স্বরনন্দনের আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইনি কোন ঠাকুর/রবিঠাকুর/পুজো হয়/বা! হবে না? প্রতিবছর বৈশাখ মাসে/কেমন পুজো?/এই তো খুব সহজ, ঠাকুরের একখান ফটো, একখান মন্ত্রের বই—নাম সঞ্চয়িতা, একটি টেবিলক্লথ...’ এভাবেই মঞ্চে শ্রুতিনাটক পাঠ করছিল শিশুশিল্পী শিবম সাহা ও সৌম্যদীপ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চিরন্তন কুন্ডুর ‘ঝাঁকিদর্শন’ নামের শ্রুতিনাটকটি পাঠের সময় হেসে কুটিকুটি হচ্ছিল মিলনায়তনভর্তি দর্শকেরা।

১১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজিত আবৃত্তি সন্ধ্যার আসরে পরিবেশন করা হয় এই শ্রুতিনাটকটি। ‘কবিতা তোমায় দিলাম আজকে ছুটি’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র। এতে ২২ জন আবৃত্তিশিল্পীর পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।

 কখনো একক, কখনো দ্বৈত, আবার কখনো সমবেত কণ্ঠের আবৃত্তি পরিবেশনায় মুখর ছিল মিলনায়তন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সন্ধ্যা ও প্রভাত’ কবিতার সমবেত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আসর। এরপর নিশিগন্ধা দাশগুপ্তা ও স্বাগত বিশ্বাস দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ‘সেয়ানে সেয়ানে’। একে একে আবৃত্তির ছন্দে বাচিকশিল্পীরা মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। বিভিন্ন পরিবেশনার মধ্যে দর্শকদের ভালো লেগেছে রাজশেখর বসুর ‘উপে‌ক্ষিতা’, অনিক আন্দালিবের ‘সক্রেটিসের মৃত্যু’, সুমিতা চক্রবর্তীর ‘শব্দকূটে রবীন্দ্রনাথ’, মিলান কুন্দেরার ‘গভীরে লুকানো হীরে’ ও আনিসুল হকের রচিত ‘পূর্বাভাস’।

আবৃত্তির ফাঁকে মঞ্চে ছিল কথামালা। এতে অংশ নেন কবি আবুল মোমেন, নাট্যজন অসীম দাশ, শিক্ষাবিদ জন ডমিনিক পিনেরু, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও দীপঙ্কর দাশ।