স্বাদ বাড়াতে বাড়তি কিছু
ঈদের পর এই সময়ে মাংসের নানা পদ রান্না হবে। চেনাজানা পদগুলোই একটু ভিন্নভাবে পরিবেশন করতে পারেন। সে জন্য একটু আগেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন।‘বাজার থেকে বিভিন্ন ধরনের সস কিনে এনে রাখতে পারেন। আর গরম মসলা গুঁড়া, কাবাবের মসলা গুঁড়া, ধনে, হলুদ, জায়ফল, জয়ত্রী গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, জিরাবাটা, পোস্তদানা বাটা—এসব আগে থেকে প্রস্তুত করে কৌটায় কিংবা বক্সে রেখে দিলে রান্না করতে কম সময় লাগবে। আবার রান্নায় ভিন্নতা আনা যাবে সহজেই।’ বলছিলেন রান্নাবিদ সিতারা ফিরদৌস। জেনে নিন মাংস রান্নার জন্য তাঁর পরামর্শ।আবার কাবাব, কোপ্তা, ভুনা কাবাব, হাড়িয়া কাবাব, রেজালা, কোরমা—এসব মসলাপাতি দিয়ে আগে থেকে অর্ধেক রান্না করে রাখা যেতে পারে। পরে প্রয়োজনমতো রেঁধে পরিবেশন করতে পারেন। এসবের জন্য একটু ভিন্ন ধরনের মসলাপাতি, সস, ভিনেগার এসবের প্রয়োজন হয়ে থাকে। মাংস রান্নার সময় কাঁচা পেঁপে দিলে তা তাড়াতাড়ি গলাতে সাহায্য করে। আবার বিভিন্ন রকমের পনির ব্যবহার করে মাংসের স্বাদে বৈচিত্র্য আনা যায়। তবে স্বাদলবণ মাংস রান্নায় ব্যবহার করা উচিত নয়। এতে টাটকা মাংসের স্বাদটাই বদলে যায়। ভুনা মাংস রান্নায়পেঁয়াজ, সিরকা বা ভিনেগার কিংবা টক দই, আদা, রসুনবাটা, গরম মসলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মরিচ, হলুদ মিশিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে ভুনা মাংস। ভুনা মাংসের সঙ্গে রুটি, পরোটা, মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন অনেকে।কাবাবজাতীয় খাবার তৈরিতেকাবাব চিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, রাঁধুনি, ধনিয়া, জিরা, জায়ফল, জয়ত্রি, খসখস ইত্যাদি মসলা গুঁড়া করে মাংসে দিলে কাবাবের সুঘ্রাণ বের হবে। সে ক্ষেত্রে মসলাগুলো তিন-চার দিন আগে গুঁড়া করে কৌটায় রেখে দিতে হবে।হান্টার বিফ, কোল্ড বিফ তৈরিতেঈদের কয়েক দিন পর হান্টার বিফ, কোল্ড বিফ তৈরি করতে পারেন। কেননা তখন ঝামেলা একটু কম থাকে। মাংস কেটে নিয়ে সোডা, ব্রাউন সুগার কিংবা আখের গুড় মিশিয়ে এগুলো ভিজিয়ে রাখতে হবে দুই-তিন দিন। এরপর রান্না করতে হবে।বারবিকিউ করতেবারবিকিউ স্টেক, বারবিকিউ গ্রিল, বারবিকিউ চাপ অর্থাৎ যেকোনো ঝলসানো খাবার করতে বারবিকিউ সস ব্যবহার করা যেতে পারে।মাংসের কোরমা তৈরিতেটক দই, দুধ, মিষ্টি দই, আদা, রসুন, পেঁয়াজ, গরম মসলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেল, ঘি, পেঁয়াজ বেরেস্তা, আলুবোখারা, পেস্তাবাদাম, কিশমিশ, জায়ফল, জয়ত্রি গুঁড়া আগে থেকে প্রস্তুত করে হাতের কাছে রাখতে হবে। পরে মাংসের কোরমা রান্না করার সময় সব মসলা মাখিয়ে সহজে দ্রুত রান্না করা সম্ভব হবে।বিরিয়ানি, রেজালা তৈরিতে শাহি জিরা, পোস্তদানা, বাদামবাটা, টক দই, দুধ, তেঁতুলের মাড় (তেঁতুল গোলানো), আলুবোখারা, পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মসলা, জায়ফল, জয়ত্রি গুঁড়া—এসব মসলা বিরিয়ানি ও রেজালা তৈরিতে লাগে। তাই সব মসলাপাতি আগে থেকেই প্রস্তুত করে রেখে দিতে হবে।হাঁড়িয়া কাবাব তৈরিতেপাতলা করে মাংস কেটে অল্প পেঁপেবাটা বা পেঁপের কষ দিলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে মাংস। ফলে হাঁড়িয়া কাবাব তৈরিতে কম সময় লাগবে। সস, ভিনেগার সয়াসস, ওয়েস্টার সস, ভিনেগার মাংস নরম করতে কাজে লাগে, মাংসের স্বাদও বাড়ায়।মাংস রান্নার ঘণ্টা দুই-তিন আগে মাংসের সঙ্গে টমেটোর সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, হলুদ, মরিচ, লবণ, গোলমরিচ, মসলা দিয়ে মাখিয়ে রেখে পরে রান্না করলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দরদামঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেওয়া হলো মাংস রান্নার নানা প্রয়োজনীয় উপকরণের দাম।সিরকা বা ভিনেগার ৩৮ টাকা, সয়াসস ৬৫ টাকা, ওয়েস্টার সস ১৩০ টাকা, টমেটো সস ১৩৫ টাকা, খসখস ২০-৩০ টাকা কেজিপ্রতি, রাঁধুনি ২০ টাকা (১০০ গ্রাম), জয়ত্রি ৫০-৬০ টাকা কেজিপ্রতি, জায়ফল ১৬০০ টাকা কেজিপ্রতি, বারবিকিউ সস ১৮০ টাকা, আলুবোখারা ৭২০ টাকা কেজিপ্রতি, ধনিয়া ৮০ টাকা কেজিপ্রতি, জিরা ৪৮০ টাকা কেজিপ্রতি, পোস্তদানা ৮০০ টাকা কেজিপ্রতি, পেস্তাবাদাম ১৬০০ টাকা কেজিপ্রতি, শাহি জিরা ১৪০০, কাবাব চিনি ১৬০০ টাকা কেজিপ্রতি, সাদা গোলমরিচ ১৩০০ টাকা কেজিপ্রতি, কালো গোলমরিচ ৯০০ টাকা। কোথায় পাবেনপাইকারি দরে কিনতে চাইলে ঢাকার কারওয়ান বাজার মার্কেটে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় মসলাপাতিসহ সব ধরনের রান্নার সামগ্রী। এ ছাড়া ঢাকার নিউমার্কেট, মৌচাক মার্কেট, আলমাস, আগোরা, মিনাবাজার, নন্দন, স্বপ্ন এসব সুপার শপে আপনি এসব মসলাপাতিসহ প্রায় সব ধরনের রান্নার দরকারি সামগ্রী পাবেন।