স্বর্ণময়ের জন্মদিন উপলক্ষে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় সংগীতশিল্পী স্বর্ণময় চক্রবর্তীর ৪২তম জন্মদিন ছিল ২৩ জুলাই । এ উপলক্ষে ক্লাসিক্যাল মিউজিক স্টুডেন্টস ফোরাম ২৪ জুলাই সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউটে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। ফোরামের আহ্বায়ক অধ্যাপক নাসিম বানু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভৌত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত তবলা গুরু পণ্ডিত বিজন কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ফোরামের সচিব রাজীব দাশ, শুভেচ্ছা বক্তব্য দেন আ ন ম নাছির উদ্দিন ও অধ্যক্ষ রীতা দত্ত। শিল্পী স্বর্ণময় চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, দঅসুস্থ সংস্কৃতি যখন পুরো দেশকে গ্রাস করতে চলেছে তখন কিছু উৎসাহী ও উদ্যমী তরুণ শিক্ষার্থী উচ্চাঙ্গ সংগীতের মতো শুদ্ধশিল্পে মনোনিবেশ করেছেন, এটা দেশের জন্য আশার কথা।’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। শুরুতে তেওড়া তালে সমবেত সংগীত ‘হে মোর সুরের গুরু, বন্দি তব রাতুল চরণ’-এর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফোরামের সদস্যবৃন্দ। ইমন রাগে তিনতালে ছোট খেয়াল পরিবেশন করেন শিশুশিল্পী তানজিনা আলম। নয় মাত্রার বিষমপদী মত্ত তালে লহড়া গেয়ে শোনান শিল্পী রাজীব চক্রবর্তী। বিলম্বিত ও তিনতালে রাগ বাগেশ্রী পরিবেশন করেন শিল্পী প্রমিত বড়ুয়া। এভাবে একের পর এক সংগীত পরিবেশন করেন শিল্পীরা। আর শ্রোতারা সুরের আবেশে মুগ্ধ হয়ে পড়েন। একটু ভিন্ন আমেজ পাওয়া গেল শিল্পী অনামিকা দাশ চৌধুরীর গানে। তিনি পটদীপ রাগে বাংলা রাগপ্রধান ‘ডাকে শুধু পিয়া পিয়া’ পরিবেশন করেন। এরপর তিনতালে রাগ বেহাগের করুণ সুর তুলেন শিল্পী কনকচাঁপা কায়স্থগীর। সর্বশেষ পরিবেশনায় ছিল লিটন দাশের ভূপালী রাগ পরিবেশনা। বিলম্বিত ও তিনতালে ভূপালী রাগের পাহাড়ি রূপ ফুটিয়ে তুলেন তিনি। মনমাতানো সন্ধ্যায় মুগ্ধতার আমেজ নিয়ে বাড়ি ফেরেন শ্রোতারা।