স্বাধীনতা দিবস উদ্যাপন
বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যে উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দাবি উঠেছে, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: ফেনীতে প্রশাসন, রাজনৈকিত দল ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, সাংসদ জয়নাল আবেদীন ও মোহাম্মদ মোশাররফ হোসেন, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ। এ ছাড়া ফেনী প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ছাত্রলীগ, ছাত্রদল, জাতীয় ছাত্রসমাজ, ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বন্ধুসভা, চেম্বার অব কমার্স, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, জেলা শিক্ষক সমিতি, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিশু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মহেশখালী: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া, অ্যাডভোকেট আবু তালেব প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন অতিথি শিল্পী মনীষা বড়ুয়া। কাপ্তাই: স্বাধীনতা দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন, কর্ণফুলী কাগজকল, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র, স্থানীয় রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন মারমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান। এ ছাড়া কর্ণফুলী ভিউ ক্লাব আয়োজিত স্বাধীনতা দিবসে বিভিন্ন খেলাধুলায় শিশু-কিশোর ও নারীরা অংশ নেয়। এতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার অভিনয় করে পুরস্কার পায় শিশু সৌরভ ঘোষ এবং মোমবাতি প্রজ্জ্বালন প্রতিযোগিতায় বিজয়ী হন রিপা আক্তার।