স্বরলিপির বর্ষপূর্তির অনুষ্ঠান

সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক ফোরামের ২২ বছর পূর্তি অনুষ্ঠান গত ২৮ মে সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সুর ও বাণীতে স্বরলিপি দেয় ডাক, অপসংস্কৃতি নিপাত যাক’ এই স্লোগানে শুরু হয় উৎসব। এতে কথামালা, গান ও নাচের আয়োজন ছিল।
সন্ধ্যা সাড়ে ছয়টায় কথামালা পর্বের মাধ্যমে সূচনা হয় এ আয়োজনের। শিল্পী ও ছড়াকার কেশব জিপসীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আটলান্টিক গ্রুপের চেয়ারম্যান মো. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রাশেদ রউফ, রোটারিয়ান এ আর খান, প্রকৌশলী মো. মতিউর রহমান প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি মানস শেখর এবং দ্বিবার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক তান্নিয়া খানম। আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ পর্বে ‘বাউলা কে বানাইলো রে’ শিরোনামের গীতি-আলেখ্য পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রামের শিশু ইউনিটের সদস্যরা। এটির গ্রন্থনায় ছিলেন কেশব জিপসী এবং সংগীত পরিচালনা করেন বনানী শেখর রুদ্র। নৃত্য পরিচালনায় ছিলেন তান্নিয়া খানম। গীতি-আলেখ্যে পরিবেশনা শেষে শুরু হয় আয়োজনের তৃতীয় পর্বের পরিবেশনা। এ পর্বে সংগঠন আয়োজিত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। বর্ণিল এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন আরাফাত রূপক ও অঙ্কন শ্রেষ্ঠা।