স্বাভাবিক জীবনে ফেরার লড়াইয়ে আহতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্নাতকোত্তর শ্রেণীর শেষ পরীক্ষা। তাই পূর্ণপ্রস্তুতি নিয়েই যাচ্ছিলাম বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পরীক্ষায় অংশ নিতে। মৌখিক পরীক্ষাটি হয়ে গেলে অতীত হয়ে যেত বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনগুলো। না, এখনো সোনালি অতীতের সঙ্গে আরেকটি দুঃসহ স্মৃতি প্রতিদিন বয়ে বেড়াতে হবে। আর সেটা হচ্ছে শিবিরের সন্ত্রাসীদের বর্বরতা।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রলীগের নেতা রাহাত হোসেনের কণ্ঠে তখন ক্ষোভের আগুন।৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন দা, কিরিচ, ধামা, ছুরি, চাপাতি, রড, পাইপ, হকিস্টিক ও বন্দুক হাতে ছাত্রলীগ ও শিবির-কর্মীরা নেমেছিল ক্যাম্পাসে আধিপত্যের লড়াইয়ে। এতে দুই ছাত্র নিহত হন। প্রক্টরসহ আহত হন অন্তত ৩৫ থেকে ৪০ জন। তাঁদের মধ্যে প্রায় পাঁচ থেকে সাতজনের অবস্থা গুরুতর। তাঁদের একজন রাহাত হোসেন। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে লড়তে হচ্ছে স্বাভাবিক জীবনে ফেরার।ওই দিনের সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম, আবুল কাশেম, পরাগ, জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলম। তাঁরা সবাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কা রয়েছে, তাঁদের অনেকেই আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারবেন না।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবুল হাসনাত সেলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদের চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে। তাঁদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য সাধারণ বেড থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমরা সার্বক্ষণিক আহত ছাত্রদের খোঁজখবর নিচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আহত ছাত্রদের হাসপাতালে দেখতে গিয়েছেন বলে জানা গেছে।আহত ছাত্রদের এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমান ছাত্ররাজনীতিতে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। মেধাবী ছাত্রদের কাঁধে বন্দুক রেখে শিকারে ব্যস্ত অপরাজনীতিতে লিপ্ত ব্যক্তিরা। তাদের রাজনীতি যদি ঠেকানো না যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। পড়তে এসে আক্রান্ত হবে মেধাবী শিক্ষার্থীরা। জানা যায়, সংঘর্ষের দিন রাহাতের স্নাতকোত্তর শ্রেণীর মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাহাত হোসেন বর্ণনা দেন ওইদিনের তাঁর ওপর হামলার ঘটনা।গুরুতর আহত রাহাত বলেন, ‘আমরা ছিলাম সোহরাওয়ার্দী হলের ২৫২ নম্বর কক্ষে। দুপুরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য হলের কক্ষ থেকে বের হচ্ছিলাম তিন বন্ধু। কিন্তু হঠাৎ করে শিবিরের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী এসে আমাদের ওই কক্ষে আটকে রাখে। প্রায় আধ ঘণ্টা আমাদের ওভাবে আটকে রাখে ওই কক্ষে। এর কিছুক্ষণ পর শিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিনজন মুখোশ পরা যুবক ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে কক্ষে প্রবেশ করে। নিচে অপেক্ষা করছিল আরও ১০ থেকে ১২ জন ক্যাডার। এরপর শুরু হয় আক্রমণ।’রাহাতদের ওপর হামলার বিষয়টি উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্রশিবিরের নেতারা সোহরাওয়ার্দী হলের কয়েকটি কক্ষে ধারালো অস্ত্র ও রড দিয়ে ছাত্রলীগের পাঁচ থেকে ছয় কর্মীকে মারাত্মক জখম করে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাত্রলীগ-কর্মী রাহাতের দুহাত ও দুপা মিলে শরীরে ১৩টি জায়গায় হাড়ে ফাটল রয়েছে। উপর্যুপরি রড দিয়ে আঘাত এবং ধারালো চাপাতি দিয়ে কোপনোর কারণেই তাঁর এ অবস্থা। অন্যদিকে সোহরাওয়ার্দী হলের ২৪৫ নম্বর কক্ষে নিয়ে লোহার পেরেক ঠুকে দেওয়া হয় নজরুল ইসলামের পায়ে। পায়ের কয়েকটি হাড়ে ছিদ্র হয়ে যাওয়ায় শঙ্কা রয়েছে তিনি আদৌ হাঁটাচলা করতে পারবেন কিনা। চট্টগ্রামে চিকিৎসা নিশ্চিত করতে না পারায় ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে পরাগকে। লোহার পাইপ দিয়ে পায়ে ক্রমাগত আঘাত করায় থেঁতলে গেছে পরাগের পা। চট্টগ্রাম মেডিকেল কলেজে সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা অর্থোপেডিক হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য পরাগকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।