
আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের রাশেদা বেগম (২৭)। উচ্চমাধ্যমিক পাস। একসময় একটি বেসরকারি সংস্থা পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে মাত্র এক হাজার টাকা বেতনে শিক্ষকতা করতেন। স্বামী আবদুল আলীম বর্গাচাষি। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁদের সংসার চলত খুবই কষ্টে। দুই বছর আগে থেকে সেই কষ্ট আর নেই। স্বামীর চাষাবাদ আর নিজের আয়ে সন্তানদের নিয়ে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই এগিয়ে নিচ্ছেন সংসারের তরি। এই স্বাচ্ছন্দ্য তাঁকে এনে দিয়েছে কেইপিজেডের (কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) একটি জুতা কারখানার চাকরি।
রাশেদা বললেন, ‘দুই বছর আগেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। দুই বছর আগে কেইপিজেডে জুতা কারখানায় লোক নেওয়া হচ্ছে জেনে সেখানে যোগাযোগ করে একটি চাকরি পেয়ে যাই। শুরুতে চার হাজার টাকা বেতন পেলেও এখন সব মিলিয়ে আট হাজারের কিছু বেশি পাই। চাষের ধান এবং বেতনের টাকায় মোটামুটি ভালোই আছি।’
রাশেদার মতো সুমি আকতারসহ উপজেলার তিন হাজারেরও বেশি সাধারণ নারী-পুরুষ এখন সচ্ছলতার মুখ দেখছেন কেইপিজেডের জুতা কারখানা কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (কেএসআইএল) চাকরির সুবাদে। এসব নারী-পুরুষ পাখিডাকা ভোরে কর্মস্থলে ছোটেন আর পড়ন্ত বেলায় ফেরেন বাসাবাড়িতে। বদলে গেছে তাঁদের জীবনযাত্রার মানও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় অবস্থিত কেইপিজেডে দক্ষিণ কোরিয়ার বেসরকারি প্রতিষ্ঠান ইয়ং ওয়ান করপোরেশন কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজ স্থাপন করে। এখানে এটি তাদের প্রথম স্থাপনা।
২০০৯ সালে স্থাপিত কারখানাটি ২০১১ সালের অক্টোবরে উৎপাদনে যায়। দুই মাসের মাথায় উৎপাদিত জুতা রপ্তানি হয় কোরিয়ায়। বর্তমানে বিশ্বের ১২টি দেশে রপ্তানি হচ্ছে এখানকার জুতা। ৯০ একর জায়গার ওপর স্থাপিত কারখানার চার ইউনিটে বর্তমানে চার হাজারের বেশি শ্রমিক কাজ করছে। এদের বেশির ভাগ নারী।
১০ সেপ্টেম্বর সকাল ৯টায় কারখানায় গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে শ্রমিকেরা কারখানায় ঢুকছেন। ভেতরে চারটি ইউনিটে চলছে জুতা তৈরির কাজ। পাশের অন্য দুটিতে চলছে অদক্ষ শ্রমিকদের জুতা ও ব্যাগ তৈরির প্রশিক্ষণ।
ইউনিট-২ এ কর্মরত নারী শ্রমিক সুমি আকতার বলেন, ‘এখানে কাজের পরিবেশ ভালো। আমরা সকাল নয়টায় আসি, পাঁচটায় ছুটি হয়। দুপুরের খাবার কর্তৃপক্ষ দেন। মাসের শেষে বেতনও পাই নিয়মিত।’
এদিকে, কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ চালু হওয়ার পর থেকে কর্মজীবী নারী-পুরুষের পদচারণে পাল্টে যেতে শুরু করেছে আনোয়ারার রাস্তাঘাট ও বিপণিকেন্দ্রগুলোর চিরচেনা দৃশ্য। বিশেষ করে শ্রমিকেরা কারখানা থেকে ফেরার পথে তাঁদের কেনাকাটায় সরগরম হয়ে ওঠে বন্দর কমিউনিটি সেন্টার ও চাতরি চৌমুহনী বাজারসহ আশপাশের দোকানপাট। অন্য জেলা থেকে আসা শ্রমিকেরা স্থানীয়ভাবে বাসা নিয়ে থাকার ফলে ঘরভাড়া দিয়ে আয়-রোজগারের পথ সুগম হয়েছে স্থানীয় বাড়ির মালিকদের।
জানতে চাইলে কেইপিজেডের মহাব্যবস্থাপক আফতাব উদ্দিন আহমেদ বলেন, এখানে প্রায় ৮০ ভাগ কর্মীই স্থানীয়। সবাই আন্তরিকতা নিয়ে কাজ করছে। কেইপিজেড ও জুতা কারখানা পুরোপরি চালু হলে আনোয়ারার মানুষের আর্থ-সামাজিক অবস্থার বিশাল পরিবর্তন ঘটবে।
এ ব্যাপারে কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হাসান নাসির প্রথম আলোকে বলেন, এখানকার জুতা কারখানাটি পুরোপুরি চালু চলে এটি হবে এশিয়ার সবচেয়ে বড় জুতা তৈরির কারখানা। আর তখন এতে ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে।