স্বাবলম্বী হওয়ার স্বপ্ন চাক নারীদের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জুম চাষিরা বছরের বেশ কয়েক মাস কষ্টে থাকেন। সে সময় জুম চাষ বন্ধ থাকায় বেকার দিন কাটাতে হয়। সংসারে অভাব লেগেই থাকে। তবে এই পরিস্থিতি শিগগিরই কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করেন এখানকার বাসিন্দা উসা চাক (২৮)। সংসারের অভাব ঘোচাতে হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এখন স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার।
৬ সেপ্টেম্বর দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক হেডম্যানপাড়ার গৃহবধূ উসা চাকের সঙ্গে কথা হয়। উসা চাকসহ এ পাড়ার নারীরা কয়েকটি বেসরকারি সংস্থার উদ্যোগে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। উসার কথা, ‘এখন হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের ওপর প্রশিক্ষণ নিয়েছি। এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে আমরা স্বাবলম্বী হব। আমরা আর ঘরে বসে সময় নষ্ট করব না।’
গত ১৯ থেকে ২১ আগস্ট চাক হেডম্যানপাড়ার আদিবাসী ৩৭ জন চাক নারী তিন দিনব্যাপী হাঁস-মুরগি ও গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণে অংশ নেন। কেবল এই পাড়া নয়, প্রশিক্ষণ নিয়েছেন উপজেলার উত্তর চাকঢালা গ্রামের আদিবাসী নারীরাও। ২৩ আগস্ট উপজেলার উত্তর চাকঢালা গ্রামে একই ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে আরও ৪০ জন চাক নারী অংশ নেন ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি ও গবাদিপশু লালন-পালনের এই প্রশিক্ষণ দেন। উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘বান্দরবান-ডিপিওডি’ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। চাক নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
নাইক্ষ্যংছড়ি ডিগ্রি কলেজ ছাত্রী প্রিয়াংকা চাক (২০) বলেন, লেখাপড়ার পাশাপাশি তিনিও হাঁস– মুরগির খামার করতে এই প্রশিক্ষণ নিয়েছেন।
বেসরকারি সংস্থা ডিপিওডির পরিচালক ছাগ্য হ্লা চাক ও প্রকল্প সমন্বয়কারী থুই সা চিং মারমা বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ে বসবাসকারী ২২৮ জন চাক নারীকে সাতটি ব্যাচে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন তাঁদের আয় বাড়ানোর কার্যক্রমে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, চাক সম্প্রদায়ের বসবাস নাইক্ষ্যংছড়িতে। নাইক্ষ্যংছড়ি ছাড়া দেশের অন্য কোথাও চাক সম্প্রদায়ের লোকজন বসবাস করেন না। উপজেলার সোনাইছড়ি, চাকঢালাসহ কয়েকটি দুর্গম পাহাড়ি গ্রামে বর্তমানে সাত শয়ের বেশি চাক আদিবাসী মানুষ বসবাস করছেন। তাঁরা জুমচাষের পাশাপাশি হাঁস–মুরগি ও পশু পালনের ওপর প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।