স্বাগত অক্টোবর উৎসব
প্রথম দেখায় নীল-সাদার মিশেলের সুন্দর পাখিটিকে জীবন্তই মনে হবে। পাখিটি পুরো বরফের তৈরি। তাকে একপলক দেখার ইচ্ছে জাগছে নাকি? তা হলে চলে যেতে হবে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের ব্রাসেরিতে। এখানকার ‘অক্টোবর উৎসবে’ দেখা মিলবে এ বরফপাখির। তবে উৎসবটা কিন্তু শুধু বরফপাখিতেই সীমাবদ্ধ নয়। আয়োজনের বড় অংশই খাবারকে কেন্দ্র করে। সঙ্গে আছে গানের আয়োজনও।এবার অক্টোবর উৎসব প্রসঙ্গে আসা যাক। জার্মানির সবচেয়ে বিখ্যাত উৎসবগুলোর একটি এটি। তবে শুধু জার্মানিতেই নয়, এখন সারা বিশ্বেই উৎসবটি পালিত হয়।র্যাডিসন হোটেলের অক্টোবর উৎসবে পাওয়া যাবে জার্মানদের পছন্দের নানা খাবার। আস্ত টুকরার বিফ নেক, মুরগির নানা পদের রান্না আর মিশ্র সালাদ পাবেন উৎসবে। পাশাপাশি মিলবে মাছের নানা রান্না। এসব পদের মধ্যে স্মোক ফিশ আইটেমটা পরখ করে দেখার মতো।এগুলোর বেশির ভাগই জার্মান কায়দায় রান্না করা। মাছ-মাংসের রান্নার সঙ্গে খাবারের স্বাদ বাড়াবে নানা পদের সালাদ। সালাদগুলোর কোনো কোনোটি ডিম-সবজির মিশেলে তৈরি। আবার কোনোটিতে সবজির সঙ্গে আছে মাছ। পাওয়া যাবে মিষ্টি, নোনতা নানা স্বাদের পিঠা ও রুটি। জার্মান সংস্কৃতির সসেজ, রোস্ট চিকেন, বিশেষ ব্যাভারেন বিফ স্যুপ, হোল চিকেন উইথ ন্যাচারাল গ্রেভি, ন্যুরেমবার্গ রোস্টেড সসেজ আর মাখনও আছে এ তালিকায়। আর খাবার শেষে আছে ফিরনি, গোলাপজাম মিষ্টি আর মৌসুমি সব দেশীয় ফল। জার্মানিতে জনপ্রিয় এসব খাবারের সঙ্গে আছে বাংলাদেশি নানা খাবার। র্যাডিসন হোটেলের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক রিজওয়ানা আজম জানান, বাংলাদেশে বসবাসকারী জার্মানদের পাশাপাশি বাঙালিদের ভিন্ন সংস্কৃতি আর স্বাদের খাবার উপহার দিতেই এ আয়োজন।তিনি আরও বলেন, এ উৎসবে ভিন্ন স্বাদের খাবারের সঙ্গে সংগীত ও বিশেষ ধরনের জার্মান পানীয়েরও ব্যবস্থা আছে।যে কেউ জার্মান খাবার পরখ করতে আর অক্টোবর উৎসবের ছোঁয়া নিতে চলে আসতে পারেন। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।