স্বর্ণমন্দিরের সোনালি আভা
স্বর্ণমন্দির এখন বান্দরবান শহরের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। বান্দরবান এসে স্বর্ণমন্দির না দেখে ফিরে গেছেন এমন পর্যটক খুঁজে পাওয়া ভার। অথচ উপঞা জোত মহাথের প্রতিষ্ঠার সময় কখনো ভাবেননি মন্দিরটি সারা দেশের অন্যতম দর্শনীয় স্থাপত্যের মর্যাদা পাবে!অপরূপ এই মন্দিরের প্রকৃত নাম ‘বুদ্ধধাতু জাদি’। বান্দরবানের সবুজ পাহাড়ের মাঝে সোনালি দ্যুতি ছড়ানো এই মন্দিরের নাম লোকমুখে হয়েছে স্বর্ণমন্দির।জানা গেছে, মিয়ানমারের বিখ্যাত পাঁচটি প্যাগোডার অনুকরণে বান্দরবানে বৌদ্ধ জাদিটি নির্মাণ করা হয়েছে। মিয়ানমারের প্রধানমন্ত্রী খিন নিউন্তসহ বহু বিখ্যাত ব্যক্তি এসেছেন মন্দিরটি দেখতে। প্রতিদিন মন্দির দেখতে হাজির হন শত শত পর্যটক। শহরের কেন্দ্রস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে বালাঘাটায় প্রায় ৫০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় স্বর্ণমন্দির অবস্থিত। ১৭০ থেকে ১৮০ ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হয় মন্দিরে। মন্দিরের চারদিকে রেলিং দিয়ে ঘেরা প্রশস্ত আঙিনায় দাঁড়ালে দেখা যায় গোটা শহর। মনে হয়ে হাত বাড়ালেই ছোঁয়া যাবে আকাশ।মন্দিরের ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে একটি প্রদর্শনী কক্ষ। এখানে সারি সারি মূর্তির মাধ্যমে বিভিন্ন সময় ও বয়সের বুদ্ধকে তুলে ধরা হয়েছে।মিয়ানমারের বিখ্যাত সব কারিগরের নিপুণ হাতের ছোঁয়া রয়েছে প্রতিটি মূর্তিতে। এই প্রদর্শনী কক্ষের পরেই জাদির মূল অংশ প্রার্থনাকক্ষ।স্বর্ণমন্দির সোনার তৈরি নয়। প্রতিষ্ঠাতা উপঞা জোত মহাথের জানান, এটির প্রকৃত নাম বুদ্ধধাতু জাদি। জাদিতে তথাগত ভগবান বুদ্ধের পবিত্র ধাতু (অস্থি) স্থাপন করা হয়েছে। এ কারণে মন্দিরের নাম হয়েছে বুদ্ধধাতু জাদি। কিন্তু এখন বুদ্ধধাতু জাদি বললে স্থানীয় বাসিন্দাদের অনেকেই চেনে না।১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর স্বর্ণমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রয়াত ১৪তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী। ধর্মপ্রাণ নারী-পুরুষের দানের টাকায় পাঁচ বছর ধরে নির্মাণকাজ চলে। জাদির নকশা ও নির্মাণকাজ করেছেন মিয়ানমারের স্থাপত্যশিল্পীরা। ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি জাদিতে বুদ্ধধাতু স্থাপন করা হয়।একই বছরের ১৯ মার্চ উদ্বোধন করা হয় এই মন্দিরের। এ জন্য প্রতিবছর ফাল্গুনী পূর্ণিমায় স্বর্ণমন্দির এলাকায় জাদিমেলা ও বার্ষিক পূজা অনুষ্ঠান হয়। ৭ মার্চ থেকে তিন দিনব্যাপী মেলা শুরু হবে বলে মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানিয়েছেন।স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উপঞা জোত মহাথের বান্দরবানের বিখ্যাত বোমাং রাজপরিবারের সন্তান। সংসার ত্যাগ করার আগে তাঁর নাম ছিল উচহ্লা মং। এখনো উচহ্লা ভান্তে নামে তিনি বেশি পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা শেষ করে জ্যেষ্ঠ সহকারী জজ হয়েছিলেন। কিন্তু সে জীবন টানেনি তাঁকে। বিচার বিভাগের চাকরি ও রাজবাড়ীর রাজকীয় পরিবেশ ছেড়ে বৌদ্ধ ভিক্ষু হন তিনি। সৃষ্টি, সৌন্দর্য ও ধ্যানের প্রতীক হয়ে ওঠা অপরূপ স্বর্ণমন্দির একরকম তাঁরই কীর্তি। এই কীর্তি বেঁচে থাকবে আরও বহু শতাব্দী, মানুষকে পথ দেখাবে অহিংস ও নির্লোভ জীবনের দিকে।