স্বাগতম জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পড়ার সময় রোবটিকসে হাতেখড়ি শাওন সূত্রধরের। যন্ত্রকৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক ডিগ্রি নেওয়া এই তরুণ প্রকৌশলী ছাত্রাবস্থায় তৈরি করেছিলেন দু-একটা ছোট-খাটো রোবট। শাওনের স্বপ্ন—রোবোটিকস নিয়ে আরও বহুদূর যাবেন। দেশের কাজে লাগে এমন প্রযুক্তি উদ্ভাবন করবেন। কিন্তু এ জন্য উচ্চতর পড়াশোনা ও বিস্তর গবেষণা প্রয়োজন। সে কাজটা এখনই এদেশে সম্ভব নয়। প্রকৌশলীদের স্বর্গ বলা হয় জার্মানিকে। সে দেশেই পড়াশোনার ইচ্ছে তাঁর। কিন্তু জার্মানিতে পড়তে যেতে হলে জার্মান ভাষাটা জানা থাকা চাই। তা ছাড়া কোথায় কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, কীভাবেই বা যোগাযোগ করবেন তা-ও জানা ছিল না। চট্টগ্রামের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে ব্যাপারটা সহজ করে দিল। সেখানে ভর্তি হয়ে তিন মাস ক্লাসও করেছেন। ভাষাটা এখন মোটামুটি বুঝতে পারছেন, বলতেও পারছেন।শাওনের জার্মানে পড়তে যাওয়ার স্বপ্নটা একরকম বাস্তবের মাটিতে পা রেখেছে। এই তো—সামনের ২০ আগস্ট তাঁর দুজন সতীর্থ চুয়েটের তড়িৎ কৌশল বিভাগ থেকে পাশ করা রাশিদুল হাসান ও দেবজানি ঘোষ উড়বেন জার্মানির উদ্দেশে। জার্মানির আখেন বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাচ্ছেন তাঁরা।গত মঙ্গলবার সন্ধ্যায় জামালখানের ডি স্প্রাখে কেন্দ্রে কথা হলো এই তরুণদের সঙ্গে। এখানে ২০০ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে ভাষা শিখছেন। সেদিন একসঙ্গে পাওয়া গেল জনা বিশেক টগবগে তরুণকে। এঁরা সবাই জার্মানিতে পড়তে যাওয়ার উদ্দেশ্যেই জার্মান শিখছেন বলে জানালেন। এই দলে প্রকৌশল বিভাগের শিক্ষার্থী যেমন আছেন তেমনি অর্থনীতি, বাংলা, ইংরেজি—এসব বিভাগের শিক্ষার্থীরাও আছেন। ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী নিজেই জার্মান ভাষা শেখান। শিক্ষার্থীরা তাঁর শিক্ষণ পদ্ধতির কিছু কিছু বিবরণও দিলেন। গান, নাটক, অডিও ভিজ্যুয়াল ইত্যাদির মাধ্যম ব্যবহার করা হয় ভাষা শিক্ষার ক্লাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান জানালেন, ‘জার্মান ভাষা শেখাটা রসকষহীন হবে ভেবেছিলাম। কিন্তু এখানে বেশ মজা করেই আমরা ভাষাটা শিখছি।’শিক্ষার্থীদের মধ্যে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য। জানা গেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে বেশ ভয়ই পান। অথচ এখানে তিনি তাঁদের সতীর্থ। শ্যামল জানালেন, জার্মানির কাসেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের বিভাগের একটা শিক্ষাবিনিময় চুক্তি আছে। এই চুক্তির আওতায় ‘ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে পড়তে চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা কাসেল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার আগে অন্তত কিছুটা হলেও জার্মান ভাষার ব্যুৎপত্তি চাই। তাই পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জার্মান শেখাচ্ছে ডি স্প্রাখে। তিনি পিএইচডি কোর্সে পড়তে কাসেল বিশ্ববিদ্যলয়ে যাবেন। এই কারণে শিক্ষার্থীদের সঙ্গে এখানে এক আসনে বসা। ২০০৭-এর জুলাইতে চট্টগ্রামে ডি স্প্রাখে চালু হওয়ার পর প্রতিবছরই কিছু কিছু শিক্ষার্থী জার্মানি পড়তে যাচ্ছেন। গত চার বছরে চট্টগ্রামের প্রায় ৩০ জন শিক্ষার্থী জার্মানি গেছেন পড়াশোনা করতে। জয়ন্ত জানান, ‘এখানে একটা জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র গড়ে তোলা খুব চ্যালেঞ্জিং ছিল। আলিয়ঁস ফ্রঁসেজে মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। এখন নিজস্ব কার্যালয় হয়েছে। প্রায় ২০০ শিক্ষার্থী এখানে জার্মান ভাষা শিখছেন।’জার্মানি ও অস্ট্রিয়ায় ১১ বছর জার্মান ভাষার উপর পড়াশোনার পর দেশে ফিরে এসে চট্টগ্রামে ডি স্প্রাখের একটি শাখা খোলার ভাবনা আসে জয়ন্ত চৌধুরীর। গ্যাটে ইনস্টিটিউট বিভিন্নভাবে চট্টগ্রামের ডি স্প্রাখকে সহযোগিতা করলেও প্রতিষ্ঠানটি নিজ অর্থায়নেই এগিয়ে চলছে। জার্মান সরকারের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করছে ডি স্প্রাখে চট্টগ্রাম। এর একটি হলো বিদ্যালয়ে জার্মান ভাষা জনপ্রিয় করার প্রকল্প।পাশ নামের এই প্রকল্পের আওতায় নগরের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক দের জার্মান ভাষা শেখাচ্ছে ডি স্প্রাখে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের একটি বিষয় হিসেবে জার্মান ভাষাও যুক্ত হয়েছে। সেখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়ান জয়ন্ত চৌধুরী। তাঁর মতে, ‘গ্যাটে, হোল্ডার্লিন, রিলকে ও গুন্টারগ্রাসের মতো কবি-সাহিত্যিকদের দেশ জার্মানির সঙ্গে রবীন্দ্রনাথ-নজরুলের বাংলাদেশের একটা সাংস্কৃতিক যোগাযোগ তৈরিতে চট্টগ্রামের ডি স্প্রাখে ভূমিকা রাখতে পারে। ভাষা শিক্ষার পাশাপাশি এ জন্য তাঁরা চলচ্চিত্র প্রদর্শনী, সংগীতায়োজন, সেমিনার ইত্যাদির আয়োজন করে থাকেন। এই প্রতিষ্ঠান যদি কিছুটা হলেও নগরের সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করে, তবে তাঁদের উদ্যোগ সার্থক হবে বলে জানালেন জয়ন্ত। কথা ও আড্ডার এক ফাঁকে এল মিষ্টি। জানা গেল, রশিদুল আর দেবজানি জার্মানি যাত্রা উপলক্ষে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন। মিষ্টি খেয়ে বিদায় জানানোর পালা। রাশিদুল ও দেবজানিকে শুভ কামনা জানানোর পর জার্মান ভাষায় বিদায় জানালেন তাঁরা। আউফ ভিডারজেহেন অর্থাৎ বিদায় বন্ধু।