স্বাধীনতা দিবসে যুক্তির গান
২৬ মার্চ বিকেল পাঁচটা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার থিয়েটার মিলনায়তনে বসেছিল বিতার্কিকদের মেলা। ‘এখন সময় স্লোগানের নয়, যুদ্ধের’ শিরোনামে চলছিল সংসদীয় বিতর্ক। যুক্তি, বিশ্লেষণ আর শাণিত বাক্যবাণের সঙ্গে তথ্য উপস্থাপন। সব মিলিয়ে প্রাণবন্ত হয়ে ওঠা তর্কযুদ্ধে বিজয়ী হয় সরকারি দল। দৃষ্টি আয়োজিত স্বাধীনতা দিবস মিশ্র বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সমসাময়িক প্রসঙ্গ নিয়ে জমজমাট বিতর্ক উপভোগ করল দর্শক।২২ মার্চ শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। প্রতিটি দলে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন করে মোট তিনজন বিতার্কিক অংশ নেন। দলগুলোর নামকরণ করা হয় চট্টগ্রামের ১০ গুণী ব্যক্তি আবুল ফজল, সালমা চৌধুরী, মোহাম্মদ আবদুল খালেক, ইউসুফ চৌধুরী, শেফালী ঘোষ, মাস্টারদা সূর্যসেন, জামাল জরুল ইসলাম, প্রীতিলতা ওয়াদ্দেদার, এনামুল হক ও আহমদ ছফার নামে।গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় বিতর্কের চূড়ান্ত পর্ব। এতে চ্যাম্পিয়ন হয় সরকারি দলের ভূমিকায় থাকা মাস্টারদা সূর্যসেন দল। রানার্সআপ হয় প্রীতিলতা ওয়াদ্দেদার দল। মাস্টারদা সূর্যসেন দলের হয়ে বিতর্কে অংশ নেন তানভীর আহম্মদ সিদ্দিকী, সাদিয়া বারী ও ফারহাত ইসলাম। প্রীতিলতা ওয়াদ্দেদার দলের সদস্যরা হলেন পাণিনি আমিন, সাইফুদ্দিন রিফাত ও মো. সাইফুল বারী। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তানভীর আহম্মদ সিদ্দিকী। এরপর ১০টি দলের ১০ জন শ্রেষ্ঠ বক্তার মাঝে শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এতে প্রথম হন শেফালী ঘোষ দলের ফাহিম ফয়সাল। আহমদ ছফা দলের কাজী আসিফ মাহমুদ দ্বিতীয় ও অধ্যাপিকা সালমা চৌধুরী দলের নবনিতা সাহা তৃতীয় বক্তা নির্বাচিত হন।বারোয়ারি বিতর্কের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে স্বাধীনতার সত্যিকারের ইতিহাস জেনে দেশের সেবায় এগিয়ে আসতে হবে। বিতার্কিকেরাই হবে এই যাত্রার অগ্রপথিক।’কশসাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন মাসুদ বকুল, সাইফ চৌধুরী, জুনায়েদ কৌশিক চৌধুরী ও সাইফুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবের শাহ। পুরস্কার বিতরণ শেষে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটি বড় পর্দায় দেখানো হয়।