স্বাধীনতা তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই রাত এত দীর্ঘ কেন? কখন ঘড়ির তিনটি কাঁটা মিলিত হবে এক বিন্দুতে? এরপর নতুন দিন। ৯ জুলাই ২০১১। এ এক অন্য রকম সময়ের প্রতীক্ষা। প্রতীক্ষার অবসান ঘটে একসময়। ঘড়ির কাঁটা রাত বারোটার সীমানা অতিক্রম করার সঙ্গে সঙ্গে রাজধানী জুবার রামবেক স্কয়ারে সমবেত হাজার হাজার নারী-পুরুষ আনন্দের লহরি তুলে চিৎকার করে ওঠে—স্বাধীন দক্ষিণ সুদান, বিদায় সুদান, বিদায় বশির। আনন্দের বার্তা ঘোষণা করতে একসঙ্গে গর্জে ওঠে অসংখ্য রাইফেল, বেজে ওঠে হাজারো ঢাক-ঢোল, একসঙ্গে আওয়াজ তোলে শত শত শিঙা, শহরের যত খালি ড্রাম, হাঁড়ি-পাতিল—সব হয়ে ওঠে আনন্দ প্রকাশের উপকরণ। আনন্দের আতিশয্যে, একে অন্যকে জড়িয়ে ধরে, চুমু খায়। এই সেই মাহেন্দ্রক্ষণ, যার প্রতীক্ষায় ছিল ৬০ লাখ মানুষ, যুগ যুগ ধরে। এরপর রামবেক স্কয়ার থেকে জুবাবাসী ছড়িয়ে পড়ে শহরজুড়ে। পুরো শহর হয়ে ওঠে এক মহাআনন্দধাম। সারা রাত চলে উদ্দাম নৃত্য, স্বাধীনতার নানা স্লোগান আর গানবাজনা। এখানেই কি শেষ? ৯ জুলাই, ২০১১। এক মহিমান্বিত সূর্যের স্পর্শে জেগে ওঠে পৃথিবীর মানচিত্রে এক নতুন ভূখণ্ড, একটি নতুন দেশ, দক্ষিণ সুদান। দুই দশকের রক্তক্ষয়ী সংঘাতের পর ২০০৫ সালে উত্তর ও দক্ষিণের নেতারা সই করেন শান্তিচুক্তি। এরই ধারাবাহিকতায় এ বছরের ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় গণভোট। প্রায় ৯৯ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে নিশ্চিত করে স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদানের অবধারিত জন্মের ক্ষণ। তার পরেও ছিল নানা শঙ্কা ও সংশয়। মেনে নেবে তো দীর্ঘদিনের শাসক উত্তর সুদানের নেতৃত্ব? নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী সংঘাত? সব শঙ্কা ও সংশয়ের অবসান ঘটিয়ে দক্ষিণ সুদানের জন্মের শিঙায় ফুঁ দিতে সুদানের ২৬ বছরের শাসক, লৌহমানব ওমর আল বশির স্বয়ং উপস্থিত দক্ষিণ সুদানের রাজধানী জুবার জন গেরাং মেমোরিয়ালে। শত ফুট উঁচু এক কৃষ্ণমূর্তি লাঠি হাতে দাঁড়িয়ে আছে মেমোরিয়ালের মাঝখানে। কে তিনি? উপস্থিত বিদেশি মেহমানদের বুঝতে আর বাকি নেই, এ সেই মানুষ, যিনি নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন দক্ষিণ সুদানের স্বাধীনতার কাব্য। তাঁরই নেতৃত্বে সুদানের শাসককুল ২০০৫ সালে স্বাক্ষর করতে বাধ্য হয় শান্তিচুক্তি। তিনি জন গেরাং ডি মাবিওর। দক্ষিণ সুদানের স্বাধীনতার জনক। তিল ধারণের ঠাঁই নেই জন গেরাং মেমোরিয়ালে। প্রেসিডেন্ট ওমর আল বশির এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন ছাড়াও স্বাধীনতার এই মহাকাব্যের শেষ অধ্যায় রচনা করতে এসেছেন বিভিন্ন দেশের ১২ জন রাষ্ট্রনায়ক। শত শত বিদেশি অতিথি ও সাংবাদিক। বিবিসি, সিএনএন, আল-জাজিরা সরাসরি সম্প্রচার করে লাইভ অনুষ্ঠান। ৪০০ কোটি মানুষ একসঙ্গে দেখে দক্ষিণ সুদানের জন্মগ্রহণের এই মহতী অনুষ্ঠান। কিছুটা এলোমেলো, কিছুটা অগোছালো, অনভিজ্ঞতার এ-ও এক সৌন্দর্য। ১০ হাজার স্বাধীনতাকামী মানুষ সকালের মিষ্টি রোদে দাঁড়িয়ে অপেক্ষা করে সেই অমোঘ-অমিয় পঙিক্ত শোনার জন্য। হোক না নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে, এই মহান ঘোষণা শোনার জন্য যে প্রতীক্ষা, এ যে মধুর চেয়েও মধুরতর। ছয় লাখ ২০ হাজার বর্গকিলোমিটার আয়তনে বিস্তৃত ১০টি স্টেটে বসবাসরত ৬০ লাখ মানুষ এই ক্ষণটির প্রতীক্ষায় ছিল বহু দিন, বহু যুগ ধরে। সেই মাহেন্দ্রক্ষণ এসেছে। ‘স্বাধীনতা’, এর চেয়ে প্রিয়, এর চেয়ে মধুর আর কোনো শব্দ নেই আজ দক্ষিণ সুদানিদের অভিধানে। ১২টা ৪৫ মিনিটে প্রথমে ক্যাথলিক বিশপ সিজার মাজোলারি, পরে মুসলিম ইমাম শেখ আবদাল্লাহ আহমেদ মাকুরের ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতার আনুষ্ঠানিকতা। একটা ৪৫ মিনিটে স্বাধীনতা যুুদ্ধের নেতা, স্বায়ত্তশাসিত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট এবং সুদানের সাবেক উপরাষ্ট্রপতি সালভা কির মায়ারদিত স্বাধীন দক্ষিণ সুদানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সমবেত ১০ হাজার দর্শক সালভা কিরের প্রতি তাদের সমর্থন জানাতে উল্লাসে তখন ফেটে পড়ে।এরপর প্রভিনশিয়াল সংসদের স্পিকার, জন মারিক মাকুর সংসদের রেজুলেশন পাঠের মধ্য দিয়ে ঘোষণা করেন দক্ষিণ সুদানের স্বাধীনতা। আর সঙ্গে সঙ্গে উল্লাসে আবারও ফেটে পড়ে উপস্থিত জনতা। শুধু তা-ই নয়, হাজার হাজার দক্ষিণ সুদানির চোখ দিয়ে এ সময় গড়িয়ে পড়ে আনন্দাশ্রু। এবার স্বাধীন দেশের পতাকা উত্তোলনের পালা, সেই সঙ্গে চিরদিনের মতো নামিয়ে ফেলা হবে সুদানের পতাকা। কে উত্তোলন করবেন স্বাধীন দক্ষিণ সুদানের পতাকা? নিশ্চয়ই দক্ষিণ সুদানের অবিসংবাদিত নেতা, স্বাধীন দেশের নতুন প্রেসিডেন্ট, সালভা কির মায়ারদিত। স্বাধীন দেশের প্রথম পতাকা উত্তোলনের এই বিরল সম্মান পাওয়ার জন্য তাঁর চেয়ে যোগ্য আর কে আছেন? না, প্রেসিডেন্ট নন, এই বিরল সম্মান পাওয়ার যোগ্য মানুষ আছেন এখানে। দুজন পঙ্গু মুক্তিযোদ্ধাকে আহ্বান করা হলো, প্রথমে সুদানের পতাকা নামিয়ে ফেলার জন্য, এরপর স্বাধীন দক্ষিণ সুদানের নতুন পতাকা উত্তোলনের জন্য। যখন জুবার আকাশে, জন গেরাং মেমোরিয়ালের মাঠে স্বাধীন দক্ষিণ সুদানের পতাকা উড়ছে, তখনই স্বাধীনতার প্রদীপ জ্বালান প্রভিন্সের গভর্নর চোল তং মায়াই। এর পরই মাইকে একটি ঘোষণা আসে, ‘না, আমরা নমিত সুদানের পতাকা সুদান কর্তৃপক্ষকে ফেরত দেব না। প্রেসিডেন্ট সালভা কির জানিয়েছেন, এই পতাকা আমরা আমাদের আর্কাইভে সংরক্ষণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তারা জানতে পারে আমরা একসময় সুদানের অংশ ছিলাম।’ এর পরই জমাটবাঁধা ভিড় প্রসারিত হতে থাকে। প্রসারিত হতে হতে সারা জুবা শহরে ছড়িয়ে পড়ে। পুরো শহরই তখন হয়ে ওঠে উৎসবের নগর।দক্ষিণ সুদান পৃথিবীর কনিষ্ঠতম ও দরিদ্রতম দেশ। সালভা কির মায়ারদিতের নেতৃত্বে এই দেশকে গড়ে তুলতে হলে পাড়ি দিতে হবে অনেক লম্বা পথ। তবে আশার কথা, এখানে জ্বালানি তেলসহ প্রচুর খনিজ সম্পদ আছে, এখানকার ভূমি খুব উর্বর, আছে নদীনালা। জলবায়ুও আর্দ্র। উত্তরাংশের মতো মরুময় নয় দক্ষিণ সুদান। জনগণের ৬০ শতাংশ খ্রিষ্টান, উল্লেখযোগ্যসংখ্যক মুসলমান এবং এনিমিস্ট। ৬২টি ভাষা এবং অসংখ্য আদিবাসীদের বসবাস থাকলেও দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে ইংরেজি ও আরবি। বিভিন্ন আদিবাসীর মধ্যে তেমন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকায় যেকোনো মুহূর্তে দেশটিতে আবার গৃহযুদ্ধ বাধতে পারে বলে অনেকের ধারণা। তবে সবই নির্ভর করছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন—তিনটি বিষয়কে বর্তমান নেতৃত্ব কীভাবে দেশের জনসাধারণের কাছে উপস্থাপন করেন তার ওপর। অনেকে বলেছেন, সালভা কির একজন গেরিলা নেতা, তিনি কি দেশকে রাজনৈতিকভাবে সফল নেতৃত্ব দিতে পারবেন? কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না, তিনি সমগ্র সুদানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাঁর ঝুলিতে সরকার পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। তা ছাড়া সাম্প্রতিক সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো শান্তি-প্রক্রিয়ায় দক্ষিণ সুদানিদের পক্ষে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণের জন্ম দিয়েছেন। সবারই আশা, প্রেসিডেন্ট সালভা কির এবং তাঁর সরকার তাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব পালনে যত্নবান হবেন। দক্ষিণ সুদানের ৬০ লাখ মানুষ এখন সে দিকেই তাকিয়ে আছে।