স্বাধীনতার ঘোষণা, প্রতিরোধ ও গণহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৭১ সালে পাকিস্তানি সেনারা দফায় দফায় গণহত্যা চালায় চট্টগ্রামে। এর মধ্যে আনোয়ারা উপজেলায় মে মাসের শেষ সপ্তাহে দুটি বড় ধরনের গণহত্যার ঘটনা ঘটে। এমন হত্যাযজ্ঞের মধ্যেও চলেছে প্রতিরোধ। শহর ও শহরতলিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীকে দিশেহারা করে তুলেছিল মুক্তিযোদ্ধারা। মুহাম্মদ শামসুল হক, সিরু বাঙালি ও জামাল উদ্দিনের লেখা কয়েকটি বইতে সেই উত্তাল সময়ের বিবরণ পাওয়া যায়। গত বৃহস্পতিবার এই তিন লেখকের সঙ্গে আলাপ হয়। আলোচনায় উঠে আসে বইগুলো রচনার পটভূমি ও মুক্তিযুদ্ধের নানা অজানা দিক।
একটি তারবার্তা: দেশবাসীর প্রতি স্বাধীনতার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ রাতেই তারবার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তা প্রচার করেছিলেন ঢাকার ওয়্যারলেসের কর্মীরা। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের কাছে টেলিফোনে সেই রাতেই তারবার্তাটি পৌঁছে দেন তাঁরা। এই ঘোষণাই পরে বেতারে প্রচার করেন স্বাধীন বাংলা বেতারের সংগঠকেরা। লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক তাঁর দুটি বইয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। দুটি বইয়ের একটি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু, প্রামাণ্য দলিল আগামী প্রকাশন থেকে ১৯৯৬ সালে এবং অপরটি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি এবং বেতার ঘোষণার ইতিবৃত্ত শৈলী প্রকাশনী থেকে ১৯৯৯ সালে প্রকাশিত হয়।
কীভাবে রচিত হলো বই দুটি? শামসুল হক বলেন, ‘৭৫ সালের মার্চ মাসে বাংলাদেশ সংবাদ নামে তথ্য মন্ত্রণালয় থেকে একটি সাময়িকী প্রকাশিত হয়। পত্রিকাটিতে ঢাকার কয়েকজন ওয়্যারলেস কর্মীর নাম ছাপা হয়েছিল, যাঁরা ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর লেখা একটি বার্তা সারা দেশে প্রচার করেছিলেন। কিন্তু তখনো কেউ এই মানুষগুলোর সঙ্গে কথা বলেননি। অনুসন্ধান করে জানতে পারি, জালাল আহমদ নামের একজন ওয়্যারলেস কর্মীর বাড়ি পটিয়ায়। আমি তাঁর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুর লেখা তারবার্তার একটি কপি সংগ্রহ করি এবং নানা তথ্য পাই। এভাবে নানাজনের সঙ্গে কথা বলি ও তথ্য সংগ্রহ করি। তারই ভিত্তিতে লেখা হয়েছে বই দুটি।’ স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক অবসানে প্রকৃত সত্য তুলে ধরতেই লেখক এমন বই রচনার প্রেরণা পেয়েছেন বলে জানান।
মুক্তিযোদ্ধার রোজনামচা: ১৯৬৬ সালে ছয় দফার আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন সিরাজুল ইসলাম। আটক অবস্থায় অকথ্য নির্যাতনের শিকার হয়েও দমে যাননি। বরং পুলিশের কাছে নিজের পরিচয় দিতে গিয়ে নাম পাল্টে বলেছিলেন, ‘আমার নাম সিরু বাঙাল।’ পরে দেশবাসীর কাছে সিরু বাঙালি হিসেবেই পরিচিত হন তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে ৪০টিরও বেশি বই লিখেছেন। এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বহির্বিশ্বে শত্রুমিত্র, আমার যুদ্ধ আমার একাত্তর ও বাঙাল কেন যুদ্ধে গেল তাঁর পাঠকপ্রিয় বই।
একাত্তরে চট্টগ্রামে ১৫১ নম্বর গেরিলা দলের কমান্ডার হিসেবে যুদ্ধে অংশ নেন। ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরের পালটানা ট্রেনিং সেন্টার থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অনেকটা রোজনামচার মতো করে সে সময়কার নানা ঘটনা তিনি তুলে ধরেছেন আমার যুদ্ধ আমার একাত্তর বইটিতে। আদিগন্ত প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত হয় বইটি। এই বইতে একাত্তরের ১ মার্চ থেকে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত যুদ্ধের নানা ঘটনা তুলে ধরেছেন লেখক। মূলত বাঙাল কেন যুদ্ধে গেল বইটির চট্টগ্রাম অংশ নিয়েই রচিত হয়েছে এই স্মৃতিকথা। কেমন ছিল একাত্তরের চট্টগ্রাম? সিরু বাঙালি বলেন, আসলে চট্টগ্রামের নিরানব্বই ভাগ মানুষই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। এ কারণে গেরিলাদের নিরাপদ ঘাঁটি ছিল এই শহর। ছিল অসংখ্য ‘শেলটার হাউস’। মুক্তিযোদ্ধারা মানুষের সমর্থন না পেলে যুদ্ধ চালিয়ে যেতে পারতেন না।
পড়ইকোরার গণহত্যা: বাথুয়াপাড়া, পূর্ব কৈন্যারা ও পড়ইকোরা—আনোয়ারা উপজেলার এই তিনটি গ্রাম স্থানীয় বাসিন্দাদের কাছে পড়ইকোরা নামে পরিচিত। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ওই তিন গ্রামে ২২টি জমিদার পরিবার বসবাস করত। ১৯৭১ সালের ২১ মে ১৮টি গাড়ির সামরিক বহর ঘেরাও করে তিনটি গ্রাম। হত্যা করে ১৭৬ জন পুরুষকে। ধর্ষণের শিকার হন শতাধিক নারী। নির্মম এই গণহত্যার বিবরণ উঠে এসেছে জামাল উদ্দিন রচিত আনোয়ারা একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ বইটিতে।
একাত্তরে জামাল উদ্দিন ছিলেন সপ্তম শ্রেণির ছাত্র। পড়ইকোরা গ্রামের আড়াই মাইল দূরেই ছিল তাঁদের বাড়ি। গণহত্যার পূর্বাপর সবই তাঁর জানা। বইটি রচনার প্রেরণাও সেই দুঃসহ স্মৃতি। পড়ইকোরার বেঁচে যাওয়া বাসিন্দাদের সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা হয়েছে বইটি।
জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম শহরের অনেক হিন্দু ব্যবসায়ী একাত্তরের মার্চে তাঁদের পরিবার–পরিজন নিয়ে পড়ইকোরায় আশ্রয় নিয়েছিলেন। গ্রামের বাসিন্দা ও শহর থেকে আসা লোকজনের নিরাপত্তা দিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা পাহারার সশস্ত্র ব্যবস্থা করেন।
রাজাকার খায়ের আহমদ চৌধুরী ওরফে খয়রাতি মিয়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে গিয়ে পাকিস্তািন বাহিনীকে এই তথ্য দেয়। ২১ মে পাকিস্তানি বাহিনী পড়ইকোরা ঘেরাও করলে সে তাদের স্বাগত জানায়। এ সময় নির্বিচারে গ্রামবাসীর ঘরে আগুন দেওয়া হয়। গুলি ও জবাই করে মারা হয় পুরুষদের। ধর্ষণ করা হয় নারীদের। কেবল তা–ই নয়, হিন্দুদের বাড়ি থেকে লুট করা গরু, ছাগল জবাই করে খয়রাতি মিয়া পাকিস্তানি বাহিনীর জন্য ভোজের আয়োজন করে।
জামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, পড়ইকোরায় কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি এখনো। উল্টো খায়ের আহমদ চৌধুরীর নামে এলাকায় একটি সড়কও হয়েছে। গণহত্যার স্মৃতি ভুলে যাওয়ায় এটা সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।