স্বাবলম্বী হওয়ার চেষ্টায় তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে হেনা ও পারভিন মনোযোগ দিয়ে দেখছে কীভাবে বৈদ্যুতিক বাতি স্থাপন করতে হয়, আরেক দিকে সজীব টাইলস কাটছে নিখুঁতভাবে। খুব আনন্দ নিয়ে সে টাইলস কাটছে আর গুনগুন করে গেয়ে চলেছে, ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।’ অন্যদিকে খুব নিবিষ্ট মনে মোবাইল ফোন মেরামতের কাজ শিখছে সালমা আকতার ও কুলসুম আকতার।বড় হয়ে কী করবা? প্রশ্ন শুনে এক চিলতে হাসি খেলে যায় সালমার ঠোঁটের কোণে। বলে, ‘এখান থেকে যে টাকা পাব, তা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের একটা দোকান দেব।’ এরা সবাই থাকে রাজধানীর মিরপুরের পল্লবীর ডি ব্লকের বস্তিতে। কেউই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেনি। কিন্তু তাই বলে কি সারা জীবন অন্ধকারে কেটে যাবে! তাই এরা এসেছে ‘শহরের কর্মজীবী শিশুদের মৌলিক শিক্ষা’ প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ নিতে। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ২০০৪ সালে এই প্রকল্প চালু করেছে। এতে সহায়তা দিচ্ছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। এই প্রকল্পের আওতায় মিরপুর অ্যাগ্রিকালচার ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলে (মটস) শিশু-কিশোরদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মটসের কর্মসূচি কর্মকর্তা সুপ্রিয় হালদার জানান, সব প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতিদিন টিফিন ও যাতায়াত ভাড়া বাবদ ৫০ টাকা করে পায়। ইউনিসেফ এই টাকা দেয়। আর প্রশিক্ষণ শেষে সরকার থেকে প্রতিটি প্রশিক্ষণার্থীকে ১১ হাজার করে টাকা দেওয়া হয়। তিনি আরও জানান, প্রথমে কর্মজীবী শিশুদের ৪৪ মাসের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সারা দেশে পাঁচটি শহরে এ প্রকল্প চালু করেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট শহরের কর্মজীবী শিশুরা এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকে। মটসের পরিচালক আখিলা ডি রোজারিও বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার আলো পায়নি শহরের এমন কর্মজীবী শিশু-কিশোরদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। কারিগরি প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তাদের চাকরি পেতেও সহযোগিতা করা হয়। তিনি আরও বলেন, এ পর্যন্ত ৮০৯ জনের চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে।রোজারিও জানান, এ কার্যক্রমের আওতায় দুটি ব্যাচে ১৩ বছর বা এর চেয়ে বেশি বয়সী শিশুরা প্রশিক্ষণ নিতে পারবে। শিশুদের মোটরসাইকেল মেরামত ও রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত ও স্থাপন, পানির পাইপ মেরামত ও স্থাপন, টাইলস কাটা ও স্থাপন, মোবাইল ফোন মেরামত, সেলাই ও এমব্রয়ডারি ইত্যাদি কাজের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।