স্বাদে নতুন মুচমুচে র্যাপ
খাবারটা তৈরির প্রক্রিয়া অনেকটাই আমাদের পাটিসাপটা পিঠার মতো। কিন্তু মালয়েশিয়ার এই খাবারটির নাম ক্রিসপি র্যাপ। ঢাকার সীমান্ত স্কয়ারের (সাবেক রাইফেলস স্কয়ার) মূল প্রবেশপথ দিয়ে ঢুকেই ডান দিকের কাচঘেরা ছোট্ট স্টল এই হট এন রোল। এর উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেল, এই খাবার তিনি প্রথম দেখেন মালয়েশিয়ায়। খেয়ে মজা পান। একদিন খেতে খেতেই সিদ্ধান্ত নিলেন, এরপর দেশে ফিরে নিজেই একটা দোকান দেবেন। পরবর্তী সময়ে মালয়েশিয়া থেকে চুলা ইত্যাদি সরঞ্জাম এনে মাস চারেক আগে শুরু করা হয় এই দোকান। কিন্তু বাধল নতুন বিপত্তি। এখানকার কোনো শেফ ক্রিসপি র্যাপটা ঠিক বানাতে পারছেন না। এক মাসের জন্য দোকান বন্ধ করা হলো। মালয়েশিয়া থেকে নিয়ে আসা হলো শেফ। তাঁর কাছে রীতিমতো কোর্স করে শাহাবুদ্দিন নামের স্থানীয় এক ছেলেকে তৈরি করা হয়। এরপর নতুন করে দোকানটি আবার চালু হয় তিন মাস আগে। ব্যস, এর পর থেকেই ক্রিসপি র্যাপের জন্য ভোজনরসিকদের আনাগোনা বেড়ে গেল হট এন রোলে। বেশ কয়েক ধরনের রোল পাওয়া যায় এখানটায়। ভেতরের খাদ্যদ্রব্যগুলো বাদ দিলে তৈরি করার প্রণালিটা একই। কোনোটার ভেতরে মুরগির মাংস দেওয়া হচ্ছে তো কোনোটায় গরুর মাংস। স্বাদের তারতম্য হচ্ছে তাতেই। রোল বানানোর জন্য একধরনের বিশেষ চুলা আনা হয়েছে। যার ওপরের পুরোটা একটা পাথরের খণ্ড। এর ওপরেই রোলটা বানানো হচ্ছে। যার তাপমাত্রা সব সময় ২০০ থেকে ২৫০ ডিগ্রি ফারেনহাইটে রাখতে হয়। ঘরে অবশ্য তাওয়ার ওপরেই বানাতে পারবেন। আর দামটাও হাতের নাগালেই আছে।