্ছেন। কলেজের অধ্যক্ষ ড. ফরিদা সুলতানা বলেন, কলেজে প্রথম বর্ষে প্রতিবছর ১২০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। এ ছাড়া সাতটি বিষয়ে অনার্স ও স্নাতক পাস পর্যায়ের ১৫টি বিষয়ে পড়ানো হয়। সব মিলিয়ে কলেজে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টায় কলেজটি এখন পড়াশোনায় দেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে।