স্বাধীনতার ছড়া, কবিতা আবৃত্তি, নাচ, গান, গুণীজন সংবর্ধনা এবং আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম একাডেমি আয়োজিত স্বাধীনতা উৎসব। গত ২৪ মার্চ শনিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে ডিসি হিল প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেনের সভাপতিত্বে আলোচনা করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরী এবং একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফ।আলোচনা সভার পর বিকেলে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর। এরপর দলীয় পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য ও সংগীতানুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় অংশ নেয় বোধন আবৃত্তি পরিষদ, প্রাপণ একাডেমি ও শব্দনোঙ্গর। একক আবৃত্তি পরিবেশন করেন রণজিৎ রক্ষিত ও অঞ্চল চৌধুরী। সংগীত পরিবেশন করেন কল্পনা লালা, নাজমুল আবেদীন চৌধুরী, মানসপাল চৌধুরী, শাহরিয়ার খালেদ, ইকবাল হায়দার ও হাসান জাহাঙ্গীর।দ্বিতীয় দিনের অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। বিশেষ অতিথি ছিলেন এয়াকুব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এয়াকুব আলী, শুভেচ্ছা বক্তব্য দেন এস এম আবদুল আজিজ। ওই দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত ব্যক্তিরা ছিলেন মৃণাল ভট্টাচার্য, জয়ন্তী লালা, সুজিত রায়, বাণী কুমার চৌধুরী ও সখিনা বেগম। আলোচনা অধিবেশন শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী ও আয়েশা হক। আলোচনা অনুষ্ঠানের আগে গান এবং দলীয় নৃত্য পরিবেশন করে ব্র্যাক বাংলাদেশ ফোরামের শিল্পীরা। দলীয় পরিবেশনায় অংশ নেয় প্রমা, বৃন্ত, তারুণ্যের উচ্ছ্বাস, সুরঙ্গণা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। সমাপনীর দিন সকাল ১০টায় শুরু হয় দেশের গানের প্রতিযোগিতা। সাহিত্যিক বেগম রুনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরএসআরএমের চেয়ারম্যান এম রহমান। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগঠক ফরহাদ হোসেন, মোহাম্মদ সাহাবউদ্দিন, অরুণ শীল। বক্তব্য দেন, শিশু সমাবেশ উপ-পরিষদের আহ্বায়ক খালেদা আউয়াল ও পরিষদের সচিব মো. জাহাঙ্গীর মিঞা। তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব উপলক্ষে আয়োজন করা হয় বইমেলার। এতে অংশগ্রহণ করে বিশ্ব সাহিত্যকেন্দ্র, শৈলী প্রকাশনী, দিগন্ত, অক্ষর, চট্টগ্রাম একাডেমি, মনন প্রকাশন এবং বাংলাদেশ শিশু একাডেমী।