স্বভাবকবি
‘মৌমাছি ছোট বটে, দিয়ে থাকেমধুপ্রজাপতি রং বাহার, গুণহীন শুধু।’আমাদের খ্যাতিমান কবি-সাহিত্যিক কিংবা সমালোচকদের বিশেষ মনঃপূত হলো না হয়তো। সমকালীন কাব্যধারায় এই কবিতাখানি বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠবে, এমন আশা করাও বাতুলতা। এই কবিতা বিশেষ দ্রষ্টব্য হয়ে উঠতে পারে তখনই, যখন আমরা জানব, এর রচয়িতা একজন ষাটোর্ধ্ব গ্রামীণ কবি। কবির নাম ফজলুর রহমান। গ্রামের লোক আদর করে ডাকে ফজলু কবি। সেই ছেলেবেলায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর গ্রামের এই কবি পল্লিকবি জসীমউদ্দীনের কবিতার প্রেমে পড়েছিলেন। সেই ভালোবাসা থেকেই কবিতা লেখার শুরু। গ্রামের মাঠ, ধানখেত, মহানন্দা নদী—সবই উঠে এসেছে তাঁর কবিতায়। এই নাম না জানা কবির কাহিনি বয়ান করছি বলে যদি কেউ ভ্রু কুঁচকে থাকেন, তাঁদের বলে রাখি, এককালে এই প্রবীণ গ্রামীণ কবিরও কদর ছিল ভীষণ। রীতিমতো ঘটা করে তাঁর কবিতার আসর বসত একটা সময়। জমায়েত হতো শয়ে শয়ে মানুষ। রাতভর চলত ফজুল কবির স্বরচিত কবিতা পাঠের আসর। (সূত্র: পৃষ্ঠা-১৩, ২ জুন, ২০১১, প্রথম আলো)নিশুতি রাত। হারিকেন কিংবা হ্যাজাক লাইটের আলো ঘিরে জমায়েত হয়েছেন একদল মানুষ। তাঁদের কারও চোখে ঘুম নেই। বিপুল আগ্রহে সবাই শুনছেন কবিতা। রাত গভীর হচ্ছে। কিন্তু কবিতা পাঠের আসর ছেড়ে ওঠার নাম নেই কারও। এই স্যাটেলাইট টেলিভিশন, আর সিডি-ডিভিডির যুগে বসে ভাবা যায়? ফজলুর রহমানের কবিতার যে সরল আবেদন, তার কথা না হয় নাইবা বললাম। নিভৃত গাঁয়ের একটা মানুষ পুরোপুরি নিজের আগ্রহ আর চেষ্টায় সারাটা জীবন কবিতা লিখে চলেছেন—নাড়া দেওয়ার মতো খবর নয়? —ইকবাল হোসাইন চৌধুরী