স্বাদের খাবারে চুলের পুষ্টি

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যকর খাবার শরীরের ভেতর থেকে চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে। চুলের যত্নে পুষ্টি জোগায়। এমন কিছু খাবারের রেসিপি দিয়েছেন শুভাগতা গুহ রায়।

মিল্ক শেক

উপকরণ: ভ্যানিলা আইসক্রিম ৪ কাপ, দুধ ১ কাপ, ভ্যানিলা এসেন্স আধা টেবিল চামচ ও কলা ১টি।

প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

ছবি: খালেদ সরকার

আমলকীর জুস

উপকরণ: আমলকী ৪টি, এক চিমটি জিরাভাজার গুঁড়া, বিট লবণ পরিমাণমতো, গোলমরিচ (সাদা) ৬টি, পুদিনাপাতা ৬টি, পানি ১ কাপ ও মধু পরিমাণমতো।

প্রণালি: আমলকী টুকরা করে নিন। ব্লেন্ডারে আমলকী, জিরা, বিটলবণ, গোলমরিচ, পুদিনাপাতা, পানি ও মধু একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করতে হবে। ছাঁকনিতে ছেঁকে মধু মিশিয়ে পরিবেশন করতে হবে।

ছবি: খালেদ সরকার

খেজুরের হালুয়া

উপকরণ: খেজুর ২ কাপ, কাজুবাদাম ১২টি (কুচি করে নিতে হবে), ঘি ১ কাপ, দুধ ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, পানি আধা কাপ, এলাচগুঁড়া পরিমাণমতো।

প্রণালি: বিচি ফেলে খেজুর দুধ দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। নরম হলে তারপর ব্লেন্ড করতে হবে। এবার কড়াইয়ে ঘি দিয়ে অল্প জ্বালে অনবরত নাড়তে হবে। ঘি শুকিয়ে এলে আবারও ঘি দিয়ে ভালো করে মিনিট ১৫ নাড়তে হবে। এরপর কর্নফ্লাওয়ার ও পানি ভালো করে মিশিয়ে, খেজুরে দিয়ে ভালো করে নাড়তে হবে।

অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ ঘি দিয়ে কাজু বাদামের কুচি হালকা করে নেড়ে নিতে হবে। এবার ঘিসহ কাজুবাদাম হালুয়ার মধ্যে ঢেলে দিতে হবে। এলাচগুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। যখন মনে হবে তেল ছেড়ে দিচ্ছে, তখন নামিয়ে একটি পাত্রে বেকিং পেপারে বিছিয়ে ৩০ মিনিট ঠান্ডা করে ইচ্ছামতো কেটে ওপরে বাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে।

ছবি: খালেদ সরকার

কাঠবাদামের সালাদ

উপকরণ: আপেল ১টি, কাঠবাদাম (ভেজে নেওয়া) ১০টি, মেয়নিজ পরিমাণমতো, চিনি খুব সামান্য পরিমাণমতো।

প্রণালি: আপেল টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ভেজে রাখা বাদাম, আপেল টুকরো মেয়নিজ ও চিনি একসঙ্গে ভালো করে মাখিয়ে পরিবেশন করতে হবে।

ছবি: খালেদ সরকার

মলা মাছের বাটি চচ্চড়ি

উপকরণ: মলা বা মৌরলি মাছ ২৫০ গ্রাম, ঝিঙা মাঝারি আকারের ২টি (লম্বা টুকরো করতে হবে), পেঁয়াজকুচি সিকি কাপ, কাঁচা মরিচ ৬টি (ইচ্ছামতো কমবেশি করতে পারবেন), শর্ষের তেল এক কাপের চার ভাগের তিন ভাগ, আদা-রসুনবাটা দেড় চা-চামচ, হলুদ পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

প্রণালি: মাছ, পেঁয়াজ, কাঁচা মরিচ, ঝিঙে, তেল, আদা, রসুন, হলুদ ও লবণ ভালো করে মেখে কড়াইয়ে দিয়ে চুলায় বসাতে হবে। সামান্য পরিমাণ পানি দিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পরে তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে নিতে হবে।

ছবি: খালেদ সরকার