স্বর্গের উদ্যান, আগ্নেয়গিরির সাজে পূজামণ্ডপ

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসলেও বৃষ্টি এখনো অতর্কিতে হানা দিচ্ছে। এমন ‘রৌদ্র-ছায়ার খেলার’ মধ্যেই সেজে উঠছে নগরের পূজামণ্ডপগুলো। প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের কর্মব্যস্ততার মাঝেই যেন ঘোষিত হচ্ছে দুর্গোৎসবের আগমনী বার্তা। ২৯ সেপ্টেম্বর পঞ্চমীর দিনে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা।
দেবীর আগমন উপলক্ষে নানা সাজে সাজছে নগরের ২৭৯টি পূজামণ্ডপ। পূজামণ্ডপগুলোর কোথাও চোখে পড়বে স্বর্গের উদ্যান, কোথাও আগ্নেয়গিরি আবার কোথাও দেখা যাবে আলো আর প্রযুক্তির মায়াবী খেলা।
অন্ধকার গুহা, চারপাশে গা ছমছম করা পরিবেশ। একটু ভালো করে তাকালেই গুহার দেয়ালে চোখে পড়বে মানুষের হাড়গোড়। এভাবেই নগরের হাজারী গলির পূজামণ্ডপটিতে এবার আগ্নেয়গিরির ধ্বংসলীলা ফুটিয়ে তোলা হবে। বিশাল ধ্বংসস্তূপ থেকে শেষ পর্যন্ত শান্তির দূত হয়ে আবির্ভাব ঘটবে দেবী দুর্গার। উদ্যোক্তারা বললেন, ‘প্রতিবারই এই মণ্ডপে নিত্যনতুন কিছু শিক্ষামূলক বিষয় থাকে। কিছু ধারণা দেওয়া হয় দর্শনার্থীদের। এবার আগ্নেয়গিরির ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া হবে। জীবন্ত আগ্নেয়গিরির লাভায় ধ্বংস হবে নগর। এর মধ্যেই শান্তির দূত হিসেবে আবির্ভাব ঘটবে দেবী দুর্গার।’
পাথরঘাটার পাঁচবাড়ি মণ্ডপে দেখা যাবে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। পুরোনো বাড়ির আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। চট্টগ্রামের কেন্দ্রীয় পূজামণ্ডপ জে এম সেন হল প্রাঙ্গণ এবার সাজছে ভিন্ন সাজে। পুরোনো রাজবাড়ির আদলে এখানে তৈরি হচ্ছে মূল ফটক। ধর্মীয় ঐতিহ্যের সম্মিলন ঘটেছে এখানকার পূজামণ্ডপে। আন্দরকিল্লার রাজাপুকুর লেনের পূজামণ্ডপ তৈরি হয়েছে তিব্বতের গুহার আদলে।
স্বর্গের উদ্যানের মতো করে সাজছে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জামালখান কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের পূজামণ্ডপ। মণ্ডপের ফটক থেকে শুরু করে প্রতিমার মঞ্চ পর্যন্ত পুরোটাই যেন একটি স্বর্গের উদ্যান। পরী ও নানা জাতের ফুল-গাছপালা চোখে পড়বে এ উদ্যানে। দেবতাদের দেখা যাবে এ স্বর্গের উদ্যানে খেলা করতে।
দাবানল থিমের ওপর ভিত্তি করে সাজানো হচ্ছে সতীশ বাবু লেনের পূজামণ্ডপ। পূজামণ্ডপের ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে চারদিকে সবুজ পাহাড় আর গাছপালা। সতীশ বাবু লেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত সরকার জানালেন, ‘এবার অসুর দাবানল সৃষ্টি করে পৃথিবীকে জ্বালিয়ে দিতে চাইবে। আর এ দাবানল নিভিয়ে পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন মা দুর্গা।’ নগরের আগ্রাবাদের গোসাইলডাঙ্গা বারোয়ারি মন্দিরের পূজামণ্ডপ এবার তৈরি করা হয়েছে ভিন্ন সাজে। এই মণ্ডপে আনা হয়েছে মরুভূমির পরিবেশ। এ পূজামণ্ডপ তৈরি করছেন শিল্পী বিশ্বজিৎ পাল। নানা নকশা আর ঐতিহ্যের মিশেলে সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিপুণ হাত গড়ে তুলছেন নান্দনিক শিল্পসৌধ। তিনি বলেন, এবারের পূজার থিম মহামিলন। বিভিন্ন এলাকায় বিভিন্ন থিমের ওপর পূজা উদ্যাপন প্রসঙ্গে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ বলেন, ‘একেক এলাকায় একেক ধরনের থিম নিয়ে সাজানো হচ্ছে পূজামণ্ডপ। তবে এসব করতে গিয়ে যেন নিজেদের শাস্ত্রীয় নিয়ম ভঙ্গ না হয়, এদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’