প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে নগরের আউটার স্টেডিয়ামে তিন দিনব্যাপী ভোট সংগ্রহ ও জনসচেতনতা কার্যক্রম শেষ হয়েছে। ১০ এপ্রিল এ কার্যক্রম শুরু হয়। এর আয়োজক ‘সাড়া দাও বাংলাদেশ’ নামের একটি সংগঠন। সহযোগিতায় ছিল বাংলাদেশ পর্যটন বোর্ড ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিডিয়াগ্রাফি। আয়োজক সূত্রে জানা গেছে, মেলা প্রাঙ্গণে তাঁরা ভালো সাড়া পেয়েছেন। মেলায় আসা দর্শকের প্রায় সবাই সুন্দরবনের পক্ষে ভোট দিতে এগিয়ে আসেন।এ ব্যাপারে জানতে চাইলে সাড়া দাও বাংলাদেশের প্রতিনিধি সুমনকান্তি নাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা বাংলাদেশ উৎসব সামনে রেখে এ কার্যক্রম পরিচালনা করেছি। এ ছাড়া আজ বৃহস্পতিবার বর্ষবরণ উপলক্ষে নগরের ডিসি হিল, সিআরবি, বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) বিদ্যালয় মাঠ, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে সচেতনতা এবং ভোট সংগ্রহ কার্যক্রম চলবে।’ —নিজস্ব প্রতিবেদক