স্বাধীনতা উৎসবে ২৪ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মার্চ সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছিল এই উৎসব। শেষ হয়েছে ২৮ মার্চ সন্ধ্যাছয়টায়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়া এই উৎসবেই রোববার মোবাইল ফোন অপারেটর একটেল হয়ে গেল ‘রবি’। ‘রবি’র নতুন প্রতীক ও ব্র্যান্ডিংয়ের ঘোষণা দিল আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড। সেই অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়েই এই আয়োজন।ধানের খেতের মধ্যে দেখা যায় রাজশাহীর চরাঞ্চলের নৌকা। পাশেই রয়েছে কয়েক সারি পাহাড় আর একটি গাছের নিচে চলছে সাঁওতাল সম্প্রদায়ের বাসন্তী উৎসব। কয়েক কদম পেরোলেই দেখা যায় হরেক রঙের ছাতায় ভরে গেছে সারা গাছ! প্রকাণ্ড ছাতার নিচে বসে জিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা। অনেকে আবার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে দেখছেন এর সৌন্দর্য। এবার আর কক্সবাজারকে খুব দূরে মনে হলো না। এই পথ ধরে একটু সামনে এগোলেই অনেক মানুষের সমাগম। নাগরদোলায় উঠছে অনেকে, এক দলের পর অন্য দলের অপেক্ষা। চারদিকেই হরেক রঙের আলোকসজ্জা। দেখেই ভালো লাগছিল।ভাবছেন একই জায়গায় একসঙ্গে এত কিছু! কিন্তু কীভাবে? বিভ্রান্ত হবেন না। হ্যাঁ, এভাবেই সাজানো হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ‘বাংলাদেশ মেলা’। যেন একটি স্থানে সারা দেশকে একটু একটু করে তুলে ধরা হয়েছে। সুবিশাল মঞ্চটা সাজানো হয়েছে রাজপ্রাসাদের আদলে। মেলাটির আয়োজন করেছে আজিয়াটা বাংলাদেশ লিমিটেড। সন্ধ্যা থেকেই তরুণ-তরুণীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। জাতীয় সংগীতের মধ্য দিয়েই শুরু হয় এই মেলা। এরপর দর্শকদের মুখিয়ে রাখতে মঞ্চে একের পর এক চমক আসতে শুরু করে।গান নিয়ে আসে রেনেসাঁ ব্যান্ড। শুরুতেই স্বাধীনতাযুদ্ধের সময়কার সেই কালজয়ী গানগুলোর কথা বলেন নকীব খান। এরপর একে একে গেয়ে যান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’, ‘হে বাংলাদেশ তোমার বয়স হলো কত’, জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’, ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, ‘হূদয় কাদামাটির কোনো মূর্তি নয়’ এসব গান। এর ঠিক পরপরই আসে পপসম্রাট আজম খান।সঙ্গে সঙ্গেই ‘গুরু’ ‘গুরু’ বলে চারদিকে রব উঠতে থাকে। আজম খানের কণ্ঠে ভেসে আসে ‘আমি যাকে চাইরে’ ও ‘রেললাইনের ওই বস্তিতে’ গান দুটি। এরই ফাঁকে তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘আমরা এ দেশ স্বাধীন করেছিলাম। আমরা আর বেশি দিন বেঁচে থাকব না। তোমরা দেশটাকে ভালোভাবে দেখে রাখবে। আর মাতৃভাষা বিকৃত করবে না। একে রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য।’ আজম খানের গানের পাশাপাশি দুটি গান করে উচ্চারণ ব্যান্ড। গান শুনতে শুনতে দর্শকদের চমকে দিয়ে মঞ্চে উপস্থিত হলেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। তিনি দেখালেন তিনটি জাদু। মাথাকাটা যন্ত্র দিয়ে মাথা কেটে দেওয়ার পরও দিব্যি মাথা থাকল অটুট! এরপর একটি বাক্স থেকে একজনকে বেমালুম গায়েব করে দিলেন আবার ফিরিয়েও আনলেন। এভাবেই বিস্ময়কর জাদু দেখিয়ে চলে গেলেন তিনি। এরপর মঞ্চে এল বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী লোকগান। কেমন লাগছে মেলায়—জানতে চাইলাম মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তূর্যের কাছে। তিনি জানান, ‘নানা আয়োজনের এ মেলায় এসে অনেক ভালো লাগছে, পছন্দের শিল্পীদের গান শুনতে পারছি, আজ সারা রাত এখানে কাটিয়ে দেব।’ মন কেড়ে নেওয়া আয়োজনঅনেক মানুষের ভিড়। ঘড়ির কাঁটায় তখন রাত নয়টা ২০ মিনিট। নাঈম ও আলিফের উপস্থাপনায় জানা যায়, মঞ্চে আসছে প্রাচ্যনাটের পরিবেশনায় নাটক সার্কাস সার্কাস (আংশিক)। এরপর মঞ্চে আসেন শিল্পী অর্ণব এবং একে একে গেয়ে চলেন, ‘তোমার জন্য মিলছে তারার একটুখানি আলো’, ‘সে যে বসে আছে একা একা’, ‘সোনাদিয়া বান্ধিয়াছি ঘর’ জনপ্রিয় তিনটি গান। ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের সঙ্গে মঞ্চে ব্রাহ্মণ শিল্পীগোষ্ঠীর শারীরিক কসরত সবার দৃষ্টি কাড়ে। বল, ছুরি, থালা ইত্যাদি দিয়ে খেলা দেখতে দেখতে সবার দৃষ্টি আটকে যায় এক চাকার সাইকেল চালনার দিকে। কিছুক্ষণ পর ‘বাঁশি বাজে বাজে মন্দিরা বাজে’ গানের সঙ্গে একটি দলীয় নৃত্য দর্শক মনোযোগ দিয়ে উপভোগ করে। ঘড়ির কাঁটা যখন পৌনে ১১টায়, ঠিক তখনই মঞ্চে আসে ব্যান্ডদল ‘সোলস’। টানা ৩০ মিনিট দর্শকদের নেচে-গেয়ে ঘাম ঝরিয়ে তারা একে একে পরিবেশন করে, ‘এই মুখরিত জীবনের’, ‘রিমঝিম ঝিম বৃষ্টি’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কেন এই নিঃসঙ্গতা’সহ পাঁচটি গান। এরপর মঞ্চে আসে ব্যান্ড ‘মেঘদল’। তারাও উপহার দেয় বেশ কিছু জনপ্রিয় গান। এর মধ্যে উপস্থাপক রাত ১২টার পর একটি চমক আছে বলে জানান। ১২টা বাজার আগেই ‘মাকসুদ ও ঢাকা’ মঞ্চে আসেন। তাঁদের গাওয়া সব কটি গানে দর্শক নেচে-গেয়ে আনন্দ করেন। তাঁদের গাওয়া গানগুলোর মধ্য ছিল ‘পৃথিবীতে এসেছি’, ‘স্বপ্নগুলো স্যাঁতসেঁতে’, ‘মৌসুমি’, ‘মেলায় যাইরে’ ইত্যাদি। এক ঘণ্টার গানে বুঁদ হয়ে ডুবসাঁতার কাটে দর্শক। আনন্দে উদ্ভাসিত হয়ে দর্শনার্থী অনিক জানান, এ রকম গান হলে ২৪ ঘণ্টা কেন, ৪৮ ঘণ্টাও থাকা যায়। রাতের গভীরতা তাই বুঝতে পারছিল না সোহরাওয়ার্দী উদ্যানের পাখিরাও। লেজার আলোর চোখ ধাঁধানো আয়োজনে উপস্থাপক নাঈম জানান, রাত ১২টা বেজে গেছে। তাই এখন একটু একটু করে চমক আনা হবে। ওই সময় ঘোষণা করা হয়, একটেল এসএমএস রেট। মোবাইল স্ক্রিনের আলো তখন দর্শক সারিতে জোনাকির আলোর মতো জ্বলতে থাকে। নতুন অফারটি নিতে সবাই ব্যস্ত। কিছুক্ষণ পর মঞ্চে আসে ‘শিরোনামহীন’। তারা ৩০ মিনিটে পাঁচটি গান গেয়ে শোনায়। তাদের গাওয়া, ‘বাড়ির পাশে ছোট্ট নদী’, ‘একা পাখি বসে আছে’, ‘বন্ধ জানালায়’, ‘তুমি চেয়ে আছ তাই’ গান শুনতে শুনতে কথা হলো পলাশী থেকে আসা মুক্তানূর ইসলাম ও তাঁর বন্ধুদের সঙ্গে। এই প্রথম এত বড় বাংলাদেশ মেলা, এতে না এলে অনেক মজা হাতছাড়া হতো। ধৈর্যের কথা জিজ্ঞেস করতেই উত্তর, অনুষ্ঠানের মান ভালো হলে দীর্ঘসময়েও ধৈর্য থাকে। রাত দেড়টায় মঞ্চে লালনের গান ‘কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখাই আসমানে’-এর সঙ্গে চমত্কার আগুন নিয়ে খেলা সবাই উপভোগ করে। এরপর ব্যান্ডদল ‘গাছ’, ‘ব্লাক’ ও ‘লালন’ চমত্কার সব গান দিয়ে চাঙা করে রাখে দর্শকদের। আর এ অংশ শেষ হয় তিনটা ২০ মিনিটে। যাত্রা ও পালাগানঅনুষ্ঠানের এ পর্যায়ে গানের মুখে লাগাম টেনে মঞ্চে আসে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাপালা। দর্শকও নড়েচড়ে বসে। ঢাকা শহরে বসে যাত্রাপালা দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। রহিম বাদশা ও রূপবান যাত্রাপালায় দেখানো হয় নান্দনিক ভালোবাসা। পালাগান পর্বে সিরাজগঞ্জ থেকে আসা ইসলাম উদ্দিন ২০ মিনিটব্যাপী গান পরিবেশন করেন। ততক্ষণে দিনের আলো তার সমস্ত শক্তি দিয়ে ধীরে ধীরে জেগে উঠতে চেষ্টা করছে অন্ধকারকে জয় করে। তখনো দর্শক মনে উত্কণ্ঠা, কী ঘটতে চলছে, তা জানতে এবং সাক্ষী হয়ে থাকতে। নতুন ভোরে নতুন রবিসকালের আলো ঠিকমতো ফোটেনি। চারদিকে বেশ অন্ধকার। সূর্য উঠবে উঠবে করছে। ঘড়িতে সাড়ে পাঁচটা। রবিশঙ্কর মৈত্রী মঞ্চে এলেন ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি নিয়ে। রবিশঙ্করের পর ঝর্ণা সরকার। এরপর বেশ কয়েকটি কবিতা। কবিতার মধ্যে কখনো স্বাধীনতা সংগ্রাম, কখনো নতুন জীবনের অনুপ্রেরণার আহ্বান ভেসে আসে। কবিতার পর্ব শেষ হওয়ার পরপরই মঞ্চে আসেন ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কোয়েনার, বিদ্যুৎ কুমার বসু ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মাইকেল কোয়েনার বিদেশি। কিন্তু তিনি কথা বললেন বাংলায়। বলেন, ‘আজ একটা বিশেষ দিন। এই দিনে সূচনা হতে যাচ্ছে নতুন একটি সম্ভাবনার। একটেল এখন রবি নামে আপনার কাছে থাকবে। রবি আপনাদের আলো, ফসল, কল্যাণ দেয়। আমরাও রবির মতো আলো দেব, আপনাদের কল্যাণে। আমাদের সঙ্গে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে।’ কথা শেষ হতে না হতেই মঞ্চের পেছন থেকে খসে পড়ে একটেলের ব্যানার। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে জন্ম হয় রবির। চারদিক শুরু হয় তুমুল বাদ্যযন্ত্রের ধ্বনি-প্রতিধ্বনি। চলে প্রায় ১৫ মিনিট। কেক কেটে জন্মদিনের আয়োজন শুরু হয়। অর্ণব নিয়ে আসেন রবির থিমসং। রবির জন্মদিনে লালনের গান হবে না, এটা কোনো কথা হলো? আছেন লালনের গান নিয়ে কুষ্টিয়া থেকে লালনশিল্পীরা। লালনের গান শুনতে শুনতে সকালের লাল আলোটা ঝকঝক করে উঠল। ‘মিলন হবে কত দিনে’ গানটির মাধ্যমে দর্শকের উচ্ছ্বাস বাড়তে থাকে। চট্টগ্রামের মাইজভাণ্ডারী গান, যা শুনলে মানুষের মন আনন্দ-বেদনায় ভরে ওঠে। ‘বাংলাদেশ মেলা’ চলল ২৪ ঘণ্টা। মানুষের মনে অনেক সাড়া। কথা বলছিলাম আসিফ পারভেজের সঙ্গে। তিনি বলেন, ‘আমার দেখা এমন মেলা কখনো দেখিনি। মেলায় এসে অনেক ভালো লাগছে।’ আসিফ পারভেজ রাত তিনটা পর্যন্ত গান শুনেছেন। আবার সকাল আটটায় উপস্থিত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মালেক জানান, রবির ওই উদ্যোগটা অনেক ভালো, এখানে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।মঞ্চে তখন চাঁপাইনবাবগঞ্জের ‘গম্ভীরা’। নানা-নাতি বাহাসের মধ্য দিয়ে বোঝাচ্ছেন বাংলাদেশের ইতিহাস। তাঁরা বলেন, এই মাঠটা একটি ঐতিহাসিক মাঠ। এখানে বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণ দেন, যা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আর এ মাঠে জন্ম হলো রবির। গম্ভীরার পর বাউলগান। ময়মনসিংহের জালাল উদ্দিনের গান পরিবেশন করে সুনীল কর্মকার ও তাঁর দল। দেখতে দেখতে বেলা বাড়তে থাকে। সূর্যের তাপ প্রখর হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সালমা আক্তার বলেন, ‘রবির এই আয়োজনে জানতে পারছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গান।’ মাথায় টোপর পরা এক ছেলে, বেশ সাজগোজ করা একজন মেয়ে। তাঁদের সঙ্গে কয়জন লোক মঞ্চে আসেন। তাঁদের পরিবেশনা নাটোরের ‘মাদার পীরের পালা’। হাসির শব্দ আর হাততালিতে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। ছন্দে ছন্দে কথা, গানে গানে নাচ। অসাধারণ এক দৃশ্য। আজিমপুর থেকে এসেছেন আবুল হোসেন। তিনি বলেন, ‘এমন নাচ গ্রামবাংলায় এখনো বেঁচে আছে। সত্যিই বিস্মিত হলাম।’রবীন্দ্রসংগীত নিয়ে হাজির হন মিতা হক। এর মধ্যে মঞ্চের দক্ষিণ পাশের মাঠে শুরু হয় লাঠিখেলা। লাঠিখেলা দেখার সময় নর্থসাউথের ছাত্র বলেন, ‘এটা আমার কাছে একেবারে একটা নতুন মেলা।’ চারুকলার কয়েকজন ছাত্রছাত্রী ছবির প্রদর্শনী দেখাচ্ছেন। পাশে অনেকেই ছবি তুলে রাখছেন। মতিউর রহমান এশিয়ান প্যাসেফিক ইউনিভার্সিটিতে পড়েন। তিনি বলেন, ‘সকাল থেকে আছি। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত থাকব।’ ইডেন থেকে মাস্টার্স শেষ করেন মনিরা। তিনি বলেন, ‘আমার কাছে ছবির প্রদর্শনীগুলো খুব ভালো লেগেছে।’ পাশে সোমা বলেন, ‘আমার কাছে ছাতাওয়ালা গাছটি অদ্ভুত সুন্দর লেগেছে।’ নাগরদোলা‘জীবনে কখনো নাগরদোলায় চড়িনি। এটা আমার জীবনের প্রথম।’ কথাগুলো বলেন এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রী নুসরাত সুলতানা। ক্যাড় ক্যাড় শব্দে ঘুরছে নাগরদোলা। ১২ পাকে ১০ টাকা। সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখি। ছেলেমেয়েদের চেঁচামেচিতে মনে পড়ে যায় গ্রাম্য কোনো মেলার কথা। স্কুলে পড়ে রুশদ। সে আগে কয়েকবার নাগরদোলায় চড়েছিল। কিন্তু এই আনন্দ তার কাছে অন্য রকমের।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিহাঁটতে হাঁটতে চোখে পড়ে বিশাল আকৃতির পিরামিড। সেটা চট আর শীতল পাটি দিয়ে সাজানো। প্রবেশদ্বার কালো কাপড় দিয়ে ঢাকা। ভেতরে ঢোকার পর দেখা যায় মাঝখানে একটা বিশাল আকৃতির মই। পাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধির প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। কেউ কেউ বুঝে বলে, এটা কুমিল্লার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিগুলো না!পুতুলনাচগ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা পুতুলনাচ। পুতুলনাচ যেখানে দেখাচ্ছে, সেখানে উপচে পড়া ভিড়। মানুষ আর মানুষ। কথা হয় নাসিমা আর ফাতিমার সঙ্গে। তাঁরা বলেন, পুতুলনাচ অনেক ভালো লেগেছে। এর কোনো তুলনা হয় না। সোনার বাংলা পুতুলনাচের মনির হোসেন জানান, মানুষের বেশ আনাগোনা। দেখে তারা অনেক মজা পাচ্ছে।বায়োস্কোপএকজন বৃদ্ধ মানুষ। টিনের একটা বাক্সে দেখাচ্ছেন বায়োস্কোপ। এটি বাংলাদেশের প্রাচীন একটি মাধ্যম। আসলে যা দেখার মতো ছিল। পারভিন আক্তার বলেন, ‘বায়োস্কোপ দেখলাম। ভালোই লাগল।’ধানখেতদূর থেকে মনে হয় একটা ধানখেত। সেখানে একটা নৌকা ভেসে আসছে। ধানখেতের মাঝখানে তিনটি নৌকা দাঁড়িয়ে আছে। দেখতে ছবির মতো সুন্দর। বাড্ডা থেকে আসা দুই ভাইবোন। অনি আর সাফায়েত। তাঁরা বলেন, ‘টিভিতে দেখলাম বাংলাদেশ মেলা। এটা দেখে লোভ সামলাতে না পেরে দুই ভাইবোন চলে এলাম। যতগুলো দেখলাম, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ধানখেতটা।’সাজানো পুকুরপুকুরে খুব বেশি পানি নেই। দুই ইঞ্চি হবে আর কি। পুকুরের মাঝখানে একটা বড় নৌকা সাজিয়ে রাখা হয়েছে। দূর থেকে মনে হবে, যেন বড় নদীর মধ্যে একটা নৌকা ভাসছে। পুকুরপাড়ে সাজানো হয়েছে বিচিত্র রঙের ছোট ছোট কাগজের ঘর। দেখতে সত্যিই চমত্কার!নানা রকমের দোকানবাংলাদেশ মেলা। সেখানে রকমারি দোকান রয়েছে। দোকানগুলোয় রয়েছে মেয়েদের বিভিন্ন সামগ্রী। ওই দোকানগুলোয় মেয়েদের ভিড় ছিল বেশ।মেলা দেখা শেষ। ঘড়িতে সন্ধ্যা ছয়টা। তখন মঞ্চে আসেন আজিয়াটার প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু। তিনি সবাইকে ধন্যবাদ জানান। জাদুতে মাতিয়ে তোলেন আলী রাজ। রংপুরের ভাওয়াইয়া গান দর্শকের মনে লেগে থাকার মতো। মণিপুরি নৃত্যের তালে তালে শেষ হয় বাংলাদেশ মেলা।পুরো অনুষ্ঠান দেখে প্রতিবেদনটি তৈরি করেছেন আবু সাঈদ, মোছাব্বের হোসেন, হাসান ইমাম