স্বরিৎ ললিতকলার উচ্চাঙ্গসংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে স্বরিৎ​​ ললিতকলার উচ্চাঙ্গসংগীতের আসরে শিক্ষার্থীদের সমবেত পরিবেশনা
টিআইসিতে স্বরিৎ​​ ললিতকলার উচ্চাঙ্গসংগীতের আসরে শিক্ষার্থীদের সমবেত পরিবেশনা

বৃন্দ বাদন, খেয়াল, ঠুমরি আর মোহন বীণার সুরে দর্শকদের ভাসাল উচ্চাঙ্গসংগীত সংগঠন স্বরিৎ ললিতকলাকেন্দ্র। সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় শাস্ত্রীয় সংগীতের এই আসর।
অনুষ্ঠানের শুরুতেই ছিল রাগ ভূপালীতে স্বরিৎ ললিতকলা কেন্দ্রের শিক্ষার্থীদের সমবেত খেয়াল পরিবেশনা। অনুষ্ঠানে
অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন, আর্য সংগীত সমিতির অধ্যক্ষ ওস্তাদ মিহির
লালা, বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম ও আর্য সংগীত সমিতির উপাধ্যক্ষ নির্মলেন্দু চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দিবাকর কানুনগো। এরপর অতিথিরা সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তির স্মারক উন্মোচন করেন।
সংগীত পর্বের বিশেষ আকর্ষণ ছিল সংগীতাচার্য সুরেন্দ্র লাল দাশ রচিত অর্কেস্ট্রা বা বৃন্দ বাদন। প্রথমে রাগ ঝিঁঝিট ও এরপর পিলু বারোয়া রাগে এই বৃন্দ বাদন পরিবেশিত হয়। বৃন্দ বাদনে অংশ নেন ওস্তাদ মিহির নন্দী, মৃণাল দাশ গুপ্ত, অরুণ সাহা, তরুণ কান্তি দাশ, দিলীপ দাশ, সুভাষ দাশ গুপ্ত, শ্যামলচন্দ্র দাশ, রণধীর দাশ, মদন মোহন ঘোষ, শান্তিময় চৌধুরী, প্রণব ভট্টাচার্য, আশীষ বসাক, মৃণালিনী চক্রবর্তী, দুলাল কান্তি চৌধুরী, কানন সেনগুপ্তা, রিটন কুমার ধর, অমিত চৌধুরী দীপ্ত, সুমন নাথ ও জয়ন্ত দাশ।
বৃন্দ বাদনের পর রাগ রাগেশ্রীতে খেয়াল পরিবেশন করেন শিল্পী রাজেশ সাহা। পরে তিনি রাগ খাম্বাজে একটি ঠুমরি পরিবেশন করেন। তার সঙ্গে তবলা সহযোগিতায় ছিলেন সুদীপ কুমার সেনগুপ্ত, তানপুরায় মৃণালিনী চক্রবর্তী, হারমোনিয়ামে রিটন কুমার ধর, এসরাজে মদন মোহন ঘোষ। সবশেষে মোহন বীণায় রাগ শুদ্ধ বসন্ত পরিবেশন করেন শিল্পী দোলন কানুনগো। তাঁর সঙ্গে তবলা বাজিয়ে পরিবেশনাটিকে প্রাণবন্ত করে তোলেন ঢাকা থেকে আসা শিল্পী মীর নকীবুল ইসলাম। এ পরিবেশনাটি সমগ্র মিলনায়তনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী আয়েশা হক।