স্বাবলম্বী হওয়ার স্বপ্ন মায়ানী কারুপল্লির নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব মায়ানী কারুপল্লি। গ্রামীণ গৃহবধূদের হাতের ছোঁয়ায় এ গ্রামে তৈরি হয় শীতলপাটি, সাধারণ পাটি, বড় আর ছোট চট। মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের প্রায় ৪০টি পরিবারের শতাধিক নারী এভাবেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। স্বামীদের সামান্য রোজগারে সংসার চলে না। তাই পারিবারিক সচ্ছলতা আনতে তাঁরাও কাজে নেমেছেন। পাটি তৈরি ও বিক্রির মাধ্যমে তাঁরা সংসারের চাকা সচল রাখছেন। পূর্ব মায়ানী ছাড়াও সাহেরখালী, ভেসুরা, মুরাদপুর, জোরারগঞ্জ, আবুরহাট, করেরহাট, মিঠাছড়া, শেখটোলা, মিঠানালাসহ মিরসরাইয়ে ৪০টি শীতলপাটির কারুপল্লি রয়েছে। পাটি বোনার কাঁচামাল হিসেবে উপজেলার ১৬টি ইউনিয়নে পুকুরের ধারে ও পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে চাষ করা হয় বেতগাছ।মায়ানী শীতলপাটির কারুপল্লিতে দেখা গেছে, দুই-তিন জন ভাগ হয়ে নানা রঙের বেত দিয়ে তৈরি করছেন বিভিন্ন নকশার পাটি। আবার কেউ অন্যদের নতুন পাটির জো (প্রথমে নমুনা করা) তুলে দিচ্ছেন। পাটিশিল্পী স্বপ্না দেবী জানান, প্রতি শুষ্ক মৌসুমে সারা বছরের জন্য বেতগাছ কিনে রাখা হয়। দা-বটির ওপর ভালো করে ঘঁষে বেতগুলোর সবুজ রং ফেলে দিতে হয়। এরপর সেগুলো সরু করে কেটে দুই তিন ধরনের বেত তুলে রোদে শুকিয়ে নানা রকমের রং মিশিয়ে তা পানিতে সেদ্ধ করে পাটি বোনার জন্য তৈরি করা হয়। তিনি জানান, বড় এক পণ (৮০টা) বেতগাছের দাম ১২০-২৫০ টাকা। এক পণ বেতগাছ দিয়ে পাঁচ হাত লম্বা ও সাড়ে চার হাত প্রস্ত নকশা করা একটি পাটি তৈরি করা সম্ভব। দৈনন্দিন কাজের পর এ ধরনের একটি পাটি বোনার কাজ শেষ করতে একজনের প্রায় আট দিন সময় লাগে। দুই-তিন জন একসঙ্গে বুনলে দুই দিনের মধ্যে একটি পাটির কাজ শেষ করা যায়। নকশা করা একটি বড় মাপের পাটি সর্বোচ্চ এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা বিক্রি করা যায়। স্বপ্না দেবী পাটি বেচে প্রতি মাসে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করেন বলে জানান।কারুশিল্পী দ্বিজন দেবী (৭০) জানান, প্রায় ৫০ বছর ধরে তিনি পাটি, চট তৈরি ও বিক্রি করে আসছেন। পাটি বিক্রির টাকায় পাঁচ ছেলে ও তিন মেয়েকে লালন পালন করেছেন। তার হাতে বোনা একটি পাটি সাত-আট শ টাকা পর্যন্ত বিক্রি হয়। বয়সের ভারে ন্যুব্জ দ্বিজন পাটি বোনার কাজ শিখিয়েছেন তিন মেয়ে ও পাঁচ ছেলের বউকে। তাঁরাও সাংসারিক কাজের পর ব্যস্ত থাকেন পাটি বোনার কাজে। এক প্রশ্নের উত্তরে দ্বিজন বলেন, ‘সরকারি সহায়তা পাওয়া গেলে ভালো হতো, কিন্তু তেমন কোনো সহযোগিতা মেলে না।’শেখটোলা গ্রামের রাবেয়া খাতুন জানান, তাঁর পরিবারের তিন সদস্য পাটি বোনার কাজ করে। তারা প্রতি সপ্তাহে ছয়-সাতটি পাটি বেচেন। প্রতি মাসে পাটি বেচে ১০-১২ হাজার টাকা আয় হয়। স্বপ্না, দ্বিজন, মায়া রানী ও রাবেয়া খাতুনের মতো মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কয়েক শ নারী পাটি বেচে সংসারের খরচ জোগান দিচ্ছেন। তাঁরা নিজেদের অবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার বেকার নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। পাটিশিল্পীরা জানান, মিরসরাইয়ে বাঁশ ও বেতশিল্প বিকাশের অপার সম্ভাবনা রয়েছে, দরকার সরকারি পৃষ্ঠপোষকতা।সরকারি পৃষ্ঠপোষকতা বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেল, সুনির্দিষ্টভাবে উপজেলা পর্যায়ে কোনো দপ্তর পাটি শিল্পের বিকাশে কাজ করে না। তবে সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দীন জানান, তাঁদের কাছ থেকে অনেকেই ঋণ নিয়ে শীতলপাটি বোনার কাজ করেন। কিন্তু সুনির্দিষ্টভাবে শীতলপাটির জন্য কোনো ঋণ কার্যক্রম সমাজসেবা কার্যালয়ের নেই। উপজেলা বিআরডিবির (বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড) প্রকল্প কর্মকর্তা সমীর রঞ্জন সমদ্দার জানান, সরকারিভাবে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়। কিন্তু অভিজ্ঞ প্রশিক্ষকের অভাবে শীতলপাটি বোনার ওপর কোনো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অপ্কার (অর্গানাইজেশন ফর দ্য পুয়র কমিউনিটি অ্যাডভান্সমেন্ট) প্রকল্প ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, অপকার পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার ৩০০ মহিলাকে পাটি বোনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫০০ মহিলা পাটি বোনার জন্য অপকা থেকে ঋণ নিয়ে ভালোভাবে চলছেন। শীতলপাটি বিক্রেতারা জানিয়েছেন বারইয়ারহাট, জোরারগঞ্জ বাজার, করেরহাট, মিঠাছড়া বাজার, আবুতোরাব বাজার, আবুরহাট, বড় দারোগাহাট, শান্তিরহাট পাটি ক্রয়-বিক্রির সবচেয়ে বড় বাজার। সপ্তাহে দুই দিন ভোর পাঁচটা থেকে পাটির হাট বসে। প্রতি মাসে পাটি খাতে প্রায় দেড় কোটি টাকা লেনদেন হয়। বাজার কমিটি সূত্রে জানা গেছে, এসব বাজার থেকে ব্যাপারিরা পাটি তৈরি করে নিয়ে যান ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। আর বিক্রি করেন উচ্চমূল্যে। মিঠাছড়া বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মিরসরাইয়ের শীতলপাটির চাহিদা রয়েছে বলে জানান তিনি।