স্বরভঙ্গের যত কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠস্বর ঠিক রাখতে ঠান্ডা এড়িয়ে চলা আর খুব বেশি জোরে কথা না বলা ভালো। মডেল: রাজ, ছবি: প্রথম আলো
কণ্ঠস্বর ঠিক রাখতে ঠান্ডা এড়িয়ে চলা আর খুব বেশি জোরে কথা না বলা ভালো। মডেল: রাজ, ছবি: প্রথম আলো

কণ্ঠস্বর বুঝি এক জাদুময় শক্তি! কারও কণ্ঠে সুরের মায়া, কেউ আবার শিক্ষাদানের মহান কাজ করে চলেছেন দরাজ গলায়। তবে কণ্ঠস্বরের অস্বাভাবিকতা সমস্যায় ফেলতে পারে যে কাউকেই। ভাঙা কণ্ঠস্বর হঠাৎ করেই হয়ে উঠতে পারে আপনার চরম অস্বস্তির কারণ। আর শিক্ষক বা গায়কের মতো যাঁদের পেশাই কণ্ঠস্বরনির্ভর, তাঁদের জন্য এটি আরও বড় অসুবিধার কারণ।
স্বরভঙ্গ প্রসঙ্গে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. জাহেদুল আলম বলেন, ভোকাল কর্ড বা স্বরপর্দার অসুস্থতার কারণে স্বরভঙ্গের সমস্যা হতে পারে। ভাইরাস বা অ্যালার্জির কারণে স্বরপর্দার প্রদাহ হলে স্বরভঙ্গ হতে পারে।
আরও যত কারণ
কোনো কারণে স্বরপর্দার স্বাভাবিক কম্পন ব্যাহত হলে স্বরভঙ্গ হয়ে থাকে। হঠাৎ করে জোরে কথা বলা বা অনেক দিন ধরে স্বরের অপব্যবহার করা হলে এমনটা হতে পারে। ল্যারিংস বা স্বরনালির ক্যান্সার হলেও স্বরভঙ্গ হতে পারে। তাই বলে স্বরভঙ্গ হলেই সেটি ক্যান্সারের কারণে হয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নেই।
প্রতিকার
শ্বাসের সঙ্গে উষ্ণ বাষ্প নিলে উপকার পাবেন। বাসকের রস অনেক সময় উপকারী হতে পারে। যদি গাঢ় কফ জমা থাকে, সে ক্ষেত্রে বাসক পাতার রস কফকে হালকা করে দেবে। তবে গরম চা পানে স্বরভঙ্গের সমস্যা দূর হবে—এ ধারণা ঠিক নয়।
ব্যথা থাকলে সেবন করতে পারেন ব্যথানাশক ওষুধ। তবে ব্যথানাশক ওষুধ খেতে হবে ভরা পেটে। আর এ ক্ষেত্রে খাওয়ার আধা ঘণ্টা আগে খেয়ে নিতে হবে গ্যাসের ওষুধও। এভাবে অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শমতো অ্যান্টিবায়োটিক সেবন করতে হতে পারে। যথাযথ চিকিৎসা নেওয়া সত্ত্বেও তিন সপ্তাহের মধ্যে সমস্যা না গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
প্রতিরোধ
ঠান্ডা এড়িয়ে চলুন। কখনোই খুব জোরে কথা বলা বা চিৎকার করা ঠিক নয়। এমনকি কণ্ঠস্বরনির্ভর কাজ করলেও খেয়াল রাখুন, যেন স্বাভাবিক মাত্রার চেয়ে জোরে কথা বলা না হয়। শিক্ষকেরা বড় শ্রেণিকক্ষে পড়ানোর সময় মাইক্রোফোন ব্যবহার করুন।
গ্রন্থনা: রাফিয়া আলম