স্বাভাবিক হয়ে আসছে পণ্য পরিবহন ভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাভাবিক হয়ে আসছে  পণ্য পরিবহন ভাড়া
স্বাভাবিক হয়ে আসছে পণ্য পরিবহন ভাড়া

টানা অবরোধ স্থগিত হওয়ার পর স্বাভাবিক হয়ে আসছে পণ্য পরিবহন ভাড়া। এক সপ্তাহ ধরেই বাড়তি ভাড়ার চাপ নেই ব্যবসায়ীদের ওপর। অবরোধ চলাকালে পুলিশি পাহারায় পণ্য আনা-নেওয়ার পদক্ষেপের কারণেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, ব্যবসায়ীদের অনুরোধে স্থানীয় ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পণ্য পরিবহনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশি পাহারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে পণ্য পরিবহন বাড়তে থাকে। এতে করে বন্দর ও বেসরকারি ডিপোগুলোতে পণ্যজটের যে শঙ্কা ছিল, বাস্তবে তার চেয়ে কম হয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘পণ্য পরিবহনের জন্য আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। সরকার আমাদের প্রস্তাবে সাড়া দিয়েছিল। ফলে অবরোধ শেষ হতেই খুব দ্রুত পণ্য আনা-নেওয়া ও ভাড়ার বিষয়টি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’
একই কথা বললেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহম্মেদও। তিনি বলেন, সরকারের নজরদারির সঙ্গে প্রশাসন ও চেম্বারের আন্তরিকতার কারণে এ সংকট কাটাতে সময় লাগেনি। তা না হলে আগামী তিন মাসেও পরিস্থিতি স্বাভাবিক হতো কি না সন্দেহ আছে।
গাড়ি মালিক এবং গাড়ি ভাড়ার মধ্যস্থতাকারী পরিবহন ব্যবসায়ীদের সংগঠন ‘আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি’র হিসাব মতে, প্রতিদিন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন এলাকায় পাঁচ থেকে ছয় হাজার পণ্যবাহী গাড়ি চলাচল করে। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় আসা-যাওয়া করে গড়ে চার হাজার পণ্যবাহী গাড়ি।
জানা গেছে, স্বাভাবিক সময়ে হরতাল সহিংসতায় গত বছরের এপ্রিল থেকেই অস্থির হতে শুরু করে পণ্যবাহী পরিবহনের ভাড়া। অক্টোবরের শেষ থেকে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি সহিংস রূপ ধারণ করায় পণ্য পরিবহন প্রায় স্থবির হয়ে পড়ে। পরিবহন মালিকদের বেশির ভাগই রাস্তায় গাড়ি বের করতে অপারগতা প্রকাশ করে। তবে যাঁরা ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ি বের করেছেন তাঁদের দিতে হয়েছে দুই থেকে তিন গুণ বেশি টাকা।
গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে ঢাকায় যেতে ১০ টনের ওপর পণ্য পরিবহনের জন্য ট্রাক ভাড়া ছিল ১৬ থেকে ১৭ হাজার টাকা।
দুই সপ্তাহ আগেও এ ভাড়া গুনতে হতো প্রায় ২৭ থেকে ৩০ হাজার টাকা। পণ্যভর্তি কনটেইনার পরিবহনের ট্রেইলারের ভাড়া নেমে এসেছে ৪০ হাজার টাকায়। অবরোধের সময় এসব গাড়ির ভাড়া ৫৫ থেকে ৬০ হাজার টাকায় ওঠারও নজির রয়েছে। আবার ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামে রপ্তানি পণ্য পরিবহনে নয় থেকে ১২ হাজারের ভাড়া এক লাখ টাকায় উঠেছিল। এখন তা নেমে এসেছে নয় থেকে ১২ হাজার টাকায়।
সমিতির সভাপতি মনির আহমদ প্রথম আলোকে জানান, পরিবহন ভাড়া প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। কোথাও কোথাও দুই-তিন হাজার টাকার বেশি নেওয়া হতে পারে। তবে এটি অস্বাভাবিক নয়। আগামী সপ্তাহ নাগাদ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে পরিবহন খরচ।