স্বাদের সরষে শাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরষে শাক
সরষে শাক

দিগন্ত বিস্তৃত মাঠ সরষে ফুলে ছেয়ে গেছে। এখন গাঢ় হলুদে মোড়ানো সরষে মিষ্টি গন্ধ ছড়ায় সারা দিন। গন্ধে আকৃষ্ট হয়ে ঝাঁক-ঝাঁক মৌমাছির বাসাবাড়ি এখন এখানেই। ফুলেভরা সরষে একসময় সরষেদানায় ভরে যাবে। পাবেন সরষের তেল। শুধু তেলের জন্যই সরষে চাষ হয় না। শাক হিসেবে খাওয়ার জন্যও বিশাল পরিসরে চাষ হয়ে থাকে। সরষে শাকের আদ্যোপান্ত নিয়ে বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, ‘এই শাক নানাভাবে খাওয়া যায়। তরকারি শুধু নয়, ভর্তা হিসেবেও দারুণ স্বাদের। এটি রোগের পথ্যও। আর ক্যালসিয়ামের সহজলভ্য উৎস। যাঁদের রক্তে ক্যালসিয়াম আর পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, শুধু তাঁদের ক্ষেত্রেই খানিকটা বিধিনিষেধ আছে।’
সরষেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকায় এটি হাড়ের জন্য অত্যন্ত ভালো। তাই নিয়মিত সরষে শাক খেলে অস্টিওপোরেসিসের মতো হাড়ের রোগগুলো সহজে এড়ানো যায়।
শাকটিতে ডায়াটরি ফাইবার থাকে। এটি শরীরের মেটাবলিজমকে ত্বরান্বিত করে ওজন হ্রাসে সাহায্য করে।
দৃষ্টিশক্তি প্রখরতা বাড়ায় সরষে শাক। খারাপ কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করার অসাধারণ এক ক্ষমতা আছে। তাই হৃৎস্থাস্থ্য সুরক্ষায় শাকটি কার্যকর। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই শাকটি কোলন ক্যানসার, ফুসফুস ক্যানসার, স্তন এবং জরায়ু ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে।
যাঁরা শ্বাসকষ্টে ভুগছেন তাঁরাও খেতে পারেন। শ্বাসকষ্ট দূর হবে সহজেই।
যাঁরা এই গাড় শীতে সর্দি-কাশিতে কাবু হয়ে গেছেন, তাঁরা এই শাক খেলে উপকার পাবেন।
গ্রন্থনা: সিদ্ধার্থ মজুমদার