স্বাধীনতার তিন যুগেও শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে পিছিয়ে আনোয়ারা
স্বাধীনতার তিন যুগ পরও শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় অনেক পিছিয়ে রয়েছে আনোয়ারা। এখানে নেই কোনো গণগ্রন্থাগার, নাট্যমঞ্চ, প্রেক্ষাগৃহ কিংবা বিনোদনের জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা। ফলে শিশু-কিশোর ও তরুণদের মননশীলতার যথাযথ বিকাশ হচ্ছে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগ ও আন্তরিকতার অভাবই এজন্য দায়ী বলে মনে করেন এলাকার লোকজন। স্থানীয় সংস্কৃতিমনস্ক ব্যক্তিরা বলেন, স্বাধীনতার পর থেকেই বিভিন্ন নির্বাচনের সময় প্রার্থীদের মুখে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে কাজ করার আশ্বাস শোনা গেছে। কিন্তু নির্বাচনের পর সেই আশ্বাসের বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই এখানে এসব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আনোয়ারার পাশের উপজেলাগুলোতে সরকারি মহাবিদ্যালয় কিংবা উচ্চবিদ্যালয় রয়েছে। কিন্তু ১১টি ইউনিয়ন ও তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত আনোয়ারা উপজেলায় সরকারি কোনো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে এখানকার শিক্ষার্থীরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো উপযুক্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর নির্বাচনী ওয়াদা ছিল আনোয়ারার অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হবে। এখন আনোয়ারাবাসী চান সেই ওয়াদার বাস্তবায়ন। আনোয়ারায় কোনো গণগ্রন্থাগার না থাকায় বিকেলে বা অবসরে পড়াশোনার কাজ ব্যাহত হচ্ছে শিক্ষার্থী কিংবা সচেতন নাগরিকের। এলাকার দু-একটি সাহিত্য সংগঠন মাঝেমধ্যে সাহিত্য আড্ডার আয়োজন করলেও জায়গার অভাবে তা নিয়মিত করা যায় না।এখানে প্রেক্ষাগৃহ তো দূরের কথা, গড়ে তোলা হয়নি কোনো নাট্যমঞ্চও। ফলে নাটক কিংবা চলচ্চিত্র দেখার জন্য চট্টগ্রাম শহরে কিংবা পার্শ্ববর্তী পটিয়া উপজেলা সদরে যেতে হয় আগ্রহীদের। উপযুক্ত মাঠের অভাবে আনোয়ারায় নিয়মিত খেলাধুলার চর্চা হয় না। কয়েক বছর ধরে আন্তবিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বন্ধ থাকার পরে চলতি বছর উপজেলা চেয়ারম্যান এটি চালুর উদ্যোগ নেন। তবে, তাতেও ব্যাপক অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ উঠে। এতে আবারও ঝিমিয়ে পড়ছে ক্রীড়াঙ্গন। অথচ একসময় আশীষ ভদ্রের মতো কৃতী ফুটবলার জাতীয় দলে আনোয়ারার প্রতিনিধিত্ব করেছিলেন।আনোয়ারা সাহিত্য পরিষদের (আসাপ) সভাপতি এ এইচ এম ফজল আহমদ বলেন, ‘জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগ-সহযোগিতার অভাব এবং সরকারি পর্যায়ে নানা অবহেলার কারণে সাহিত্য ও বিনোদন ক্ষেত্রে আনোয়ারা অনেক পিছিয়ে রয়েছে।’ নারী ভাইস চেয়ারম্যান রেহানা ফেরদৌস চৌধুরী জানান, ‘আমরা পিছিয়ে পড়া আনোয়ারার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। সাহিত্য-সংস্কৃতি-বিনোদনে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করা হবে।’উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান জানান, সাংসদ আখতারুজ্জমান চৌধুরীর সঙ্গে আলোচনা করে একটি মিলনায়তন তৈরির প্রস্তাব উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। তা ছাড়া এখানে একটি অফিসার্স ক্লাব করা হবে। খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম করার ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে।’ সাংসদ আখতারুজ্জমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আনোয়ারায় একটি স্টেডিয়াম করার ব্যাপারে আমি অনেকটাই অগ্রসর হয়েছি। পর্যায়ক্রমে শিক্ষা ও বিনোদন ক্ষেত্রে সমস্যার সমাধানও করা হবে।’