স্বাভাবিক দৈনন্দিন আহারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের পরে এখন ফিরে আসুন স্বাভাবিক খাবারে। মডেল: আইরিন, ছবি: অধুনা
ঈদের পরে এখন ফিরে আসুন স্বাভাবিক খাবারে। মডেল: আইরিন, ছবি: অধুনা

পবিত্র মাস রমজানের শেষে আসে খুশির ঈদ। উৎসবে মেতে ওঠে সবাই। ঘরে শুরু হয় নানা রকম খাবারের বাহারি আয়োজন। পরিবারের সবাই খাবে শুধু তা-ই নয়; বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে খাওয়ানো, তাদের দাওয়াতে অংশ নেওয়া—ভূরিভোজন অনিবার্য। সকালে কেবল সেমাই, পায়েস, ফিরনিই নয়, শুষ্ক ফল ও বাদামের প্রাচুর্যে যে ফিরনি তা অপূর্ব। মুরগি, খাসি ও গরুর মাংস। সবজি সেদিন উৎসবে প্রবেশ করে না তেমন। গ্রিল চিকেন, খাসির টিক্কা, প্যাটিস, শিক কাবাব বিশেষ উপহার। সঙ্গে তন্দুরি রুটি, নান, পরোটা আছেই। পোলাও, চিকেন বা মাটন বিরিয়ানি থাকবে অবশ্যই। শেষে ডেজার্ট—রসগোল্লা, ক্ষীর, ফিরনি, রাবড়ি।
উৎসব তো শেষ হলো। রোজা আর ঈদের পর স্বাভাবিক আহারের অভ্যাসে ফিরে যাওয়া একটি চ্যালেঞ্জ তো বটেই। অনেক সময় অনেকের পেটে ব্যথা, অম্লঢেকুর, ওজনের বাড়া-কম, বুকজ্বলা, গ্যাস্ট্রাইটিস এসবও হয়। ঈদে অতিভোজন, আগে উপবাস যাপনের দিনগুলো সবকিছুর সঙ্গে পরে নিজেকে মানিয়ে স্বাভাবিক দৈনন্দিন আহারে প্রত্যাবর্তন একটু কঠিন হতে পারে কারও কারও জন্য। কেউ ক্লান্ত বোধ করেন। ঘুমেরও সমস্যা হয়। এ জন্য আছে পরামর্শ, সমস্যা উতরে যাওয়ার জন্য।

.
.

* সকালে নামাজের আগে কয়েকটি বাদাম ও শুষ্ক ফল খেয়ে নিলে ভালো।
* প্রথম প্রথম প্রাতঃরাশ যেন হয় হালকা ও সহজপাচ্য, অন্তত ঈদের পর প্রথম কয়েক দিন। যেমন চিড়া-দধি, কলা বা ওটমিল ও কলা। রুটির টোস্ট, লো ফ্যাট দুধ, ডিমের পোচ।
* সাহরি ও ইফতারের আহারের সময় ধীরে ধীরে বদলে স্বাভাবিক দৈনন্দিন মিল টাইমে ফিরে আসতে হবে।
* দিনের বড় খাবার যেমন মধ্যাহ্ন ও নৈশ আহারের মাঝে দুটো স্ন্যাকস আহার, ফল, বাদাম, ঘোল, এসব খাওয়া যায়।
* প্রতি বেলার খাবারে যেন অতিভোজন না হয়। খাবার অল্প খেলে ভালো, পেট যেন বেশি না ভরে। তাহলে অম্ল ও বদহজম এড়ানো যাবে।
* সারা দিন ক্যালরি গ্রহণ সীমিত রাখতে হবে। মিষ্টি, মিঠাই, সুইট ডিশ ঈদে অনেক খাওয়া হয়, এরপরও তার রেশ থাকে তখন লো ফ্যাট বা মেদহীন দুধ দিয়ে ডেজার্ট তৈরি করে অল্প খাওয়া যায়। চিনির বদলে খেজুর বা মধু যোগ করা যেতে পারে। এদের ক্যালরি মান উন্নত, স্বাদও বেশি।

ঈদে ধুম ধাড়াক্কা খাবারের আতিশয্য থাকলেও সে সময় একে যত বেশি স্বাস্থ্যকর ও স্বাদু করা যায়, তেমন সতর্কতা নিলে ভালো। উৎসব নানাভাবে উপভোগ করা যায়। স্বাস্থ্যকর উপায়েও একে উপভোগ করা যায়। কেন একে বেশি বেশি সমৃদ্ধ করা, ‘অতিশয়’ না করে ‘মহাশয়’ করলে অনেক ভালো। তাহলে পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা হবে অনেক সুগম ও সরল।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা