রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকুমার রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সলিল চৌধুরী ও রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর কবিতার পাশাপাশি ছিল নবীন কবিদের কবিতাও। প্রেম, দ্রোহ ও প্রকৃতির আবহ নিয়ে কবিতার ছন্দে আবৃত্তিশিল্পীরা মুগ্ধতার আবেশ ছড়ালেন মিলনায়তনে।
গত ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে প্রমিত বাংলা চর্চাকেন্দ্র স্বরনন্দনের উদ্যোগে আয়োজন করা হয় ‘আপনারে কর উন্মোচন’ শিরোনামে আবৃত্তির আসরের। দুই পর্বের আসরে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অতিথি ছিলেন ফুলকির অধ্যক্ষা শীলা মোমেন, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, তারুণ্যের উচ্ছ্বাসের সাংগঠনিক সম্পাদক মিঠু তলাপাত্র।
আসরের প্রথম পর্বে আবৃত্তি করেন স্বরনন্দনের তিন শিক্ষার্থী। হৃদিতা চক্রবর্তী আবৃত্তি করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘শুধু কবিতার জন্য’। কবিতার সঙ্গে কবির যে একাত্মতা তাই যেন সার্থকভাবে ফুটে ওঠে আবৃত্তিতে।