স্বর্ণের হাঁড়ি তুলতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভিটায় স্বর্ণের হাঁড়ি আছে। সে হাঁড়ি তুলে দেওয়ার জন্য আমার মুঠোফোনে ফোন আসত। আমি তেমন সাড়া না দিলেও অপর প্রান্ত থেকে প্রায়ই ফোন করে বিরক্ত করা হতো যেন তাড়াতাড়ি স্বর্ণের হাঁড়ি তোলার জন্য তাদেরকে ডাকি। সর্বশেষ স্বর্ণের হাঁড়ি তুলে দেওয়ার জন্য বেশি পীড়াপীড়ি করলে তাদের আসতে বলি। পাশাপাশি পুলিশকেও জানিয়ে রাখি এ বিষয়টি। আর রাতভর নানা নাটকীয়তার পরে ভোরের দিকে চার প্রতারককে তুলে দিই পুলিশের হাতে।’ এভাবেই গত শুক্রবার স্বর্ণের হাঁড়ি তুলে দেওয়ার নামে আসা চার প্রতারককে পাকড়াও করার ঘটনার বর্ণনা দেন আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস।মোহাম্মদ ইদ্রিস জানান, দীর্ঘদিন ধরে প্রতারকেরা মুঠোফোনে তাঁর ভিটায় স্বর্ণের হাঁড়ি আছে—এমনটা বলে আসছিল। সর্বশেষ গত শুক্রবার রাতে তাঁর ঘরে এসে হাজির হন চার প্রতারক। তাঁরা ঘরে গিয়ে বলেন, পুকুরপাড়ে হাঁড়ি আছে, তা খুঁড়ে তুলতে হবে। এরপর তাঁরাই পুকুরের পাড়ে মাটি খুঁড়তে থাকেন। এভাবে কিছুক্ষণ খোঁড়ার পর একটি পিতলের পাত দেখিয়ে চিৎকার করে বলেন স্বর্ণের হাঁড়ির খোঁজ পাওয়া গেছে। এ সময় তাঁরা একটি কাদামাখা পিতলের পাত দেখান। মাটি খোঁড়ার ভান করতে করতে কিছুক্ষণ পরে তাঁদের দলনেতা (বৈদ্য) পুকুরে লাফিয়ে পড়ে আর আহাজারি করতে থাকে। তাঁকে কিছুক্ষণ পরে পানি থেকে তোলা হলে প্রতারকেরা বলেন, স্বর্ণের হাঁড়ি পুকুরে আছে। আজ রাত বেশি হয়ে গেছে, তাই পরে একদিন এ হাঁড়ি তুলতে হবে। তবে, অনেক টাকা লাগবে। কারণ, এ হাঁড়ি তোলার কাজে প্রচুর ব্যয় হবে।এদিকে এসব নাটকীয় ব্যাপার চলার সময় ঘটনাস্থলে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ, এমনকি খোদ পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামও।আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, প্রতারকদের এসব প্রতারণা নিজেই দেখলাম। গভীর রাতে স্বর্ণের হাঁড়ি তোলার নামে সাপ-বিড়ালের মতো আওয়াজ করে তাঁরা বিশ্বাস স্থাপনের চেষ্টা করে। আমি ঘটনাস্থল থেকে সংবাদ জানালে রাত আড়াইটায় এ কাণ্ড দেখার জন্য হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার।।তিনি আরও বলেন, ‘তাঁরা আমাদের চিনতে পারেননি। কারণ, আমরা ইদ্রিসের বন্ধু বলে পরিচিত হই। আর ভোর হওয়ার আগে তাঁদের যে গাড়িতে করে এগিয়ে দেওয়ার জন্য তোলা হয়, সেটি ছিল থানার গাড়ি। সেখান থেকে সরাসরি থানায় নিয়ে আসা হয় চার প্রতারককে। পরদিন শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।’আটক প্রতারকেরা হলেন দলনেতা নাইক্ষ্যংছড়ির গর্জনিয়া গ্রামের মো. সেলিম (৩৭), চকরিয়ার পূর্ব বড় বেহুলা গ্রামের আবদুল মালেক (৩০), বাঁশখালীর পূর্ব বৈলছড়ির মো. দেলোয়ার (২৫) ও আনোয়ারার পশ্চিম হাজীগাঁও গ্রামের মো. হোসেন (২৭)।