স্বাধীনতা শিশুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল-সবুজ পোশাকে বাঁধভাঙা আনন্দে মেতে উঠুক শিশু। মডেল: অহনা, মিফতা ও মাহিবুল, পোশাক: অঞ্জন’স, ছবি: সৈকত ভদ্র
লাল-সবুজ পোশাকে বাঁধভাঙা আনন্দে মেতে উঠুক শিশু। মডেল: অহনা, মিফতা ও মাহিবুল, পোশাক: অঞ্জন’স, ছবি: সৈকত ভদ্র

শৈশবের স্বাধীনতা বাঁধভাঙা আনন্দের। তবে এখন যাদের শৈশব, তারা দেখেনি আমাদের স্বাধীন হয়ে ওঠার সংগ্রামের সেই দিনগুলো। নতুন প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু বড়দেরই। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাকে দিতে পারেন স্বাধীনতা দিবসের নানা স্মারক ও পোশাক, যা দেখে ছোট্ট বয়স থেকেই সে জানতে শুরু করবে আমাদের অতীত সম্পর্কে।

ছবি: সৈকত ভদ্র
ছবি: সৈকত ভদ্র

স্বাধীনতা দিবস উপলক্ষ করে তাকে দিতে পারেন নতুন পোশাক। শিশুদের জন্য পোশাক এনেছে বিভিন্ন ফ্যাশন হাউস। পোশাকগুলোতে রয়েছে লাল ও সবুজ রঙের প্রাধান্য।
ফ্যাশন হাউস অঞ্জন’স-এর প্রধান নির্বাহী ও ডিজাইনার শাহীন আহমেদ বলেন, ‘যাঁরা দিবসটিকে বিশেষভাবে উদ্যাপন করতে চান, তাঁদের কথা মাথায় রেখে বেশ কিছু পোশাক তৈরি করেছি আমরা। স্বাধীনতার চেতনার সঙ্গে জড়িত নানা কিছু থেকে বেছে নেওয়া হয়েছে এর মোটিফ। এর পাশাপাশি রয়েছে কিছু স্মারক, যার মধ্যে অন্যতম হলো ধাতুর তৈরি স্মৃতিসৌধ।’
তাদের শোরুম ঘুরে দেখা গেল, পাঞ্জাবি, ফতুয়া, ফ্রকের পাশাপাশি রয়েছে টি-শার্টও। লাল, সবুজ, সাদা ইত্যাদি রঙে তৈরি টি-শার্টগুলোর কোনোটিতে রয়েছে স্মৃতিসৌধের ছবি, কোনোটিতে আবার রয়েছে স্বাধীনতার ঠিক পরপরই যে পয়সাগুলো প্রচলিত ছিল, সেগুলোর ছবি। এ ছাড়া রয়েছে মাথায় পরার ব্যান্ড।
কে ক্র্যাফট, রঙসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাবেন লাল-সবুজ পোশাক। ফ্যাশন হাউস যাত্রায় পাবেন লাল-সবুজ ফ্রক, আর গাঁওগেরাম শিশুদের জন্য এনেছে লাল-সবুজ সালোয়ার-কামিজ।
আড়ংয়ে পাবেন পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, স্কার্ট, টি-শার্ট। পোশাক ছাড়াও শিশুকে দিতে পারেন অন্যান্য উপহার। আড়ংয়ে রয়েছে ‘বাংলাদেশ’ লেখা মগ, জানালেন সেখানকার বিক্রয় সহকারীরা। এ ছাড়া পাবেন ঘণ্টাযুক্ত খেলনা।
নিত্য উপহারসহ ঢাকার আজিজ সুপার মার্কেটের বিভিন্ন দোকানে পাবেন লাল-সবুজ টি-শার্টের খোঁজ। এসব দোকানে পাওয়া যাবে মানচিত্র আঁকা টি-শার্টও। এ ছাড়া আজিজ সুপার মার্কেটে পাঠশালা, পললসহ বিভিন্ন দোকানে পাবেন মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই। পাঠশালা দোকানটিতে পাবেন মুক্তিযুদ্ধের ছড়া, ইতিহাস ও অন্যান্য দিক নিয়ে লেখা বই, জানালেন সেখানকার বিক্রয় সহকারী নাসির। আজিজ সুপার মার্কেটের লোকজ দোকানটিতে রয়েছে বাংলাদেশের পতাকা আঁকা কানের দুল ও মালা।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, সীমান্ত স্কয়ারসহ অন্যান্য শপিং সেন্টারে পাবেন মুক্তিযুদ্ধের বিভিন্ন গানের সিডি। একটু খুঁজলে পেয়ে যাবেন মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক সিডি। গানের সিডি পাওয়া যাবে নিউমার্কেটেও। নিউমার্কেটে পাবেন লাল-সবুজ হ্যান্ডব্যান্ড। এগুলোর কোনোটি বেশ চওড়া। শিশুর বয়স অনুযায়ী তার হাতে পরিয়ে দিতে পারেন হ্যান্ডব্যান্ডও। এ ছাড়া সেখানে রয়েছে ব্রেসলেট ও ছোট্ট ক্লিপ, পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে সেগুলোও চুলে লাগাতে পারে মেয়েরা।
শিশুকে কিনে দিতে পারেন জাতীয় পতাকা। ছোট-বড় বিভিন্ন আকৃতির পতাকা হাতে তুলে দিয়ে গল্পের ছলে তাকে বলতে পারেন এই পতাকাটিকে পাওয়ার ইতিহাস। পতাকা বিক্রেতাদের কাছেই পাবেন মাথায় বাঁধার ব্যান্ডানা।

পোশাকের দরদাম
আকার ও ডিজাইনভেদে বিভিন্ন ফ্যাশন হাউসে শিশুদের পাঞ্জাবি পাওয়া যাবে ৫০০-১৮০০ টাকার মধ্যে। ফতুয়া পাবেন ৩৫০-৫৫০ টাকার মধ্যে। সালোয়ার-কামিজের দাম পড়বে ১০০০-১৭০০ টাকা। টি-শার্ট পাবেন ২৫০-৫০০ টাকায়। আর স্কার্টের দাম পড়বে ৮০০-১২০০ টাকার মধ্যে।