স্বাদ অনুভবে স্থূল শিশুরা পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের স্বাদ অনুভবের ব্যাপারে স্থূলকায় শিশুরা স্বাভাবিক ওজনের শিশুদের চেয়ে পিছিয়ে। ফলে তারা খাবারের একই স্বাদ পেতে তুলনামূলক বেশি খায়। জার্মানির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।আর্কাইভস অব ডিজিজ ইন চাইল্ডহুড সাময়িকীর অনলাইন সংস্করণে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট গবেষকেরা ছয় থেকে ১৮ বছর বয়সী ১৯৩ জন সুস্থ শিশুর খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করেন। ওই শিশুদের জিবে মিষ্টি, টক, নোনতা, উমামি (বিশেষ মজার স্বাদ) ও তেতো এই কয়টি মৌলিক স্বাদের ২২টি নমুনা দিয়ে প্রতিটি স্বাদ ও এর তীব্রতা চিহ্নিত করতে বলা হয়। দেখা যায়, স্থূলকায় শিশুরা বিভিন্ন স্বাদের পার্থক্য ধরতে সমস্যায় পড়েছে এবং বেশি সময় নিয়েছে। শিশুরা সহজে শনাক্ত করতে পেরেছে মিষ্টি ও নোনতা স্বাদ। নির্ভুলভাবে স্বাদ শনাক্ত করতে পেরেছে মেয়ে ও তুলনামূলক বেশি বয়সী শিশুরা। স্থূল শিশুরা সবচেয়ে তীব্র স্বাদকেও কম মাত্রার বলে চিহ্নিত করেছে।গবেষকেরা বলছেন, এ থেকে শিশুদের স্বাদের অনুভূতি ও শারীরিক ওজনের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে। তবে শিশুদের স্বাদ চিহ্নিত করার সামর্থ্য কম হলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে কি না অথবা স্থূলতাই তাদের স্বাদের অনুভূতি কমিয়ে দেয় কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। টাইম।