স্বস্তি ও শান্তির জায়গাটুকু সংরক্ষণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটার জন্য কিংবা নিসর্গের মাঝে অবসর কাটাতে চাটগাঁবাসী ডিসি পাহাড়ে আসে। এই শহরের নাগরিকদের সবেধন নীলমণি বলতে এই সবুজে ছাওয়া এক চিলতে পাহাড়। তবে এখন সেখানেও কি স্বস্তি আছে? নিসর্গের মাঝে কলঙ্কতিলকের মতো ময়লা-আবর্জনা যেন স্থায়ী আসন গেড়েছে। সকালবেলার ক্ষণস্থায়ী বাজারের আপদ আর গণশৌচাগারের দুর্গন্ধেও নাকাল হতে হচ্ছে এখানে বেড়াতে আসা নাগরিকদের।পার্কের মূল গেট দিয়ে ঢুকলেই বাঁ দিকে হাঁটাপথের পাশের খালি জায়গাটুকু এখন যেন অনির্ধারিত ডাস্টবিন। সেখানে বর্জ্য আর পলিথিনের স্তূপ। সকালে কিংবা বিকেলে ওই দিক দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ নাক চেপে রাখেন আর কেউবা এই অনির্মল দৃশ্য এড়ানোর জন্য অন্যদিকে চোখ ফেরান। স্বাস্থ্য ঠিক রাখতে এসে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির শিকার হচ্ছেন তাঁরা। ওপরের দিকে ওঠার রাস্তায় শিরীষ গাছের তলায়ও আবর্জনার স্তূপ জমেছে। ডিসি পাহাড়ে নিয়মিত প্রাতভ্রমণ করতে আসেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ। তিনি বললেন, ‘পার্কের পরিচ্ছন্নতার অবস্থা একেবারেই নাজুক। এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সুনির্দিষ্ট কারও ওপর ন্যস্ত নয়। তাই কেউ দেখভাল করে না। ওয়াকওয়েগুলো অপ্রশস্ত, ভ্রমণকারীদের গাদাগাদি করে হাঁটতে হয়। রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। প্রবীণদের স্বাচ্ছন্দ্য চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’ নব্বই দশকের শেষ দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে পার্কটি সাধারণের হাঁটাচলা এবং সাংস্কৃতিক কার্যক্রম চালানোর উপযোগী করে তোলা হয়। এরপর থেকে এটির সংস্কার ও সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। বরং ভ্রমণকারীদের চলাচলে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ আছে। এ ব্যাপারে চন্দন দাশ বলেন, ‘সম্প্রতি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসভবন থেকে অনেক দূরে পার্কের চলাচলের রাস্তায় একটি ফটক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ডিসি পাহাড় ব্যবহারকারীদের প্রতিবাদের মুখে ফটক নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ ছিল। কিন্তু এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়নি।’ ডিসি পাহাড়ের গণশৌচাগারটি নিয়েও বিড়ম্বনার শেষ নেই। সকালবেলার তাজা হাওয়ায় দুর্গন্ধের উৎসও এই গণশৌচাগার। অথচ সেটি ব্যবহারের জন্য নির্দিষ্ট ফিও আদায় করা হয়।এমনিতে অতিরিক্ত মানুষের পদভারে ডিসি পাহাড় দিন দিন তার সৌন্দর্য হারাচ্ছে। তার ওপর বছরজুড়ে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে। এ জন্য পার্কের নির্জন পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। অথচ একদশক আগেও নগরের মাঝখানে এক টুকরো অরণ্যের মতো ছিল এই পাহাড়। তখন শিরীষ গাছের ডাল থেকে উড়ে যেত সবুজ টিয়ার ঝাঁক। রাতে শোনা যেত শেয়াল আর তক্ষকের ডাক। আশির দশকে এখানে সজারুও দেখেছেন আশপাশের এলাকার মানুষজন। তবু বসন্ত এলে এখনো তার আগমনী রং ছড়িয়ে পড়ে এই পাহাড়েই। এখনো পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ফোটে। কিন্তু এমন দৃশ্য বিরল হয়ে উঠছে। বৌদ্ধ মন্দিরের বিপরীত দিকের অংশটিতে একাশিয়া গাছের সারি ছিল। ঘন জঙ্গলের মতো মনে হতো বাইরে থেকে দেখলে। এখন সেসব অতীত। লাবণ্য হারিয়ে ধূসর আর মলিন হয়ে যাচ্ছে শহরের এই সবুজ অংশটি।ডিসি পাহাড় পার্কের মূল পরিকল্পনা অনুযায়ী পুরো পাহাড়ে আরও অনেক হাঁটার পথ থাকার কথা ছিল। কথা ছিল, এখানকার গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা হবে। নার্সারির কবল থেকে পার্কটি রক্ষা করে একটি সত্যিকারের প্রকৃতিবান্ধব পার্ক গড়ে তোলা হবে। সেই স্বপ্নের বাস্তবায়ন দূরে থাক, বর্তমানে যেটুকু আছে, তাও ধ্বংস করা হচ্ছে। স্বস্তি ও শান্তির এই জায়গাটুকু সংরক্ষণ করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের প্রশাসনের কর্তাব্যক্তিরা কি এই সত্য অনুধাবন করবেন?