লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসংকট
স্বর্ণপদক পাওয়া স্বাস্থ্যকেন্দ্রেই প্রসূতি অস্ত্রোপচার বন্ধ ৭ বছর

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র জরুরি প্রসূতিসেবার (অস্ত্রোপচার) জন্য প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পায় ২০০৩ সালে। ওই সময় লোহাগাড়াসহ আশপাশের উপজেলা চন্দনাইশ, সাতকানিয়া, চকরিয়া, লামা ও আলীকদম থেকে জটিল প্রসূতি রোগীদের ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। নিয়মিত হতো অস্ত্রোপচার। আর বর্তমান চিত্র তার উল্টো। এই হাসপাতাল থেকেই এখন যেতে হচ্ছে অন্য স্থানে। কারণ, এখানে প্রসূতি রোগীদের অস্ত্রোপচার বন্ধ সাত বছর ধরে।
হাসপাতাল সূত্র জানায়, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং অবেদনবিদ না থাকায় ২০০৬ সাল থেকে প্রসূতি রোগীদের অস্ত্রোপচার বন্ধ। অথচ এখানে রয়েছে দুটি অস্ত্রোপচার কক্ষ। রয়েছে সব ধরনের যন্ত্রপাতিও। এদিকে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে অনেক সরঞ্জাম। এর মধ্যে নষ্ট হওয়া অবেদনযন্ত্র ও বাতি কিছু দিন আগে মেরামত করা হয়। এ ছাড়া চিকিৎসকসংকটও রয়েছে। আটজন চিকিৎসা কর্মকর্তার স্থলে আছেন দুজন। ১৬ জন সেবিকা থাকার কথা থাকলেও আছেন নয়জন।
১৬ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০ জন প্রসূতি রোগী ভর্তি আছেন স্বাস্থ্যকেন্দ্রে। তাঁদের মধ্যে সাতকানিয়া থেকে আসা ফরিদা আক্তার নামের এক রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলা হয়েছে স্বজনদের।
ফরিদা আক্তারের স্বামী মো. আলী বলেন, ‘চিকিৎসক না থাকায় এখানে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তাই চট্টগ্রাম নিয়ে যাচ্ছি।’
লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের বাসিন্দা শুভংকর দাশ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না পেয়ে গত মাসে আমার স্ত্রীকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে মাতৃগর্ভেই মারা যায় বাচ্চা।’
এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার জানান, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত চারজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে এখানে পদায়ন করা হলেও চট্টগ্রাম শহর থেকে দূরত্বের কারণে তাঁরা আসেননি। কিছু দিন পর অন্যত্র বদলি হয়ে যান।
জরুরি ভিত্তিতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদ পাওয়া গেলে জটিল প্রসূতি রোগীর চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় শুরু করা যাবে। এ ব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকসংকটের কথা লিখিতভাবে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকসংকটের জন্য শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।