স্বাধীনতার বইমেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি হিলে চট্টগ্রাম একাডেমি আয়োজিত পাঁচ দিনের স্বাধীনতার বইমেলা ও চট্টগ্রাম উৎসব শেষ হলো ২৭ মার্চ। চট্টগ্রামের প্রয়াত মনীষীদের নামে ২৬টি কর্নারে বই বিক্রি ছাড়াও মেলার কর্মসূচিতে ছিল বিষয়ভিত্তিক আলোচনা, স্বরচিত লেখা পাঠ, ছোটদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পাঠকের মুখোমুখি লেখক, জমজমাট নাচ, গান, আবৃত্তি আর মুক্তিযোদ্ধা সম্মাননা। একাডেমি কর্তৃপক্ষ বইমেলাকে সফল বললেও স্থানীয় লেখক-পাঠক ও প্রকাশকদের আছে ভিন্নমত। তাঁদের মতে, এবারের বইমেলা জৌলুস হারিয়ে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। প্রতিদিন বইমেলা মঞ্চে আলো ছড়িয়েছিলেন আলোকিত মানুষেরা। উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক সুব্রত বড়ুয়া। সভাপতিত্ব করেন কবি আবুল মোমেন। তৃতীয় দিন প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। অধ্যাপক মাহবুবুল হকের সভাপতিত্বে ‘গৌরবময় অতীতের আলোকে চট্টগ্রামে সাম্প্রতিক সাহিত্যচর্চা’ বিষয়ে আলোচনা করেন কবি বিশ্বজিত্ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। চতুর্থ দিন বেগম ফাহমিদা আমিনের সভাপতিত্বে আলোচনা করেন জিনাত আজম, অধ্যক্ষ রীতা দত্ত ও ফরিদা ফরহাদ প্রমুখ। সমাপনী দিন সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে আলোচনা করেন কবি আবুল মোমেন, অধ্যাপক ওবায়দুল করিম, অধ্যক্ষ ফজলুল হক, প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ, কবি খুরশীদ আনোয়ার প্রমুখ। এই দিন মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান ও আবু সাঈদ সরদারকে সম্মাননা স্মারক তুলে দেন চিত্রশিল্পী সবিহ উল আলম। সরেজমিনে দেখা গেছে, বইমেলাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় ডিসি হিলে প্রচুর লোকসমাগম হয়েছে। বেশির ভাগ দর্শক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু দর্শকের তুলনায় বই বিক্রি ছিল একেবারেই কম। দায়সারা একটি তোরণ, কিছু স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যানার, বৃষ্টির মৌসুমে স্টলের ছাউনিতে ত্রিপল, শৌচাগারের অব্যবস্থা, যথেষ্ট প্রচার ও নীতিমালা না থাকা, আয়োজকদের মঞ্চ আর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় আশানুরূপ বই বিক্রি হয়নি বলে জানান ঢাকা থেকে আসা প্রকাশনা সংস্থা প্যাপিরাসের মোতাহার হোসেন ও ভাষাচিত্রের সারাজাত সৌম। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তাঁরা বলেন, আগামী কোনো বইমেলায় চট্টগ্রামে আসব কি না ভাবতে হবে। পাঁচ দিনে তাঁরা বিক্রি করেছেন মোট আট হাজার টাকার বই। তবে মোটামুটি বিক্রি হয়েছে বাংলা একাডেমীর স্টলে। বিক্রয়কর্মী মহিবুর রহমান মেলার সমাপনী দিন জানান প্রথম চার দিনে প্রায় ৩৬ হাজার টাকার বই বিক্রি হয়েছে। আদিগন্তের স্টলে ছিল কম পৃষ্ঠার চাররঙা বেশ কিছু ছোটদের বই। প্রতিষ্ঠানের কর্ণধার মোশতাক রায়হান বলেন, ‘মেলায় বই বিক্রি হয় ছুটির দিনে। যদি দুই সপ্তাহব্যাপী মেলা হতো তবে আরও ভালো বিক্রিও হতো।’আমাদের পাঠশালার স্টলে সংসদ সদস্য নুরুল ইসলামের প্রায় সাত হাজার টাকার বই বিক্রি হয়েছে। মেলার সমাপনী দিনে কথা হয় টইটম্বুর সম্পাদক নাওশেবা সবিহ কবিতার সঙ্গে। তিনি শিশু-কিশোরদের সাড়া পেয়ে দারুণ খুশি। বলেন, ‘এটা ঠিক—ঢাকার বইমেলার মতো বিক্রি হয়নি। তবে আমাদের নিজস্ব কিছু প্রকল্প আছে তাই পাঁচ দিনই জমজমাট ছিল আমাদের স্টলটি। এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৬০ জন। গত বছর বৃষ্টির আশঙ্কা দেখে নিজেরা পলিথিনের ব্যবস্থা করেছি। এই মেলা এখানে মিলনমেলায় পরিণত হয়েছে। সবার উচিত চট্টগ্রাম একাডেমিকে সহযোগিতা করা।’প্রতিবছরের মতো এবারও বইমেলায় এসেছিলেন শহীদ নূতনচন্দ্র সিংহের সন্তান প্রফুল্ল রঞ্জন সিংহ। তিনি বলেন, ‘এই মেলায় আমি আসি প্রাণের টানে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন খুবই অর্থবহ। এখানে চট্টগ্রামের কিছু মনীষীর নামে কর্নার দেখি যা অন্য কোথাও দেখা যায় না। তবে মুক্তিযুদ্ধের বেশি দামি বইগুলোতে বেশি ছাড় দিলে ভালো হতো।’সরকারি সিটি কলেজের ছাত্র মো. আসিফ বিল্লাহ বলেন, আসলে অনেক ভালো বই এসেছে মেলায়। তবে হয়তো মাসের শেষদিকে মেলা হওয়ায় অনেকে বই কিনতে পারছেন না। এ সময় আর্থিক টানাটানি চলে চাকরিজীবীদের। আয়োজকেরা বিষয়টি লক্ষ রাখলে ভালো হয়। বিভিন্ন দিন গান করেন আবদুল মান্নান রানা, নাজমুল আবেদিন চৌধুরী, মানস পাল চৌধুরী, কল্পনা লালা, ইকবাল হায়দার, মৃণালিনী চক্রবর্তী প্রমুখ। দলীয় পরিবেশনায় অংশ নেন উদীচী, বোধন, উচ্চারক, প্রমা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, উঠোন কিডস, স্বরলিপি ইত্যাদি।