ছোট্ট একখানা সুইমিংপুল। সারি সারি পামগাছের নিচে গুটিকয়েক আরামকেদারা পাতা। পাশেই আগ্নেয়গিরি। গনগনে লাভার বদলে জ্বালামুখ দিয়ে কলকল করে বেরুচ্ছে পানি। যেন ছোটখাটো ঝরনা একটা। প্রিয় কোনো শিল্পীর গান ভেসে আসছে। বইছে মৃদুমন্দ হাওয়া। আদুল গায়ে চেয়ারে গা এলিয়ে হ্যাটখানা কপালের ওপর আরেকটু টেনে দিয়ে সাগরের নীলচে পানি আর উড়ে যাওয়া অ্যালবাট্রস পাখিটার ওপর চোখ রাখলেন। পাশেই রাখা কমলালেবুর জুসে আয়েশ করে চুমুক দিচ্ছেন। আর ভাবছেন ভুল করে স্বর্গে চলে এলাম না তো!না, আপনি ইহলোকেই আছেন। তবে কিনা ছোটখাটো যে দ্বীপখানা দেখছেন তার সঙ্গে মাটির কোনো বন্ধন নেই। সাগরের পানির ওপর একটি তরীতে ভাসছেন আপনি। ঢাউস আকৃতির একটি প্রমোদতরী গোটা দ্বীপ পিঠে করে সাগরে ভাসছে। এ তো গেল ওপরের দিককার কথা। তরীর ভেতরটাও সাজানো হয়েছে ভোগ-বিলাসের নানা উপকরণে। আগ্নেয়গিরির নিচে মানে তরীর ভেতরে আছে সিনেমা হল, খেলার জন্য সুপরিসর কক্ষ, ব্যায়ামাগার, স্পা নেওয়ার ব্যবস্থা, ভিআইপি স্যুট। এমনকি চাইলে আপনি গ্রন্থাগারে বসে পড়াশোনাও করতে পারবেন। হাতে একদম সময় নেই? ঘণ্টা কয়েক কাটিয়ে উড়াল দিতে হবে? ভাবনা নেই হেলিকপ্টার নিয়ে সোজা চলে আসা যাবে গ্রীষ্মমণ্ডলীয় এই স্বর্গতরীতে। হেলিপ্যাডের ব্যবস্থা রাখা আছে এখানে।এমন সুপার-ইয়ট আগে কেউ কখনো দেখেনি, এমনকি বানানোর সাহস পর্যন্ত করেনি বলে দাবি করছেন ব্রিটিশ স্থপতিরা। ক্যারিবীয় ও ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপের কথা মাথায় রেখেই বানানো হয়েছে নৌযানটি। অর্থাৎ ওই সব অঞ্চলের দ্বীপের আদল ফুটিয়ে তোলা হয়েছে নৌযানের ডেকে। ২৯৫ ফুট দীর্ঘ প্রমোদতরীটি বানানোর কাজ শেষ। এর বেগ হবে ঘণ্টায় ১৫ নট। আর সাকল্যে দশজন অতিথির থাকা-খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এতে। নির্মাতাদের দাবি, স্রেফ মনোরঞ্জনের জন্যই তাঁরা এই স্বর্গতরী বানিয়েছেন। তবে তরীটি কত টাকায় বিকোবে বা অতিথিদের কী পরিমাণ খরচাপাতি হবে তার কিছুই ঠিক হয়নি এখনো।ডেইলি মেইল অবলম্বনে আবুল হাসনাত