‘নাটকে দুর্দান্ত অভিনয় করে সুস্মিতা আমাদের তাক লাগিয়ে দিয়েছে।’ সুস্মিতার নাট্যপ্রতিভার এ তথ্য জানা যায় তাঁর সহপাঠী ও জিনের আছর নাটকের নির্দেশক খলিলুর রহমান ফয়সালের কাছে।সুস্মিতার বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ করে আগেই তাঁর সম্পর্কে খানিকটা জানা হয়েছে। এবার সুস্মিতার মুখোমুখি হলে সে জানায়, মঞ্চনাটক ছাড়া ভিজ্যুয়াল নাটক ছায়াচক্র এবং বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় ও নৃত্যের পাশাপাশি সাহিত্যচর্চায় জড়িত রয়েছেন। অসংখ্য কবিতা, গল্প, প্রবন্ধ ও ফিচার লিখেছেন। সাংস্কৃতিক সংগঠক হিসেবে জড়িত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত মৃত্তিকা, কৃষ্ণচূড়া এবং লিও ক্লাবের সঙ্গে।কিন্তু এত সব করে পড়াশোনা কি গোল্লায় যাচ্ছে না?—এ প্রশ্নের উত্তরে সুস্মিতা বললেন, ‘আমি কখনোই ক্লাস মিস করি না। আমার রুটিন হচ্ছে সারা দিন ক্লাস, বিকেলে আড্ডা ও রাতে পড়াশোনা।’ তাঁর কথার রেশ ধরেই পরীক্ষার সর্বশেষ ফলাফল জানতে চাই। সুস্মিতা জানান, তিনি কৃষি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী। এ পর্যন্ত ফলাফলের দিক দিয়ে তাঁর অবস্থান প্রথম শ্রেণীতে দ্বিতীয়। সিজিপিএ ৩ দশমিক ৮৫। ইতিমধ্যে অনার্স শেষ হয়েছে, এখন ফলপ্রত্যাশী।কথায় কথায় সুস্মিতা জানান, তাঁর বাড়ি সিরাজগঞ্জ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। বাবা অবিনাশ চন্দ্র সাহা স্কুলশিক্ষক। মা সুপ্রীতি রানী সাহা গৃহিণী। সুস্মিতা বলেন, ‘পড়াশোনা শেষ করে শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে। কারণ, শিক্ষকতা একটি মহৎ পেশা। যেহেতু আমার বাবা একজন শিক্ষক, তাই তিনিই আমার মধ্যে শিক্ষক হওয়ার স্বপ্ন তৈরি করে দিয়েছেন। এ ছাড়া শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা ও সমাজসংস্কারের কাজে নিজেকে জড়িত রাখতে চাই।’সুস্মিতা একনাগাড়ে বলতে থাকেন, ‘আমি খুব স্বপ্নবাদী মানুষ। আমার মনে হয়, আমি যেকোনো কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। কোনো কিছু পাওয়ার আশায় করি না। ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করি। ভবিষ্যতে সমাজের সব অরাজকতা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি একটা প্রবন্ধে লিখেছিলাম, “জীবনটা কত সুন্দর হওয়ার কথা ছিল, তাই না?।” এ জীবন অনেক সুন্দর— আমি চাই তা আরও সুন্দর হয়ে উঠুক। একজন মানুষের জীবন যত সুন্দর হয়ে উঠবে, সে ততই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারবে। আর সে লক্ষ্যেই নিরন্তর পথ চলতে চাই।’