অনেক কারণেই কারও কারও লেখাপড়া বেশি দূর পর্যন্ত হয় না। স্বল্পশিক্ষিতরা ভালো কোনো কাজও পান না। তাঁদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছয় মাসের বেসিক ট্রেড কোর্সের ব্যবস্থা করেছে। সম্প্রতি এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব কোর্সের যেকোনো একটিতে অংশ নিয়ে আপনিও হতে পারেন স্বাবলম্বী।
ট্রেড কোর্সের বিষয়াবলি: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মোট ১৪টি বিষয়ে কাজ শেখায়। এর মধ্যে আছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, অটোমেকানিকস, জেনারেল ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং-গ্যাস অ্যান্ড আর্ক, বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, আমিনশিপ, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, জেনারেল মেকানিকস, মেশিনারি অ্যান্ড রড বাইন্ডিং এবং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা: ইতিমধ্যে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। ডিসেম্বর ৩০ তারিখের মধ্যে অফিস চলাকালে ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে ১০ টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান জানান, আবেদনকারীর সংখ্যা বেশি হলে আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার হার্ডওয়্যার, আমিনশিপ, বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং—এই কোর্সগুলোর জন্য সর্বনিম্ন এসএসসি পাস এবং বাকি কোর্সের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।
ভর্তি ফি ও কাজের ক্ষেত্র: যেকোনো একটি বিষয়ে আবেদন করতে হলে প্রার্থীকে বিষয়ভেদে তিন হাজার থেকে ছয় হাজার ৮০০ টাকা পর্যন্ত ভর্তি ফি দিতে হবে। শুধু ওয়েল্ডিং-গ্যাস অ্যান্ড আর্কের জন্য নয় হাজার ৩৭০ টাকা ভর্তি ফি লাগবে।
মোস্তাফিজুর রহমান আরও জানান, এই কোর্সগুলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হওয়ায় এখান থেকে পাস করে এই সনদ দিয়ে একজন প্রার্থী দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা ইচ্ছে করলে নিজেও ব্যবসা করতে পারবেন।
আরও জানতে: ভর্তি বা ট্রেড কোর্সগুলোর সম্পর্কে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়—
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
ফোন: ০২-৯১১৬৭২৪
মোবাইল: ০১৭১১-৪৭০৪২৮।